Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে জয় দিয়ে অভিযান শুরু করল ভারত (FIFA U-15 World Cup)। লাওসকে ৪-২ গোলে হারিয়ে প্রতিযোগিতার প্রথম ম্যাচেই নিজেদের শক্তির পরিচয় দিল ‘ব্লু কল্টস’। আজারবাইজানের বাকুতে হোভসান কম্পিটিশন কমপ্লেক্সে বিবিয়ানো ফার্নান্ডেজের ছেলেদের দাপুটে পারফরম্যান্স নজর কাড়ল। ভারতের হয়ে জোড়া গোল করেন আর লালরেমরুতফেলা। একটি করে গোল ম্যাকডনিশ এনগাইরাংবাম এবং রিষড়ার সৌম্যজিৎ সরকারের। দু’বার সমতায় ফেরার চেষ্টা করলেও শেষ পর্যন্ত ভারতের আক্রমণ সামলাতে পারেনি লাওস।
প্রথমবার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ (FIFA U-15 World Cup)
এবারই প্রথম অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের আয়োজন করছে ফিফা। এই প্রতিযোগিতাকে শুধুমাত্র প্রতিদ্বন্দ্বিতামূলক টুর্নামেন্টের মধ্যে সীমাবদ্ধ না রেখে ফুটবলকে কেন্দ্র করে এক মহোৎসবের রূপ দিতে চেয়েছে বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা। সেই লক্ষ্যেই ফিফার সদস্য দেশগুলির জন্য অংশগ্রহণের সুযোগ রাখা হয়েছে। প্রতিযোগিতায় বিপুল সংখ্যক দলের অংশগ্রহণের কারণে প্রায় এক হাজার ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে। এমনই এক মঞ্চে প্রথম ম্যাচেই নিজেদের মেলে ধরল ভারতের জুনিয়র ফুটবলাররা।
শুরু থেকেই আক্রমণে ভারত (FIFA U-15 World Cup)
প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী, দুই দলই আট জনের দল নিয়ে মাঠে নামে। ম্যাচের দু’টি অর্ধ ২০ মিনিট করে। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ভারত। প্রথম চার মিনিটেই দু’টি গোলের সুযোগ তৈরি করে তারা। তৃতীয় মিনিটে বক্সের ভিতর থেকে দীপক সিং আরামবামের জোরালো শট আটকে দেন লাওসের গোলরক্ষক আনুসিথ সুকসাভান। পরের মিনিটেই ম্যাকডনিশের শটও রুখে দেন তিনি।
তবে ভারতের গোল পেতে বেশি সময় লাগেনি। দীপকের দুরন্ত পায়ের কাজের সুবাদে বক্সের ভিতরে বল পান ম্যাকডনিশ। সেখান থেকে সহজেই বল জালে জড়িয়ে ভারতকে এগিয়ে দেন তিনি। ১১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে ভারত। লাওসের ক্লিয়ারেন্স আটকে দিয়ে বলের দখল নেন দীপক। ফিরতি বল পেয়ে বাঁ পায়ের শটে গোল করেন লালরেমরুতফেলা।
পাল্টা লড়াইয়ে সমতায় ফেরে লাওস (FIFA U-15 World Cup)
দুই গোলে পিছিয়ে পড়েও লড়াই ছাড়েনি লাওস। ১২ মিনিটে দূরপাল্লার দুরন্ত শটে ব্যবধান কমান আনাভিন জায়াসোন। তাঁর শটের সামনে কার্যত অসহায় দেখায় ভারতের গোলরক্ষক জেনিত নিংথৌজামকে। বিরতির পর ফের আক্রমণে ঝাঁপায় ভারত। ২১ মিনিটে কর্নার থেকে ম্যাকডনিশের হেড অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।
এরপর ম্যাচে ফের উত্তেজনা বাড়ায় লাওস। ২৪ মিনিটের কাছাকাছি সময়ে বক্সের বাইরে থেকে প্রথম টাচেই গোল করে দলকে সমতায় ফেরান সুকসাভান সিলিসেং। দুই গোলে এগিয়ে থেকেও ম্যাচের নিয়ন্ত্রণ হারিয়ে চাপে পড়ে যায় ভারত। তবে শেষ পর্যন্ত পাল্টা আক্রমণে ফের নিজেদের ছন্দ খুঁজে পায় ব্লু কল্টস।
শেষ মুহূর্তে জোড়া গোল (FIFA U-15 World Cup)
৩১ মিনিটে সৌম্যজিৎ সরকারের পাস থেকে বাঁ পায়ের শটে নিজের দ্বিতীয় গোলটি করেন লালরেমরুতফেলা। ফের এগিয়ে যায় ভারত। এর মাত্র দু’মিনিট পরেই ব্যবধান বাড়ান সৌম্যজিৎ। প্রায় মাঝমাঠের কাছ থেকে তাঁর নেওয়া শট লাওসের গোলরক্ষককে টপকে জালে জড়িয়ে যায়। এই গোলেই ভারতের জয় কার্যত নিশ্চিত হয়ে যায়। বাকি সময়ে ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রেখে ৪-২ ব্যবধানে জয় তুলে নেয় বিবিয়ানো ফার্নান্ডেজের দল।
আরও পড়ুন: India vs New Zealand: তৃতীয় টি-টোয়েন্টিতেও অনিশ্চিত ঈশান, সুযোগ পাবেন কি বৈভব?
কঠিন সূচি ভারতের (FIFA U-15 World Cup)
প্রতিযোগিতায় আগামী রবিবার, ২৫ অক্টোবর, দু’টি ম্যাচ খেলতে হবে ভারতকে (FIFA U-15 World Cup)। সকাল ১০টা ৩০ মিনিটে প্রথম ম্যাচে প্রতিপক্ষ ক্যামেরুন। বিকেল ৫টা ১৫ মিনিটে খেলতে হবে গ্রানাডার বিরুদ্ধে। এরপর ২৬ অক্টোবর যোগ্যতা পর্বের শেষ দিনে ভারতের সামনে আরও দুই প্রতিপক্ষ। দুপুর ২টা ১৫ মিনিটে বাহরিনের বিরুদ্ধে নামবে দল। রাত ৯টায় শেষ ম্যাচে প্রতিপক্ষ সেনেগাল। ব্যস্ত সূচিতে ধারাবাহিকতা বজায় রাখাই এখন ভারতের সামনে বড় চ্যালেঞ্জ। প্রতিযোগিতার ম্যাচগুলি সরাসরি দেখা যাবে FIFA+ on DAZN.com-এ।



