Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: ভারতীয় ক্রিকেটে এখন রদবদলের হাওয়া (Ramesh Powar)। একদিকে জাতীয় দলের প্রধান নির্বাচক অজিত আগরকরের ভবিষ্যৎ নিয়ে নানা গুঞ্জন শুরু হয়েছে, অন্যদিকে জুনিয়র দলের নির্বাচক কমিটিকেও নতুন করে সাজাতে চলেছে বিসিসিআই। এই সব জল্পনার আবহেই জুনিয়র নির্বাচক কমিটির প্রধান হিসেবে উঠে আসছে ভারতীয় দলের প্রাক্তন অফস্পিনার রমেশ পওয়ারের নাম। তবে এই পদের দৌড়ে থাকার মাঝেই এক নতুন ভূমিকায় দেখা গেল তাঁকে।
অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ দলের কোচ (Ramesh Powar)
বিসিসিআই-এর জুনিয়র নির্বাচক হওয়ার সম্ভাবনার মাঝেই অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ দলের স্পিন পরামর্শদাতা হিসেবে কাজ শুরু করেছেন রমেশ পওয়ার। শনিবারই অস্ট্রেলিয়া শিবিরে যোগ দেন তিনি এবং রবিবার রাজকোটের নিরঞ্জন শাহ স্টেডিয়ামে অজির তরুণ স্পিনারদের সঙ্গে অনুশীলনে নিবিড়ভাবে কাজ করতে দেখা যায় তাঁকে। পওয়ার জানান, ক্রিকেট অস্ট্রেলিয়া কয়েক মাস আগেই তাঁকে এই প্রস্তাব দিয়েছিল এবং পূর্বেও অস্ট্রেলীয় স্পিনারদের কোচিং করানোর অভিজ্ঞতার কারণে তরুণদের সাহায্য করার বিষয়টি তাঁর জন্য সহজ ছিল। ভারতের বিরুদ্ধে প্রথম যুব ওয়ানডেতে ৭ রানে জিতেছিল ভারত। এই সিরিজের শেষ যুব ওয়ানডে পর্যন্ত তিনি অজি শিবিরের সঙ্গেই থাকবেন।
জুনিয়র নির্বাচক নির্বাচন (Ramesh Powar)
বিসিসিআই-এর জুনিয়র নির্বাচক পদে ইতিমধ্যে আবেদন জানিয়েছেন রমেশ পওয়ার। তবে এখনও পর্যন্ত তাঁর সাক্ষাৎকার নেওয়া হয়নি। বোর্ডের বার্ষিক সাধারণ সভার পর সচিব দেবজিৎ সাইকিয়া নিশ্চিত করেছেন যে, আবেদনকারীদের প্রাথমিক বাছাইয়ের কাজ বর্তমানে চলছে। আগামী ১৫ দিনের মধ্যে ক্রিকেট অ্যাডভাইজারি কমিটি সাক্ষাৎকার পর্ব সম্পন্ন করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে এবং এই প্রক্রিয়ার মাধ্যমেই নতুন জুনিয়র নির্বাচক কমিটিতে মোট ৫টি পদ পূরণ করা হবে।
জুনিয়র নির্বাচকদের মূল দায়িত্ব (Ramesh Powar)
নতুন নির্বাচকদের কাজের পরিধি শুধুমাত্র সাধারণ দল নির্বাচনের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। কোচিং শিবির থেকে শুরু করে ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট—সব ক্ষেত্রেই বয়সভিত্তিক ভারতীয় দল বেছে নেওয়ার মূল দায়িত্ব থাকবে তাঁদের কাঁধে। এর পাশাপাশি দেশজুড়ে প্রতিভাবান ক্রিকেটারদের চিহ্নিত করে একটি শক্তিশালী পুল তৈরি করা এবং ঘরোয়া ও আন্তর্জাতিক ম্যাচ পর্যবেক্ষণ করে কোন ক্রিকেটারকে কীভাবে কোচিং শিবির বা মূল দলে সুযোগ দেওয়া যায়, তার সঠিক বিশ্লেষণ করাও তাঁদের কাজ হবে। শুধুমাত্র খেলোয়াড় নির্বাচনই নয়, জুনিয়র ক্রিকেটারদের জন্য বিভিন্ন প্রতিযোগিতা আয়োজন থেকে শুরু করে বিদেশ সফরের ব্যবস্থার তত্ত্বাবধানও করবেন তাঁরা।
আরও পড়ুন: India-Pakaistan: ক্রিকেটে দুরত্ব, এশিয়ান গেমসে বন্ধুত্ব, হাত মেলালেন ভারত-পাকিস্তানের খেলোয়াড়রা
অভিজ্ঞতাই এগিয়ে রাখছে পওয়ারকে (Ramesh Powar)
জুনিয়র নির্বাচন কমিটির শীর্ষ পদের জন্য পওয়ারের সমৃদ্ধ অভিজ্ঞতা তাঁকে অন্যান্যদের থেকে অনেকটাই এগিয়ে রাখছে (Ramesh Powar)। ভারতের হয়ে ২টি টেস্ট ও ৩১টি ওয়ানডে খেলা এই প্রাক্তন ক্রিকেটার ২০২১ সালে মুম্বইকে বিজয় হাজারে ট্রফি এনে দিয়েছিলেন এবং গত তিন মরশুম তিনি গুজরাটের কোচের দায়িত্বে ছিলেন। এছাড়া দু’দফায় ভারতীয় মহিলা দলের প্রধান কোচের দায়িত্ব সামলানোর পাশাপাশি জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে ভিভিএস লক্ষ্মণের অধীনে বোলিং কোচ হিসেবে কাজ করার অভিজ্ঞতাও তাঁর রয়েছে। সব মিলিয়ে বিসিসিআই-এর চূড়ান্ত সিদ্ধান্তে রমেশ পওয়ারই ভারতীয় জুনিয়র ক্রিকেটের নতুন দায়িত্বে আসেন কি না, এখন সেটাই দেখার।



