Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: পলাশ সিংহ: মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা উপনির্বাচনকে ঘিরে রাজনৈতিক উত্তেজনার মধ্যেই শক্তিপুর থানার সামনে ধর্নায় বসলেন ‘আম জনতা উন্নয়ন পার্টি’র চেয়ারম্যান তথা নওদার বিধায়ক হুমায়ুন কবীর (Humayun Kabir)। দলের কর্মী-সমর্থকদের বিরুদ্ধে পুলিশ ‘মিথ্যা মামলা’ দিচ্ছে এবং অকারণে ভয় দেখিয়ে হয়রানি করছে, এই অভিযোগ তুলে শনিবার বিকেল চারটে থেকে থানার চত্বরে অবস্থান শুরু করেন তিনি। রাতভর ধর্নায় থাকার পর রবিবার দুপুর ১২টা পর্যন্ত অবস্থান চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন হুমায়ুন।
থানায় ঢুকতে বাধা, গেটের সামনেই ধর্না (Humayun Kabir)
হুমায়ুনের ছেলে তথা রেজিনগর উপনির্বাচনে দলের প্রার্থী গোলাম নবী আজাদ-সহ বেশ কয়েকজন কর্মী-সমর্থক সন্ধ্যার পর থানায় পৌঁছলেও তাঁদের ভিতরে ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ। অন্যদিকে, হুমায়ুন থানার ভিতরে প্রবেশ করে একটি গাছের নীচে চাতালের উপর বসে ধর্না শুরু করেন।

তবে রাত ন’টা নাগাদ খাবার ও ওষুধ খেতে থানার বাইরে বেরোনোর পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয় বলে দাবি তাঁর। অভিযোগ, এরপর থানার মূল ফটক বন্ধ করে দেওয়া হয়। বহুবার ডাকাডাকি করেও দরজা না খোলায় শেষ পর্যন্ত থানার গেটের সামনেই বসে পড়েন তিনি।
‘থানা তৈরিতে টাকা দিয়েছিলাম’ (Humayun Kabir)
শক্তিপুর থানার সামনে দাঁড়িয়ে হুমায়ুন কবীর দাবি করেন, তৃণমূল আমলে মন্ত্রী থাকাকালীন তাঁর উদ্যোগেই এই থানা তৈরি হয়েছিল। এমনকী থানা তৈরিতে তিনি ব্যক্তিগতভাবে অর্থও দিয়েছিলেন বলে দাবি করেন তিনি। সেই থানার পুলিশের বিরুদ্ধেই বর্তমানে দলের কর্মীদের উপর অত্যাচারের অভিযোগ তুলে সরব হয়েছেন বিধায়ক।
গোবর লেপে দেওয়ার অভিযোগ ঘিরে বিতর্ক (Humayun Kabir)
হুমায়ুন থানায় পৌঁছনোর আগেই থানার প্রবেশপথ এবং সংলগ্ন কালভার্টের বসার জায়গায় কেউ বা কারা গোবর লেপে দিয়েছিল বলেও অভিযোগ উঠেছে। ফলে মূল প্রবেশপথের সামনে ধর্নায় বসতে পারেননি তিনি ও তাঁর সমর্থকেরা। ঘটনাটিকে কেন্দ্র করে নতুন করে তৈরি হয়েছে রাজনৈতিক বিতর্ক।
পুলিশের বিরুদ্ধে একের পর এক অভিযোগ (Humayun Kabir)
হুমায়ুনের অভিযোগ, রেজিনগর উপনির্বাচনের দিন ঘোষণার আগেই তাঁর দলের কর্মীদের পুলিশ অকারণে ভয় দেখাচ্ছে এবং মিথ্যা মামলায় গ্রেপ্তার করছে। রাতের অন্ধকারে কর্মীদের বাড়িতে গিয়ে হুমকি দেওয়ার অভিযোগও তুলেছেন তিনি। আবু শেখ ও নাসিম নামে দুই কর্মীর বাড়িতে পুলিশ গিয়ে ভয় দেখিয়েছে বলেও দাবি তাঁর।
আরও পড়ুন: Jeetu Kamal: বিতর্কের মাঝেই ‘বিগ বস’-এ জীতু কমল!
‘বারোটা পর্যন্ত ধর্না, তারপর রেজিনগর’
শক্তিপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা না নেওয়া হলে দুপুর ১২টা পর্যন্ত অবস্থান চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন হুমায়ুন। এরপর রেজিনগর থানায় গিয়ে অবস্থানের পাশাপাশি নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানানোর কথাও বলেছেন। প্রয়োজনে হাজার হাজার মানুষকে নিয়ে শক্তিপুর থানার সামনে ব্যারিকেড করে বসার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।



