Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: দুর্গাপুজো মানেই বাঙালির পাতে ইলিশ (Padma Hilsa)। এই চেনা ছবিতে এবার ছন্দপতনের আশঙ্কা। পুজোর মরসুমে কলকাতার বাজারে বাংলাদেশ থেকে পদ্মার ইলিশ আসার সম্ভাবনা কার্যত নেই বলেই জানাচ্ছেন মাছ আমদানিকারকরা। ফলে ইলিশপ্রেমীদের মন খারাপ হওয়ার যথেষ্ট কারণ রয়েছে।
মেলেনি সবুজ সংকেত (Padma Hilsa)
ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের বক্তব্য (Padma Hilsa) অনুযায়ী, বাংলাদেশ সরকারের কাছে ইলিশ আমদানির অনুমতি চেয়ে আবেদন করা হলেও এখনও সবুজ সংকেত মেলেনি। এর মধ্যেই আরও একটি জটিলতা তৈরি হয়েছে। ভারত থেকে বাংলাদেশে যাওয়া ইলিশের আমদানিতেও নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ সরকার। ফলে গুজরাত থেকে ইলিশ এনে বাংলাদেশে পাঠানোর পথও আপাতত বন্ধ।

জানা যাচ্ছে, আগস্ট ও সেপ্টেম্বর মাসে বাংলাদেশে গুজরাত থেকে প্রায় ৫৫০ মেট্রিক টন ইলিশ গিয়েছিল। ওই মাছগুলির একটি বড় অংশ ছিল ডিমভরা। কিন্তু পরবর্তী সময়ে বাংলাদেশ সরকার সেই আমদানির অনুমতি বাতিল করে দেয়। এর সরাসরি প্রভাব পড়েছে ভারতীয় মাছ ব্যবসায়ীদের উপরও।
পুরোনো ইতিহাস
বাংলাদেশ থেকে কলকাতায় ইলিশ আসার ইতিহাস অবশ্য বেশ পুরনো। দীর্ঘ সময় বন্ধ থাকার পর ২০১৮ সালে দু’দেশের মধ্যে আলোচনার মাধ্যমে ফের রপ্তানির পথ খুলেছিল। এরপর কয়েক বছর ধরে দুর্গাপুজোর আগে কলকাতায় বাংলাদেশি ইলিশ আসা অনেকটাই নিয়মে পরিণত হয়েছিল।
কিন্তু এবার পরিস্থিতি আলাদা। আগামী ৮ অক্টোবর থেকে বাংলাদেশে ইলিশ ধরার উপর নিষেধাজ্ঞা শুরু হওয়ার কথা। ফলে পুজোর আগে নতুন করে আমদানির সম্ভাবনা অত্যন্ত কম।


