Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: মা দুর্গার হাতে ১০টি অস্ত্র-এই পরিচিত (Maa Durga) ছবিই বাঙালির দুর্গাপুজোর সঙ্গে সবচেয়ে বেশি জড়িয়ে রয়েছে। কিন্তু সাম্প্রতিক একটি সরকারি বিজ্ঞাপনে ১১ হাতের দুর্গার ছবি প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে বিতর্ক। সেই সূত্রেই সামনে এসেছে আরও একটি প্রশ্ন-শাস্ত্র ও ইতিহাসে দুর্গার হাতের সংখ্যা কি সত্যিই নির্দিষ্ট?
হাতের সংখ্যা একেবারেই এক নয় (Maa Durga)
পুরাণ ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন বলছে, দুর্গার হাতের (Maa Durga) সংখ্যা একেবারেই এক নয়। ‘দেবীমাহাত্ম্য’-তে অষ্টভুজা, দশভুজা এবং অষ্টাদশভুজা-বিভিন্ন রূপের উল্লেখ রয়েছে। এমনকী দেবীকে সহস্র বাহুতেও কল্পনা করা হয়েছে। অর্থাৎ নির্দিষ্ট একটি সংখ্যাকে দুর্গার একমাত্র স্বীকৃত রূপ হিসেবে দেখার সুযোগ নেই।
দেবীর রূপ নিয়েও রয়েছে ভিন্নতা (Maa Durga)
মহিষাসুর বধের সঙ্গে যুক্ত দেবীর রূপ নিয়েও রয়েছে ভিন্নতা। প্রচলিত বাংলার প্রতিমায় তিনি দশভুজা হলেও শাস্ত্রীয় বর্ণনায় মহিষাসুরমর্দিনীর আঠারো হাতের রূপের উল্লেখ পাওয়া যায়। প্রত্নতাত্ত্বিক গবেষণাতেও মিলেছে নানা সংখ্যার হাতযুক্ত দেবীমূর্তি-চার থেকে শুরু করে ৩২ হাত পর্যন্ত। তবে তিন, পাঁচ, সাত কিংবা এগারো হাতের দুর্গার নিদর্শন এখনও পাওয়া যায়নি।
শক্তির দৃশ্যমান প্রতীক
বিশেষজ্ঞদের মতে, হাতের সংখ্যা মূলত প্রতীকী। একাধিক হাত মানে একাধিক অস্ত্র, আর সেই অস্ত্র দেবীর অসীম শক্তিরই প্রকাশ। দেবতাদের সম্মিলিত শক্তি যখন এক নারীমূর্তিতে প্রকাশ পেয়েছিল, তখন বহু হাত হয়ে উঠেছিল সেই শক্তির দৃশ্যমান প্রতীক।


