Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: তিন ম্যাচে দু’টি জয় এবং একটি হার (Mohun Bagan)। পয়েন্টের নিরিখে খুব একটা খারাপ জায়গায় নেই মোহনবাগান। কিন্তু দলের পারফরম্যান্স নিয়ে সমর্থকদের মনে প্রশ্ন থেকেই যাচ্ছে। চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে মনবীর সিংয়ের একমাত্র গোলে তিন পয়েন্ট এলেও সবুজ-মেরুনের খেলা একেবারেই মন ভরাতে পারেনি। এবার ঘরের মাঠে পাঞ্জাব এফসির বিরুদ্ধে নামার আগে সেই ভুলত্রুটি শুধরে নিতে মরিয়া গ্রিক কোচ প্যানাজিওটিস ডিলমপেরিস। আজ যুবভারতীতে জয়ের পাশাপাশি দৃষ্টিনন্দন ফুটবল উপহার দেওয়াও তাঁর লক্ষ্য।
নতুন শুরু করতে চান প্যানোস (Mohun Bagan)
চেন্নাইয়িনের বিরুদ্ধে দলের পারফরম্যান্স যে প্রত্যাশা অনুযায়ী হয়নি, তা কার্যত মেনে নিয়েছেন মোহনবাগানের কোচ। তবে আগের ম্যাচের ব্যর্থতা নিয়ে পড়ে থাকতে নারাজ তিনি। বরং অনুশীলনে ফুটবলারদের সঙ্গে ভুলত্রুটি নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। পাঞ্জাবের খেলার ধরন চেন্নাইয়ের থেকে সম্পূর্ণ আলাদা হওয়ায় সেই অনুযায়ী প্রস্তুতি নেওয়ার কথাও জানিয়েছেন প্যানোস।
গ্রিক কোচের কথায়, আগের ম্যাচের পর দলের ভুলভ্রান্তি নিয়ে আলোচনা হয়েছে। কোন কোন জায়গায় আরও উন্নতি প্রয়োজন, তা ফুটবলারদের বুঝিয়ে দেওয়া হয়েছে। খেলার ধরনেও কিছু পরিবর্তন আনার বিষয়ে কথা হয়েছে। চেন্নাই এবং পাঞ্জাবের ফুটবলের ধরন আলাদা। তাই নতুন প্রতিপক্ষের বিরুদ্ধে নিজেদের সেরাটা দিতে তৈরি থাকতে হবে।
গুরু-শিষ্যের লড়াই (Mohun Bagan)
শনিবারের ম্যাচে বাড়তি আকর্ষণ গুরু-শিষ্যের দ্বৈরথ। পাঞ্জাব এফসির কোচ প্যাভলোস ডারমিটজাকিস একসময় প্যানাগিওটিস দিলমপেরিসের মেন্টর ছিলেন। কোচিং কেরিয়ারের শুরুর দিকে তাঁর কাছ থেকেই অনেক কিছু শিখেছেন মোহনবাগানের বর্তমান কোচ। ফলে দুই গ্রিক কোচের মুখোমুখি লড়াই ঘিরে আলাদা আগ্রহ তৈরি হয়েছে।
প্যাভলোসকে নিজের প্রিয় বন্ধু এবং ভাল কোচ হিসাবে উল্লেখ করেছেন প্যানোস। তাঁর কোচিংয়ের বেশ কিছু দিক যে নিজেরও পছন্দ, তা স্বীকার করেছেন তিনি। তবে পেশাদার কোচ হিসাবে আবেগকে দূরে সরিয়ে রাখাই তাঁর লক্ষ্য। প্যানোসের বক্তব্য, তিনি সাধারণত আবেগপ্রবণ হলেও মোহনবাগানের কোচিং করার সময় আবেগ বা অনুভূতি নিয়ে ভাবার সুযোগ নেই। বরং ফোকাস ধরে রেখে ম্যাচ জেতাই তাঁর একমাত্র লক্ষ্য।
পাঞ্জাবের আক্রমণ নিয়ে সতর্ক বাগান (Mohun Bagan)
