Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: আইপিএলের নতুন মরশুমের আগে ঘর গোছাতে নেমে পড়েছে পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। শুধু ক্রিকেটারদের দলবদল নয়, এবার কোচিং বিভাগেও বড়সড় পরিবর্তনের পথে হাঁটল হার্দিক পান্ডিয়াদের ফ্র্যাঞ্চাইজি। চেন্নাই সুপার কিংসের পর এবার মুম্বইও নিজেদের কোচিং স্টাফে আমূল রদবদল করল। একসঙ্গে চার নতুন কোচকে দায়িত্ব দিল আম্বানিদের দল। উল্লেখযোগ্য বিষয়, নতুন চার কোচের মধ্যে তিনজনই অতীতে মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে খেলেছেন। ফলে পুরনো সম্পর্ককে কাজে লাগিয়েই নতুন মরশুমের প্রস্তুতি শুরু করতে চাইছে ফ্র্যাঞ্চাইজি।
বড় সিদ্ধান্ত মুম্বইয়ের (Mumbai Indians)
বৃহস্পতিবারই কোচিং বিভাগে তিন গুরুত্বপূর্ণ সদস্যকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় মুম্বই ইন্ডিয়ান্স। সেই তালিকায় রয়েছেন লাসিথ মালিঙ্গা, পরস মামব্রে এবং কার্ল হপকিনসন। মুম্বইয়ের সঙ্গে মালিঙ্গার সম্পর্ক দীর্ঘদিনের। তাঁর কোচিং ও খেলার সময়কালে ফ্র্যাঞ্চাইজির ঝুলিতে এসেছে চারটি আইপিএল খেতাব। ২০১১ সালের চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি জয়ের পিছনেও গুরুত্বপূর্ণ অবদান ছিল তাঁর। ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরেও মেন্টর ও কোচ হিসেবে মুম্বইয়ের সঙ্গে যুক্ত ছিলেন শ্রীলঙ্কার এই কিংবদন্তি পেসার।
অন্যদিকে, পরস মামব্রেও মুম্বইয়ের পরিচিত মুখ। ২০১০ থেকে ২০১৭ সাল পর্যন্ত দলের সঙ্গে যুক্ত থাকার পর ২০২৪ সালে ফের কোচিং বিভাগে ফিরে এসেছিলেন তিনি। ইংল্যান্ডের জাতীয় দলের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা নিয়ে ২০২৫ মরশুমের আগে মুম্বইয়ে যোগ দিয়েছিলেন কার্ল হপকিনসন। দলের ফিল্ডিংয়ের মান উন্নত করার দায়িত্ব ছিল তাঁর কাঁধে।
রোহিতদের সঙ্গে নতুন ইনিংস (Mumbai Indians)
তিন অভিজ্ঞ কোচের বিদায়ের পর কারা দায়িত্ব পাবেন, তা নিয়ে ক্রিকেটমহলে কৌতূহল ছিল। শুক্রবার সেই জল্পনার অবসান ঘটিয়ে চার নতুন কোচের নাম ঘোষণা করল মুম্বই। দলের নতুন ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পেলেন রবীন উথাপ্পা। একসময় মুম্বই ইন্ডিয়ান্সের হয়েই আইপিএলে খেলেছেন তিনি। ভারতীয় দলের জার্সিতেও রোহিত শর্মার সতীর্থ ছিলেন উথাপ্পা। এবার সেই রোহিতদেরই ব্যাটিংয়ের খুঁটিনাটি নিয়ে কাজ করবেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার। তরুণ ব্যাটারদের পাশাপাশি অভিজ্ঞদের পারফরম্যান্সেও তাঁর অভিজ্ঞতা কতটা প্রভাব ফেলে, সেটাই দেখার।
বোলিং কোচ মিচেল ম্যাকক্ল্যানাঘান (Mumbai Indians)
মুম্বইয়ের নতুন বোলিং কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন নিউজিল্যান্ডের প্রাক্তন পেসার মিচেল ম্যাকক্ল্যানাঘান। আইপিএলে মুম্বইয়ের হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁরও। একসময় দলের বোলিং আক্রমণের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন এই কিউয়ি পেসার। এবার ক্রিকেটার হিসেবে নয়, কোচ হিসেবে ড্রেসিংরুমে ফিরছেন তিনি। মুম্বইয়ের পেসারদের দক্ষতা, পরিকল্পনা এবং ম্যাচের পরিস্থিতি অনুযায়ী বোলিংয়ের কৌশল তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন ম্যাকক্ল্যানাঘান।
কোন বিভাগে টি দিলীপ, ধবল? (Mumbai Indians)
ফিল্ডিং বিভাগে দায়িত্ব দেওয়া হয়েছে ভারতীয় দলের প্রাক্তন টি দিলীপকে। জাতীয় দলের সঙ্গে কাজ করার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে তাঁর। তাঁর কোচিংয়ের সময় ভারত একাধিক আইসিসি টুর্নামেন্টে সাফল্য পেয়েছে। ফলে মুম্বইয়ের ফিল্ডিং বিভাগকে আরও শক্তিশালী করে তোলাই হবে তাঁর অন্যতম প্রধান দায়িত্ব।
আরও পড়ুন: Kylian Mbappe: মহাবিপদে এমবাপে! ক্ষমা চেয়েও রেহাই নেই, চিনের নিশানায় রিয়াল-লা লিগাও
এছাড়াও নিজেদের প্রাক্তন পেসার ধবল কুলকর্ণীকে কোচিং স্টাফে যুক্ত করেছে মুম্বই। তাঁকে ডেভেলপমেন্টাল বোলিং কোচের দায়িত্ব দেওয়া হয়েছে। মুম্বইয়ের হয়ে দীর্ঘদিন খেলার অভিজ্ঞতা রয়েছে ধবলের। এবার নতুন প্রতিভাবান বোলারদের তৈরি করা এবং তাঁদের দক্ষতা বাড়ানোর দায়িত্ব সামলাবেন তিনি।
ফিরবে কি পুরনো মুম্বইয়ের দাপট? (Mumbai Indians)
আইপিএলের ইতিহাসে মুম্বই ইন্ডিয়ান্স এবং চেন্নাই সুপার কিংস সবচেয়ে সফল দুই ফ্র্যাঞ্চাইজি (Mumbai Indians)। কিন্তু সাম্প্রতিক মরশুমগুলিতে প্রত্যাশা অনুযায়ী ধারাবাহিকতা দেখাতে পারেনি মুম্বই। তাই নতুন মরশুমের আগে কোচিং বিভাগে এই ব্যাপক পরিবর্তন যথেষ্ট তাৎপর্যপূর্ণ। চার নতুন কোচের অভিজ্ঞতা, পুরনো মুম্বইয়ের সঙ্গে তাঁদের পরিচিতি এবং নতুন ক্রিকেটারদের গড়ে তোলার পরিকল্পনা—সব মিলিয়ে নতুন করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা রোহিতদের দলের। এখন দেখার, কোচিং স্টাফের এই নতুন কম্বিনেশন আগামী আইপিএলে মুম্বইকে সাফল্যের সরণিতে ফেরাতে পারে কি না।



