Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ফের একাধিক (Arjun Singh) গুরুতর অভিযোগ তুললেন রাজ্যের পরিবহণমন্ত্রী অর্জুন সিং। এবার তাঁর দাবি, রাশিয়া ও আমেরিকার বিভিন্ন ব্যাঙ্কে কয়েকশো কোটি টাকা জমা রয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। শুক্রবার ব্যারাকপুর থানার বিজয়া সম্মেলনীর অনুষ্ঠানে যোগ দিয়ে এই মন্তব্য করেন মন্ত্রী। যদিও তাঁর এই দাবির সমর্থনে কোনও নির্দিষ্ট নথি বা প্রমাণের কথা প্রকাশ্যে তুলে ধরেননি তিনি।
রাজ্যের দেনা নিয়ে সরব অর্জুন (Arjun Singh)
এদিন বক্তব্য রাখতে গিয়ে অর্জুন সিং (Arjun Singh) আরও দাবি করেন, রাজ্যের বিভিন্ন দফতরে কাজ করার ক্ষেত্রে কোনও স্বাধীনতা নেই। তাঁর অভিযোগ, প্রশাসনের বিভিন্ন ক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রভাব রয়েছে। রাজ্যের আর্থিক পরিস্থিতি নিয়েও সরব হন তিনি। মন্ত্রীর বক্তব্য, বিপুল ঋণের বোঝা নিয়ে বর্তমান সরকারকে কাজ করতে হচ্ছে। তাঁর দাবি, রাজ্যের দেনার পরিমাণ প্রায় ৮ লক্ষ কোটি টাকা।
ইন্দ্রনীল সেনকে নিয়েও মন্তব্য (Arjun Singh)
শুধু অভিষেক নন, ইন্দ্রনীল সেনকে নিয়েও মন্তব্য করেন অর্জুন সিং। তাঁর দাবি, ইন্দ্রনীলের বিরুদ্ধে এমন কিছু প্রমাণ রয়েছে, যা সামনে এলে তাঁর পক্ষে পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হবে। পাশাপাশি এই ঘটনার সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যোগ রয়েছে বলেও অভিযোগ করেন তিনি। তাঁর দাবি, কয়েক কোটি টাকা এই ঘটনায় জড়িত রয়েছে।
আরও পড়ুন: Suvendu Adhikari: রাজনৈতিক হিংসায় নিহতদের পরিবারের পাশে রাজ্য সরকার ঘোষণা মুখ্যমন্ত্রীর
উল্লেখ্য, এর আগের দিনই মুখ্যমন্ত্রীর গতিবিধির উপর নজরদারির অভিযোগ তুলেছিলেন পরিবহণমন্ত্রী। তাঁর দাবি ছিল, ১৮০ জনের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিয়োগ করা কয়েকজন সদস্য মুখ্যমন্ত্রীর গতিবিধির খবর রাখেন।


