Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: দোরগোড়ায় উৎসব। রাত পোহালেই গণেশ চতুর্থী। পুজো-পার্বণের আবহে যখন শহর থেকে মফস্সল—সর্বত্র উৎসবের প্রস্তুতি তুঙ্গে, তখনই খাবারপ্রেমীদের জন্য বড় খবর সামনে আনল জোম্যাটো। এবার ক্যাশ অন ডেলিভারিতে খাবার অর্ডার করলে গ্রাহকদের দিতে হতে পারে অতিরিক্ত মাসুল। ফলে উৎসবের দিনে বাড়িতে বসে পছন্দের খাবার অর্ডার করার খরচ আরও কিছুটা বাড়তে চলেছে (Zomato)।

ক্যাশ অন ডেলিভারিতে কত টাকা বাড়তি? (Zomato)
শনিবার জোম্যাটোর তরফে এই নতুন চার্জের কথা জানানো হলেও নির্দিষ্টভাবে কত টাকা অতিরিক্ত নেওয়া হবে, তা সংস্থার পক্ষ থেকে স্পষ্ট করা হয়নি। তবে বিভিন্ন গ্রাহকের অভিজ্ঞতা অনুযায়ী, অর্ডারের মোট বিলের পরিমাণের উপর ভিত্তি করে এই অতিরিক্ত মাসুল নির্ধারিত হতে পারে। কোথাও ৫ টাকা থেকে ২০ টাকা পর্যন্ত অতিরিক্ত খরচের কথা জানা যাচ্ছে। আবার কিছু গ্রাহকের দাবি, এই চার্জ ৭ টাকা থেকে শুরু হচ্ছে। অর্থাৎ, খাবারের মূল দাম, ডেলিভারি চার্জ, প্ল্যাটফর্ম ফি, প্যাকেজিং চার্জ এবং জিএসটির পাশাপাশি এবার ক্যাশ অন ডেলিভারির ক্ষেত্রেও যুক্ত হচ্ছে নতুন খরচ।
উৎসবের মরশুমে মধ্যবিত্তের পকেটে চাপ (Zomato)
উৎসব মানেই হইহই, আড্ডা এবং পেটপুজো। অনেক পরিবারেই এই সময় বাড়িতে রান্নার ঝামেলা এড়িয়ে অনলাইনে খাবার অর্ডার করার প্রবণতা বাড়ে। বিশেষ করে উৎসবের দিনগুলিতে বিরিয়ানি, চাইনিজ, মোগলাই থেকে শুরু করে বিভিন্ন রেস্তরাঁর খাবারের চাহিদা বেড়ে যায়। কিন্তু নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধির মধ্যেই খাবার ডেলিভারির খরচও ক্রমশ বাড়ছে। ফলে সাধারণ মধ্যবিত্ত পরিবারের জন্য অনলাইনে খাবার অর্ডার করা আগের তুলনায় বেশ কিছুটা ব্যয়বহুল হয়ে উঠছে।

অনলাইন পেমেন্টে এখনও নেই অতিরিক্ত চার্জ (Zomato)
তবে আপাতত অনলাইনে পেমেন্ট করা গ্রাহকদের জন্য এই অতিরিক্ত ক্যাশ অন ডেলিভারি চার্জ প্রযোজ্য নয়। অন্যদিকে, সুইগি-সহ অন্যান্য খাবার ডেলিভারি সংস্থাগুলি শনিবার পর্যন্ত একই ধরনের চার্জ চালু করেনি। যদিও সংশ্লিষ্ট মহলের অনুমান, ভবিষ্যতে তারাও জোম্যাটোর পথ অনুসরণ করতে পারে।
আরও পড়ুন: Jeetu Kamal: বিতর্কের মাঝেই ‘বিগ বস’-এ জীতু কমল!
এক অর্ডারেই একাধিক চার্জ!
বর্তমানে অনলাইনে খাবার অর্ডার করতে গেলে খাবারের দামের পাশাপাশি ডেলিভারি পার্টনার ফি, প্ল্যাটফর্ম ফি, প্যাকেজিং চার্জ এবং জিএসটি দিতে হয়। কয়েক মাস আগেই জোম্যাটো ও সুইগি প্ল্যাটফর্ম ফি বাড়িয়েছিল। ফলে সব মিলিয়ে একটি সাধারণ খাবারের অর্ডারের চূড়ান্ত বিল আগের তুলনায় অনেকটাই বেড়েছে।



