Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: ১৪ বছরের বর্ণময় ফুটবল কেরিয়ারে ইতি টানলেন ভারতের অন্যতম সেরা রাইট-ব্যাক প্রবীর দাস (Prabir Das)। দীর্ঘ লড়াই, চোট-আঘাত এবং শারীরিক জটিলতাকে জয় করে পেশাদার ফুটবলে নিজের আলাদা পরিচয় তৈরি করা এই বাঙালি ফুটবলার মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় এক আবেগময় বার্তার মাধ্যমে অবসরের ঘোষণা করেন।
মোহনবাগান অধ্যায় (Prabir Das)
২০১২ সালে সেইল অ্যাকাডেমি থেকে ফুটবল কেরিয়ারের যাত্রা শুরু করেছিলেন প্রবীর। এরপর পৈলান অ্যারোজ়, ডেম্পো, এফসি গোয়া ও দিল্লি ডায়নামোসের হয়ে নিজের দক্ষতার প্রমাণ দেন। ২০১৫ সালে তিনি যোগ দেন তাঁর স্বপ্নের ক্লাব মোহনবাগানে। সবুজ-মেরুন জার্সিতেই ফুটবলার হিসেবে নিজের সেরা সাফল্য ও ভালোবাসা পান তিনি। ক্লাবের হয়ে ২০১৪-১৫ মরশুমে আই লিগ এবং ২০১৫-১৬ মরশুমে ফেডারেশন কাপজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন প্রবীর।

এটিকের জার্সিতে সাফল্য (Prabir Das)
কেরিয়ারের অন্যতম সেরা সময় প্রবীর কাটিয়েছেন আতলেতিকো দে কলকাতার হয়ে। ২০১৬ সালে প্রথমবার আইএসএল জয়ের স্বাদ পান তিনি। তবে কেরিয়ারের মধ্যগগনে এসিএল চোট তাঁকে বড় ধাক্কা দেয়। শক্ত মনবল ও কঠোর পরিশ্রমের জোরে চোট কাটিয়ে মাঠে ফিরে ২০১৯-২০ মরশুমে ফের এটিকে-র হয়ে আইএসএল চ্যাম্পিয়ন হন। পরবর্তীতে ২০২২ সাল পর্যন্ত মোহনবাগান সুপার জায়ান্টের হয়ে খেলার পর তিনি বেঙ্গালুরু এফসি, কেরালা ব্লাস্টার্স, মুম্বই সিটি এবং ইন্টার কাশীর জার্সিতেও মাঠে নামেন।

স্নায়ুর সমস্যার সঙ্গে কঠিন যুদ্ধ (Prabir Das)
অবসরের খোলা চিঠিতে কেরিয়ারের এক কঠিন ও অজানা লড়াইয়ের কথা প্রকাশ্যে এনেছেন প্রবীর। কেরালা ব্লাস্টার্সের হয়ে প্রাক-মরশুম প্রস্তুতি চলাকালীন থাইল্যান্ডে হঠাৎই তাঁর শরীরের বাঁ দিকে অসাড়তা ও ভারসাম্য হারানোর সমস্যা দেখা দেয়। পরবর্তীতে তা গুরুতর স্নায়ুর সমস্যায় রূপ নেয়। মাঠে ফেরা তো দূরের কথা, স্বাভাবিক জীবনে ফেরাই তখন মূল চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল। এই অন্ধকার দিনগুলোতে পাশে থাকার জন্য বান্ধবী গীতশ্রিকে বিশেষ কৃতজ্ঞতা জানান তিনি।
আরও পড়ুন: Sree Charani: এশিয়া কাপ জয়ের পর র্যাঙ্কিংয়ে বড়সড় বদল, চমকে দিলেন ভারতের এই তারকারা!
ভবিষ্যতের নতুন পথচলা (Prabir Das)
৩২ বছর বয়সে ১০টি ভিন্ন ক্লাবে খেলার অভিজ্ঞতা নিয়ে বুটজোড়া তুলে রাখলেও ফুটবল থেকে পুরোপুরি দূরে সরে যাচ্ছেন না প্রবীর দাস (Prabir Das)। খেলোয়াড় হিসেবে বিদায় নিলেও আগামী দিনে ভারতীয় ফুটবলের উন্নয়নে এবং উদীয়মান ফুটবলারদের পাশে থেকে নিজের মতো করে অবদান রাখার ইচ্ছা প্রকাশ করেছেন এই অভিজ্ঞ রাইট-ব্যাক।



