Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: বৃহস্পতিবার সন্ধ্যায় অফিস ফেরার ব্যস্ত সময়ে ফের মেট্রো বিভ্রাটের মুখে পড়ল কলকাতা (Kolkata Metro)। শহরের অন্যতম গুরুত্বপূর্ণ স্টেশন পার্ক স্ট্রিটে আচমকাই দাঁড়িয়ে পড়ে একটি মেট্রো। যান্ত্রিক ত্রুটির জেরে আচমকা পরিষেবা ব্যাহত হওয়ায় চরম দুর্ভোগে পড়েন নিত্যযাত্রী থেকে শুরু করে সাধারণ যাত্রীরা। ব্যস্ত সময়ে মেট্রো পরিষেবায় এমন বিপর্যয় স্বাভাবিকভাবেই বাড়িয়ে দেয় যাত্রী দুর্ভোগ।
পার্ক স্ট্রিটে আচমকাই থমকে গেল মেট্রো (Kolkata Metro)
মেট্রো কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় শহিদ ক্ষুদিরামগামী একটি মেট্রোয় আচমকা যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। ফলে পার্ক স্ট্রিট স্টেশনের কাছে ট্রেনটি দাঁড়িয়ে যায়। পরিস্থিতি সামাল দিতে কিছুক্ষণের মধ্যেই ওই মেট্রোর যাত্রীদের নামিয়ে দেওয়া হয়। আচমকা ট্রেন থেকে নেমে পড়তে হওয়ায় সমস্যায় পড়েন বহু যাত্রী।
মাঝের অংশে বন্ধ পরিষেবা (Kolkata Metro)
বিভ্রাটের জেরে আপাতত ব্লু লাইনে আংশিক পরিষেবা চালু রাখা হয়। সেন্ট্রাল থেকে দক্ষিণেশ্বর এবং মহানায়ক উত্তমকুমার অর্থাৎ টালিগঞ্জ থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত মেট্রো চলাচল করছে। তবে এই দুই অংশের মাঝের এলাকায় মেট্রো পরিষেবা বন্ধ রয়েছে। ফলে যাত্রীদের গন্তব্যে পৌঁছতে বিকল্প পথ বেছে নিতে হচ্ছে।
অফিস ফেরত যাত্রীদের চরম দুর্ভোগ (Kolkata Metro)
সন্ধ্যার ব্যস্ত সময়ে এই বিপর্যয়ের ফলে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন অফিস ফেরত যাত্রীরা। প্রতিদিনের মতো দ্রুত গন্তব্যে পৌঁছনোর জন্য মেট্রোর উপর নির্ভরশীল বহু মানুষকে বাধ্য হয়ে বাস, অটো কিংবা অন্যান্য গণপরিবহণের দিকে ছুটতে হয়েছে। কিন্তু একই সময়ে অন্যান্য পরিবহণেও যাত্রীদের ব্যাপক চাপ থাকায় তৈরি হয়েছে অতিরিক্ত ভিড়।
আরও পড়ুন: Nepal Flash Flood: হিমবাহ ধসেই কি নেপালে ভয়াবহ বন্যা? কী বলছেন ভূবিজ্ঞানীরা?
দ্রুত পরিষেবা স্বাভাবিকের আশ্বাস
মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, যত দ্রুত সম্ভব পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে। তবে কখন সম্পূর্ণ পরিষেবা স্বাভাবিক হবে, তা নিয়ে যাত্রীদের মধ্যে উদ্বেগ রয়েছে। ব্যস্ত সময়ে বারবার মেট্রো বিভ্রাটের ঘটনা নিত্যযাত্রীদের কাছে নতুন করে দুর্ভোগের কারণ হয়ে উঠছে। এখন দ্রুত ত্রুটি মেরামত করে সম্পূর্ণ পরিষেবা স্বাভাবিক করাই কর্তৃপক্ষের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।



