Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: বর্ষীয়ান রবীন্দ্রসঙ্গীত শিল্পী বিভা সেনগুপ্তের (Biva Sengupta) প্রয়াণে সঙ্গীতজগতে নেমে এসেছে শোকের ছায়া। ৯৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। বেশ কিছুদিন ধরে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এই প্রবীণ শিল্পী। বার্ধক্যজনিত শারীরিক সমস্যার কারণেই তাঁর মৃত্যু বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।
দীর্ঘ সঙ্গীতসাধনা (Biva Sengupta)
ত্রিপুরার বাসিন্দা বিভা সেনগুপ্ত (Biva Sengupta) জীবনের একটা বড় সময় কলকাতায় কাটিয়েছেন। ১৯৫৯ সালে তিনি কলকাতায় আসেন। রবীন্দ্রসঙ্গীতের প্রতি গভীর অনুরাগ থেকেই শুরু হয় তাঁর দীর্ঘ সঙ্গীতসাধনা। গানের প্রাথমিক ও গুরুত্বপূর্ণ শিক্ষালাভ করেন বিশিষ্ট শিল্পী মায়া সেনের কাছে। পরবর্তীকালে মায়া সেনই তাঁকে নিয়ে যান রবীন্দ্রসঙ্গীতের কিংবদন্তি শিল্পী দেবব্রত বিশ্বাসের কাছে। তাঁর গায়কী ও সঙ্গীতচর্চায় সেই শিক্ষার গভীর প্রভাব পড়েছিল।
শুধু গান গাওয়াই নয়, পরবর্তী সময়ে নতুন প্রজন্মকে রবীন্দ্রসঙ্গীত শেখানোর ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বিভা সেনগুপ্ত। সাগর সেন প্রতিষ্ঠিত ‘রবিরশ্মি’-র সঙ্গে দীর্ঘদিন যুক্ত ছিলেন তিনি। সেখানে নিয়মিত ছাত্রছাত্রীদের রবীন্দ্রসঙ্গীতের তালিম দিতেন।
আরও পড়ুন: Harmanpreet Kaur Captaincy: ভারতীয় ক্রিকেটে পালাবদল, সরে দাঁড়ালেন বিশ্বজয়ী অধিনায়ক
দীর্ঘ কয়েক দশকের সাধনা সত্ত্বেও প্রচারের আলোয় খুব বেশি আসেননি বিভা সেনগুপ্ত। জীবনের শেষ পর্বে তাঁর পরিচিতি নতুন করে সামনে আসে। তাঁর প্রয়াণে হারিয়ে গেলেন রবীন্দ্রসঙ্গীত চর্চার এক নীরব সাধক।

