Last Updated on [modified_date_only] by Tania Rakshit
আসন্ন ৩ অক্টোবর পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিরুদ্ধে ঐতিহাসিক প্রীতি ম্যাচে মুখোমুখি হতে চলেছে ভারতীয় দল (India vs Brazil AIFF)। কেবল ব্রাজিলই নয়, পানামা এবং উরুগুয়ের মতো শক্তিশালী দলের বিরুদ্ধেও প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনা রয়েছে ‘ব্লু টাইগার্স’-এর। তবে এই মেগা ম্যাচগুলির আয়োজন নিয়ে ভারতীয় ফুটবলে উত্তাপ ও আর্থিক অস্বচ্ছতা ক্রমেই বাড়ছে।
ফেডারেশনের আর্থিক অবস্থা (India vs Brazil AIFF)
সংবাদসংস্থা ‘খেল নাও’-এর সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের কাছে বর্তমানে মোট ৫৫.৩৩ কোটি টাকার তহবিল রয়েছে। এর মধ্যে ২৮ মার্চ পর্যন্ত অপারেটিং অ্যাকাউন্টে রয়েছে ১১.২৫ কোটি টাকা, ফিফা এবং এএফসি-র বিশেষ প্রকল্পের জন্য বরাদ্দ ২২.৪৫ কোটি টাকা এবং ফিক্সড ডিপোজিট বা বন্ডে রয়েছে ২১.৬৩ কোটি টাকা। কিন্তু দৈনন্দিন কাজ চালানোর মতো তরল অর্থ বা ক্যাশ ফ্লো মাত্র ১১.২৫ কোটি টাকা।
বিপুল ব্যয়ের বোঝা বনাম আয়ের ঘাটতি (India vs Brazil AIFF)
কলকাতায় একা ব্রাজিল ম্যাচটি আয়োজন করতেই আনুমানিক ৬০ থেকে ৭০ কোটি টাকা খরচ হতে পারে। ফেডারেশনের মোট সঞ্চিত অর্থ দিয়েও যা মেটানো কঠিন। এর ওপর গত ৮ ডিসেম্বর এফএসডিএলের সঙ্গে এআইএফএফের ১৫ বছরের প্রায় ৭০০ কোটি টাকার মাস্টার রাইটস চুক্তি শেষ হয়েছে। নতুন চুক্তি না হওয়ায় প্রতি বছর পাওয়া প্রায় ৫০ কোটি টাকার বার্ষিক আয়ও বন্ধ রয়েছে। নতুন ফ্র্যাঞ্চাইজি মডেলে ১৩টি আইএসএল ক্লাব থেকে বছরে মাত্র ১৪.৩ কোটি টাকা পার্টিসিপেশন ফি মিলবে, যা আগের তুলনায় অনেক কম। পাশাপাশি, আসিয়ান কাপ থেকে ভারতের নাম প্রত্যাহার করে নেওয়ায় ভ্রমণ ও অন্যান্য খরচ বাবদ ফিফার আর্থিক সুবিধাও হাতছাড়া হয়েছে।
আরও পড়ুন: Power Lifter: নিজের থেকে বেশি ওজন তুলে ভাইরাল বাংলার কেয়ার
কনফিডেনশিয়ালিটি ক্লজ (India vs Brazil AIFF)
ব্রাজিল ম্যাচের এত বিপুল খরচ কোথা থেকে উঠবে, তা নিয়ে প্রশ্ন উঠলে ফেডারেশনের এক শীর্ষ কর্তা চুক্তির গোপনীয়তার শর্ত বা ‘কনফিডেনশিয়ালিটি ক্লজ’-এর কথা উল্লেখ করেছেন (India vs Brazil AIFF)। তাঁর দাবি, চুক্তির আর্থিক দিক প্রকাশ করা সম্ভব নয়। তবে ২১.৬৩ কোটি টাকার ফিক্সড ডিপোজিট ভাঙা হয়নি বলেও জানানো হয়েছে। এমতাবস্থায় রাজ্য সরকারের সাহায্য, টিকিট বিক্রি নাকি অন্য কোনো স্পনসরশিপের মাধ্যমে এই বিপুল ব্যয়ের ভার সামলানো হবে, সে বিষয়ে এখনও কোনও স্পষ্ট উত্তর মেলেনি।



