Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: উৎসবের আবহে সাধারণ মানুষ যখন পুজোর আনন্দে মেতে উঠেছেন, তখনই আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের স্বাস্থ্য দুর্নীতি মামলায় জামিনের খবরকে ঘিরে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন অভয়া আন্দোলনের অন্যতম মুখ চিকিৎসক অনিকেত মাহাতো (Aniket Mahato)। তাঁর কথায়, দিনের পর দিন রাজপথে দাঁড়িয়ে অভয়ার ন্যায়বিচারের দাবিতে লড়াই করা আন্দোলনকারীদের কাছে এই ঘটনা অত্যন্ত বেদনাদায়ক।
‘সিবিআইয়ের অপদার্থতার নজির’ (Aniket Mahato)
অনিকেতের দাবি, স্বাস্থ্য দুর্নীতি মামলায় সিবিআই ১৪৭ জনকে সাক্ষী হিসেবে সামনে আনলেও গত দুই বছরে মাত্র সাতজনকে জিজ্ঞাসাবাদ করেছে। তাঁর অভিযোগ, তদন্তের এই দীর্ঘসূত্রিতাই শেষ পর্যন্ত বিচারপ্রক্রিয়াকে দুর্বল করেছে। তাঁর প্রশ্ন, তদন্ত দ্রুত শেষ করে চার্জশিট ও প্রমাণ আদালতের সামনে যথাযথভাবে উপস্থাপন করা হলে পরিস্থিতি কি আজকের জায়গায় পৌঁছত?
সরকারের প্রতিশ্রুতি নিয়েও প্রশ্ন (Aniket Mahato)
রাজ্যে সরকার পরিবর্তনের পর স্বাস্থ্য দুর্নীতি নির্মূল এবং অভয়ার ন্যায়বিচারের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা নিয়েও প্রশ্ন তুলেছেন অনিকেত। তাঁর অভিযোগ, পাঁচ মাস কেটে গেলেও তিন আইপিএসকে সাসপেন্ড করার পর তাঁদের বিরুদ্ধে প্রাথমিক রিপোর্ট প্রকাশ্যে আসেনি। একইসঙ্গে স্বাস্থ্য দফতরের শীর্ষ আধিকারিক নারায়ণ স্বরূপ নিগমের পদত্যাগের দাবিও ফের তুলেছেন তিনি।
‘অভয়ার ন্যায়বিচার কোথায়?’ (Aniket Mahato)
অনিকেতের বক্তব্যে উঠে এসেছে ৯ এবং ১৪ আগস্টের ঘটনার পূর্ণ সত্য প্রকাশের দাবি। সন্দীপ ঘোষের বিরুদ্ধে এভিডেন্স ট্যাম্পারিং এবং ইনভেস্টিগেশন হ্যাম্পারের যে অভিযোগ সিবিআইয়ের প্রাথমিক চার্জশিটে ছিল, সেই মামলার পরবর্তী তদন্ত ও সাপ্লিমেন্টারি চার্জশিট নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। তাঁর প্রশ্ন, প্রতিশ্রুত তদন্তের অগ্রগতি কোথায়?
হতাশ নয়, আরও সংগঠিত হওয়ার ডাক (Aniket Mahato)
তবে জামিনের ঘটনায় আন্দোলনকারীদের হতাশ না হওয়ার বার্তা দিয়েছেন অনিকেত। তাঁর মতে, শুধু সরকার পরিবর্তন হলেই অভয়ার ন্যায়বিচার নিশ্চিত হবে না। প্রয়োজন সুনির্দিষ্ট পরিকল্পনা, ধারাবাহিক আন্দোলন এবং আরও বৃহত্তর জনঐক্য। স্বাস্থ্য দুর্নীতি, নারী নির্যাতন এবং প্রশাসনিক ব্যর্থতার বিরুদ্ধে আন্দোলনকে আরও সুসংগঠিত করার আহ্বান জানিয়েছেন তিনি।
আরও পড়ুন: South 24 Parganas: আট মাসের ব্যবধানে ফের নাজিরাবাদের মোমো গোডাউনে আগুন!
‘আবার ঐক্যবদ্ধ লড়াইয়ের সময়’
অনিকেতের কথায়, একদিকে রয়েছে পুলিশ প্রশাসন, কলকাতা পুলিশ, সিবিআই এবং বিচারব্যবস্থা; অন্যদিকে সাধারণ মানুষ, যাঁরা নিরাপত্তা, স্বচ্ছ প্রশাসন এবং উন্নত স্বাস্থ্যব্যবস্থা চান। তাই তাঁর বার্তা, হতাশ হয়ে পিছিয়ে গেলে চলবে না। অভয়ার ন্যায়বিচার-সহ বৃহত্তর সামাজিক দাবিগুলিকে সামনে রেখে নতুন করে ঐক্যবদ্ধ লড়াই গড়ে তুলতে হবে। তাঁর প্রশ্ন একটাই—পরিবর্তনের পরেও যদি ন্যায়বিচার অধরা থাকে, তাহলে বাংলার ভবিষ্যৎ কোন পথে?



