Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: সকাল থেকেই মেঘে ঢাকা কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলার আকাশ (Kolkata Weather)। কোথাও হালকা, কোথাও মাঝারি বৃষ্টির সম্ভাবনা। তার সঙ্গে বজ্রবিদ্যুতের আশঙ্কাও রয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক ঘণ্টায় দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। এই পরিস্থিতিতে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর।

কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা? (Kolkata Weather)
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২ থেকে ৩ ঘণ্টায় পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের কিছু অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া ও কলকাতার কিছু এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বজ্রপাতের সময় খোলা জায়গায় না থাকার এবং নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
কালীপুজো পর্যন্ত মনোরম আবহাওয়ার ইঙ্গিত (Kolkata Weather)
তবে বৃষ্টির এই পরিস্থিতি দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা নেই। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বুধবার থেকে কালীপুজোর আগের রাত অর্থাৎ শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। ভোরের দিকে ফাঁকা এলাকায় হালকা কুয়াশার সম্ভাবনাও রয়েছে। বৃহস্পতিবার থেকে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কমলে আবহাওয়ায় ফিরতে পারে হেমন্তের আমেজ। আগামী রবিবারের মধ্যে কলকাতার রাতের তাপমাত্রা প্রায় ৩ ডিগ্রি পর্যন্ত কমতে পারে।
৯ ও ১০ নভেম্বর ফের বৃষ্টির ভ্রুকুটি (Kolkata Weather)
কালীপুজোর পরেই অবশ্য আবহাওয়ার পরিবর্তনের ইঙ্গিত। সোমবার, ৯ নভেম্বর উপকূলবর্তী পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ১০ নভেম্বর দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
আরও পড়ুন: Government Job: রাজনৈতিক হিংসায় নিহতদের পরিবারের পাশে রাজ্য, মিলবে গ্রুপ-ডি চাকরি
১১ নভেম্বর বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপ!
১১ নভেম্বর বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। এর প্রত্যক্ষ প্রভাব তামিলনাড়ু ও অন্ধ্র উপকূলে পড়তে পারে। পরোক্ষ প্রভাবে বাংলায় পূবালি হাওয়ার দাপট বাড়তে পারে। ফলে ফের বাড়তে পারে বাতাসে জলীয় বাষ্প এবং অস্বস্তি। ১৩ নভেম্বর দক্ষিণবঙ্গের উপকূলবর্তী ও পশ্চিমের কিছু জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।



