Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: আইএফএ আয়োজিত ঘরোয়া লিগের ডার্বি নিয়ে জটিলতা কাটছে না (CFL Derby)। প্রথমে ২৯ আগস্ট বারাসত স্টেডিয়ামে ম্যাচটি হওয়ার কথা থাকলেও, ডুরান্ড ফাইনালে কলকাতার দুই প্রধানের মুখোমুখি হওয়ার কারণে তা পিছিয়ে ৫ সেপ্টেম্বর করার পরিকল্পনা করা হয়েছিল। তবে পুলিশের অনুমতি না পাওয়ায় ওই দিন আর ম্যাচটি হচ্ছে না। বর্তমান পরিস্থিতি অনুযায়ী, ম্যাচটি এক দিন পিছিয়ে আগামী ৬ সেপ্টেম্বর আয়োজনের ভাবনা রয়েছে।
ফ্লাড লাইট নিয়ে প্রশাসনিক সমস্যা (CFL Derby)
আইএফএ চাইছে বিকেল চারটের পর বা নৈশালোকে ডার্বি আয়োজন করতে। কিন্তু ফ্লাড লাইট ব্যবহারের জন্য এখনও পুরদপ্তরের প্রয়োজনীয় অনুমতি পাওয়া যায়নি। এই বিষয়ে সোমবার বারাসত স্টেডিয়াম ও পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত। তার পরেই ম্যাচটির চূড়ান্ত দিনক্ষণ ও সময় ঘোষণা করা হবে বলে জানিয়েছেন তিনি।
জন্মাষ্টমীর ভিড়ই বড় কারণ (CFL Derby)
আগামী ৪ সেপ্টেম্বর জন্মাষ্টমী উপলক্ষে বারাসতের পাশ দিয়ে চাকলা ও কচুয়া ধামে লোকনাথ বাবার মন্দিরে প্রচুর পুণ্যার্থী যাতায়াত করেন। পরের দিনও উৎসবের রেশ বজায় থাকায় পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা পাওয়া নিয়ে সমস্যা তৈরি হয়েছে। ঘরোয়া লিগের গ্রুপ পর্ব প্রায় শেষের পথে হওয়ায় ম্যাচটি নির্দিষ্ট সময়ে শেষ করা নিয়ে আইএফএ-র উপর চাপ ক্রমেই বাড়ছে।
মোহনবাগানের পাখির চোখ লিগের ডার্বি (CFL Derby)
ডুরান্ড কাপের ফাইনালে হারের পর ঘরোয়া লিগের ডার্বিকে ঘুরে দাঁড়ানোর বড় সুযোগ হিসেবে দেখছে মোহনবাগান। এই ম্যাচে সবুজ-মেরুন জার্সিতে একাধিক সিনিয়র দলের ফুটবলারকে নামাতে পারে ম্যানেজমেন্ট। এর আগে ঘরোয়া লিগে মনবীর ও সাহালদের মতো ফুটবলারদের মাঠে নামতেও দেখা গিয়েছে।
সিনিয়র ফুটবলারদের খেলানোর পরিকল্পনা ইস্টবেঙ্গলের (CFL Derby)
শুধু মোহনবাগান নয়, ইস্টবেঙ্গল কোচ অর্চিষ্মান বিশ্বাসও ডার্বি ম্যাচে দলের জন্য সিনিয়র ফুটবলারদের সার্ভিস পেতে আগ্রহী (CFL Derby)। দুই শিবির থেকেই যদি অভিজ্ঞ ফুটবলারদের মাঠে নামানো হয়, তবে ঐতিহ্যবাহী এই লড়াইয়ের উন্মাদনা যে বহু গুণে বেড়ে যাবে, তা বলাই বাহুল্য। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত আসার পর স্পষ্ট হবে কবে মাঠে গড়াবে এই হাইভোল্টেজ ম্যাচ।