চলতি মরশুমে দ্বিতীয়বার পাঞ্জাব এফসির মুখোমুখি হতে চলেছে মোহনবাগান। এর আগে আইএফএ শিল্ডে দুই দল মুখোমুখি হয়েছিল। তবে সেই ম্যাচের সঙ্গে আইএসএলের লড়াইয়ের তুলনা করতে নারাজ প্যানোস। তাঁর যুক্তি, আইএফএ শিল্ডের ম্যাচে মোহনবাগান ৩-৪-৩ ফরমেশনে খেলেছিল। পাশাপাশি জাতীয় দলের ফুটবলারদেরও পাওয়া যায়নি। তাই দুই ম্যাচের পরিস্থিতি একেবারেই আলাদা।
পাঞ্জাবের আক্রমণাত্মক ফুটবল সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহাল মোহনবাগান কোচ। প্রতিপক্ষের ইতিবাচক ফুটবলকে সামলানোর পাশাপাশি তাদের দুর্বলতাগুলিও কাজে লাগাতে চান তিনি। তবে তার জন্য নিজেদের খেলার গতিও বাড়াতে হবে বলে মনে করছেন প্যানোস। অর্থাৎ শনিবার শুরু থেকেই আক্রমণাত্মক এবং গতিশীল ফুটবল খেলাই সবুজ-মেরুনের অন্যতম লক্ষ্য।
মাঠে প্রমাণ দিতে হবে (Mohun Bagan)
চলতি মরশুমে এখনও পর্যন্ত মোহনবাগানের কাছ থেকে প্রত্যাশিত আধিপত্য দেখা যায়নি বলে মনে করছেন অনেক সমর্থক। তবে এই বক্তব্যের সঙ্গে একমত নন প্যানোস। তাঁর দাবি, ইস্টবেঙ্গলের বিরুদ্ধে দু’বার এবং নর্থইস্ট ইউনাইটেড ও দিল্লির বিরুদ্ধে মোহনবাগান যথেষ্ট আধিপত্য দেখিয়েছে।
কোচের এই দাবির সত্যতা অবশ্য মাঠের পারফরম্যান্সেই প্রমাণ করতে হবে ফুটবলারদের। কারণ পাঞ্জান এফসি এখনও পর্যন্ত চলতি প্রতিযোগিতায় অপরাজিত। তিন ম্যাচের মধ্যে দু’টিতে জয় এবং একটিতে ড্র করেছে তারা। শুধু তাই নয়, ম্যাচের শেষদিকেও নিয়মিত গোল করার প্রবণতা রয়েছে পাঞ্জাবের। ফলে শেষ বাঁশি বাজার আগে পর্যন্ত সতর্ক থাকতে হবে মোহনবাগানকে।
চোট-অসুস্থতার সমস্যা (Mohun Bagan)
পাঞ্জাবের বিরুদ্ধেও মোহনবাগানের তিন গুরুত্বপূর্ণ ফুটবলার নেই। খেলতে পারবেন না মিগুয়েল (Mohun Bagan)। তার হ্যামস্ট্রিংয়ের সমস্যা। জেমি ম্যাকলারানকেও শুক্রবার বিকেলে যুবভারতীর অনুশীলনে সাইডলাইনে দেখা যায়। তাঁকে রিজার্ভ বেঞ্চে রাখা হবে কি না, তা নিয়ে এখনও সংশয় রয়েছে।
আরও পড়ুন: India A vs New Zealand A: ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ, পরিবর্তে দলে কে?
অন্যদিকে, অসুস্থতা কাটিয়ে বৃহস্পতিবার অনুশীলনে এসেছিলেন আপুইয়া। শুক্রবার অনুশীলনে তাঁকে দেখা যায়নি। তাই প্রথম একাদশে তাঁর থাকার সম্ভাবনা নেই।
আরও পড়ুন: Wrestling: কীর্তি মণীষার, প্রথম ভারতীয় মহিলা হিসাবে জিতলেন সোনা!
সব মিলিয়ে শনিবারের ম্যাচ মোহনবাগানের কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ। একদিকে পয়েন্টের লড়াই, অন্যদিকে দলের খেলার মান নিয়ে ওঠা প্রশ্নের জবাব দেওয়ার চ্যালেঞ্জ। ঘরের মাঠে পাঞ্জাবকে হারিয়ে শুধু তিন পয়েন্ট নয়, সমর্থকদের মন জেতার লক্ষ্যেও নামবে প্যানোসের মোহনবাগান।



