Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: ফুটবলে ব্যালন ডি’অর নিয়ে সমর্থকদের উন্মাদনা বরাবরই তুঙ্গে থাকে। বছরের সেরা ফুটবলার কে হবেন, তা নিয়ে চলে বিস্তর আলোচনা, তর্ক-বিতর্ক। এবার কি ক্রিকেটেও তেমনই কোনও পুরস্কার বিতরণী অনুষ্ঠান দেখা যেতে চলেছে? সেই লক্ষ্যেই বড় পরিকল্পনা করছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC)। ক্রিকেটের বর্ষসেরা পুরস্কারকে আরও আকর্ষণীয় এবং জাঁকজমকপূর্ণ করে তুলতে চাইছেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ। ফরাসি ম্যাগাজিন ‘ফ্রান্স ফুটবল’-এর আয়োজিত ব্যালন ডি’অরের মতোই ক্রিকেটেও একটি বড় মঞ্চ তৈরি করার ভাবনা রয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থার।
আইসিসির বর্ষসেরা পুরস্কার (ICC)
২০০৪ সাল থেকে ক্রিকেটারদের পারফরম্যান্সের ভিত্তিতে আইসিসি বর্ষসেরা পুরস্কার দিয়ে আসছে। পরবর্তী সময়ে এই পুরস্কারের বিভাগও বাড়ানো হয়েছে। ২০২১ সাল থেকে যুক্ত হয়েছে বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটারের পুরস্কার। পাশাপাশি উঠতি ক্রিকেটারদেরও স্বীকৃতি দেওয়া হয়। বিভিন্ন ফরম্যাটে ক্রিকেটারদের ব্যক্তিগত পারফরম্যান্সের ভিত্তিতে এই পুরস্কার দেওয়া হয়ে থাকে।
২০২৪ সালের পুরস্কারে বর্ষসেরা টেস্ট ক্রিকেটার নির্বাচিত হয়েছিলেন ভারতের জশপ্রীত বুমরাহ। কিন্তু ২০২৫ সালে কোনও ক্রিকেটারকেই এই পুরস্কার দেওয়া হয়নি। কেন হঠাৎ এই সিদ্ধান্ত? এর নেপথ্যে রয়েছে আইসিসির আরও বড় পরিকল্পনা।
২০২৫-এ দেওয়া হয়নি পুরস্কার (ICC)
আসলে আইসিসি চাইছে, বর্ষসেরা পুরস্কার বিতরণী অনুষ্ঠানকে আরও বড় এবং আকর্ষণীয় করে তুলতে। শুধু কয়েকটি বিভাগে পুরস্কার দিয়ে দায়িত্ব শেষ করতে নারাজ জয় শাহের নেতৃত্বাধীন সংস্থা। ফুটবলের ব্যালন ডি’অরের মতো ক্রিকেটের পুরস্কারকেও বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে নিয়ে আসতে চায় তারা।
সেই কারণেই ২০২৫ সালের পুরস্কার বিতরণী অনুষ্ঠান আপাতত স্থগিত রাখা হয়েছিল বলে জানা যাচ্ছে। ২০২৬ সালও শেষের দিকে। ফলে গত দু’বছরের পারফরম্যান্সকে একসঙ্গে বিবেচনা করে একটি বৃহৎ অনুষ্ঠানের আয়োজনের পরিকল্পনা রয়েছে আইসিসির। সবকিছু ঠিকঠাক থাকলে ২০২৭ সালেই দেখা যেতে পারে সেই নতুন উদ্যোগ।
ব্যালন ডি’অরের মতো বিশ্বজোড়া উন্মাদনা (ICC)
আইসিসির এক কর্তার বক্তব্য অনুযায়ী, ক্রিকেটের পুরস্কার বিতরণী অনুষ্ঠানকে আন্তর্জাতিক স্তরে আরও বড় মঞ্চ দেওয়ার এটাই উপযুক্ত সময়। যাতে শুধু ক্রিকেটার বা ক্রিকেট বিশেষজ্ঞরাই নন, সাধারণ সমর্থকরাও এই পুরস্কার নিয়ে আলোচনা করতে পারেন।
ওই কর্তার কথায়, দীর্ঘদিন ধরেই ক্রিকেটারদের বিভিন্ন বিভাগে পুরস্কৃত করে আসছে আইসিসি। তবে ২০২৫ সালে ইচ্ছাকৃতভাবেই পুরস্কার দেওয়া হয়নি। কারণ, কীভাবে এই অনুষ্ঠানকে আরও বৃহত্তর প্রেক্ষাপটে তুলে ধরা যায়, তা নিয়ে ভাবনাচিন্তা চলছিল। এবার সেই পুরস্কার বিতরণীকে আরও জাঁকজমকপূর্ণ করে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে।
ক্রিকেটেও কি শুরু হবে বিতর্ক? (ICC)
ফুটবলে ব্যালন ডি’অর মানেই আলাদা উন্মাদনা। দীর্ঘদিন ধরে লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মধ্যে কে সেরা, তা নিয়ে সমর্থকদের মধ্যে তুমুল আলোচনা হয়েছে (ICC)। পুরস্কার ঘোষণার আগে থেকেই সম্ভাব্য বিজয়ীদের নিয়ে শুরু হয় জল্পনা। শুধু পুরস্কার জয় নয়, কে কেন জিতলেন বা কে কেন বঞ্চিত হলেন, তা নিয়েও চলে বিতর্ক।
আরও পড়ুন: Mohun Bagan: পাঞ্জাবের বিরুদ্ধে নেই বাগানের তিন তারকা, গুরুর বিরুদ্ধে প্যানোস!
ক্রিকেটেও কি এবার তেমনই ছবি দেখা যাবে? বিরাট কোহলি, রোহিত শর্মা, জশপ্রীত বুমরাহদের মতো তারকাদের পারফরম্যান্স নিয়ে কি পুরস্কারের মঞ্চে নতুন প্রতিদ্বন্দ্বিতা তৈরি হবে? আপাতত সেই উত্তর ভবিষ্যতের হাতে। তবে আইসিসির এই পরিকল্পনা বাস্তবায়িত হলে ক্রিকেটের পুরস্কার বিতরণী অনুষ্ঠান যে নতুন মাত্রা পেতে পারে, তা বলাই যায়। এবার দেখার, ব্যালন ডি’অরের মতো ক্রিকেটেও বর্ষসেরা পুরস্কার ঘিরে বিশ্বজোড়া উন্মাদনা তৈরি করতে পারেন কি না জয় শাহরা।



