Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: দশ হাতে অস্ত্র, অসুর বিনাশের ভঙ্গি, আর গোটা শরীরজুড়ে রুদ্রাক্ষের অপূর্ব কারুকাজ (Kalna)! দেবী কালীর এমন রূপ সচরাচর দেখা যায় না। দুর্গার মতো দশভুজা রূপে ভারতমাতার আদলে তৈরি এই কালীপ্রতিমা ইতিমধ্যেই নজর কেড়েছে শিল্পপ্রেমীদের। প্রায় ১ লক্ষ ৭৫ হাজার রুদ্রাক্ষ দিয়ে তৈরি ১৪ ফুট উচ্চতার এই অভিনব প্রতিমা গড়ে তাক লাগিয়ে দিয়েছেন কালনার তরুণ শিল্পী অরিজিৎ গঙ্গোপাধ্যায়। নদিয়ার ফুলিয়ার কাছে আড়ংঘাটার ইয়ং স্টার ক্লাবের কালীপুজোয় এবার অন্যতম আকর্ষণ হতে চলেছে এই প্রতিমা।

ভারতমাতার ভাবনায় দশভুজা কালী (Kalna)
এবারের প্রতিমা তৈরির ভাবনার কেন্দ্রে রয়েছে দেশাত্মবোধ। ভারতমাতার আদলে দেবী কালীর রূপ ফুটিয়ে তুলতে চেয়েছেন শিল্পী। দুর্গার মতো দশটি হাতের মাধ্যমে অসুর বিনাশের প্রতীকী রূপ তুলে ধরা হয়েছে। প্রতিমার প্রতিটি অংশে রয়েছে রুদ্রাক্ষের নিপুণ ব্যবহার। ৪ মিলিমিটার থেকে শুরু করে ১৩ মিলিমিটার পর্যন্ত বিভিন্ন মাপের রুদ্রাক্ষ সংগ্রহ করা হয়েছে উত্তরাখণ্ড থেকে। সব মিলিয়ে ব্যবহার করা হয়েছে ১ লক্ষ ৭৫ হাজার রুদ্রাক্ষ। যার দাম কেজি প্রতি গড়ে প্রায় ৩৬ হাজার টাকা। ফলে এই প্রতিমা শুধু ধর্মীয় আবেগের নিদর্শন নয়, শিল্পীর অসাধারণ সৃজনশীলতারও পরিচয় বহন করছে।
এক দেশলাই, এক লক্ষ ব্লেড থেকে এবার রুদ্রাক্ষের মহিমা (Kalna)
কালনা শহরের কাঁসারিপাড়ার বাসিন্দা অরিজিৎ গঙ্গোপাধ্যায় এর আগেও একাধিক অভিনব শিল্পকর্ম তৈরি করে পরিচিতি পেয়েছেন। কখনও ৬০ হাজার খুচরো পয়সা দিয়ে কালীপ্রতিমা, কখনও একটি মাত্র দেশলাই কাঠি ব্যবহার করে প্রতিমা, আবার কখনও এক লক্ষ ব্লেড দিয়ে কালীমূর্তি তৈরি করে চমকে দিয়েছেন তিনি। এমনকী একখণ্ড চকের উপর দেবী দুর্গার অবয়ব ফুটিয়েও নজর কেড়েছিলেন। এবার তাঁর শিল্পভাবনায় যুক্ত হয়েছে রুদ্রাক্ষ এবং দেশাত্মবোধ। প্রায় আড়াই মাসের পরিশ্রমে তৈরি হয়েছে এই বিশাল প্রতিমা।

শিল্পীর অনুপ্রেরণা ‘বন্দেমাতরম’ (Kalna)
অরিজিতের কথায়, প্রতিমা তৈরির শুরু থেকেই তাঁর মনে গেঁথে ছিল ভারত বন্দনার ভাবনা। ‘বন্দেমাতরম’ শব্দটিকেই শিল্পকর্মের মূল সুর হিসেবে বেছে নিয়েছিলেন তিনি। শিল্পীর ইচ্ছা, প্রতিমাটি দর্শন করে প্রত্যেকের মনে অন্তত একবার যেন উচ্চারিত হয় বন্দেমাতরম। তাঁর আশা, এই অভিনব শিল্পকর্মের মাধ্যমে দেশাত্মবোধের বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে পারবেন। এই কাজে অরিজিতকে সহযোগিতা করেছেন তাঁর মা সুস্মিতা গঙ্গোপাধ্যায়। আড়াই মাস ধরে মা ও ছেলের নিরলস প্রচেষ্টায় রুদ্রাক্ষের প্রতিটি দানা দিয়ে ধীরে ধীরে ফুটে উঠেছে দেবীর অনন্য অবয়ব।
আরও পড়ুন: Dhanteras Gold Price: ধনতেরাসে সোনা আনুন ঘরে, দামে বিরাট পতন!
বিশেষভাবে সক্ষমদের হাতেই উদ্বোধন
শুধু প্রতিমাতেই নয়, মণ্ডপসজ্জাতেও রয়েছে দেশাত্মবোধের বিশেষ ছাপ। দিল্লির ঐতিহাসিক লালকেল্লার আদলে তৈরি হয়েছে ইয়ং স্টার ক্লাবের পুজোমণ্ডপ। শনিবার বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের হাত দিয়ে প্রতিমার উদ্বোধন করা হয়েছে। কালীপুজো উপলক্ষে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। সেখানে গান পরিবেশন করতে মুম্বই থেকে আসবেন শিল্পীরা।



