Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: হস্টেলের ঘর থেকে উদ্ধার এনআরএস হাসপাতালের হাউস স্টাফ চিকিৎসকের ঝুলন্ত দেহ (NRS Hospital)। দীপাবলির সন্ধ্যায় এই ঘটনায় চাঞ্চল্য ছড়াল নাগেরবাজার এলাকায়। মৃত চিকিৎসকের নাম অভিজিৎ সরকার। নদিয়ার মাঝেরগ্রামের বাসিন্দা অভিজিতের রহস্যমৃত্যুকে ঘিরে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। বিশেষ করে মৃত্যুর আগে সোশ্যাল মিডিয়ায় তাঁর একের পর এক পোস্ট এবং নিরাপত্তা চেয়ে করা আবেদন ঘিরে ক্রমশ ঘনীভূত হচ্ছে রহস্য। পরিবারের দাবি, এটি আত্মহত্যা নয়, পরিকল্পিত খুন। যদিও মৃত্যুর প্রকৃত কারণ এখনও নিশ্চিত নয়।
হস্টেলের ঘর থেকে উদ্ধার চিকিৎসকের দেহ (NRS Hospital)
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নাগেরবাজারের একটি পেইং গেস্ট হস্টেলের তিনতলায় একটি ঘরে থাকতেন অভিজিৎ। দীপাবলির দিন দুপুরে স্বাভাবিকভাবেই খাবার খেয়েছিলেন তিনি। কিন্তু সন্ধ্যায় তাঁর ঘর থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেহ উদ্ধার হয়। হস্টেলের এক কর্মীর দাবি, ঘর থেকে একটি সুইসাইড নোটও পাওয়া গিয়েছে। সেখানে আত্মহত্যার কথা লেখা ছিল বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। তবে হস্টেলের অন্য আবাসিকদের দাবি, তাঁরা কোনও অস্বাভাবিক পরিস্থিতি আঁচ করতে পারেননি। বর্তমানে ওই ঘরটি তালাবন্ধ করে রাখা হয়েছে(NRS Hospital)।।
মৃত্যুর আগে সোশ্যাল মিডিয়ায় বাঁচার আর্তি! (NRS Hospital)
এই ঘটনার সবচেয়ে উদ্বেগজনক দিক অভিজিতের মৃত্যুর আগে করা সোশ্যাল মিডিয়া পোস্টগুলি। একটি পোস্টে তিনি লিখেছিলেন, তাঁকে যেন এই কষ্টকর পরিস্থিতি থেকে নিরাপদে বেরিয়ে আসতে সাহায্য করা হয়। হস্টেলে কয়েকজনের আচরণের কারণে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জানিয়েছিলেন। এমনকী, ওই ব্যক্তিরা প্রভাবশালী হতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন তিনি। জরুরি ভিত্তিতে নিরাপত্তা, সহায়তা এবং নিরাপদে বাড়ি ফেরার ব্যবস্থাও চেয়েছিলেন। অন্য একটি পোস্টে তাঁর লেখা, ‘আমি আর পেরে উঠছি না।’ মৃত্যুর আগে কেন এমন অসহায় আবেদন করেছিলেন অভিজিৎ, তা নিয়েই উঠছে একাধিক প্রশ্ন।
খুনের অভিযোগ পরিবারের (NRS Hospital)
অভিজিতের পরিবারের দাবি, বেশ কিছুদিন ধরেই তিনি আতঙ্ক ও নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছিলেন। পরিবারের সদস্যরা ফোনে যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন ধরছিলেন না। অথচ নিয়মিত হোয়াটসঅ্যাপ স্টেটাস দিচ্ছিলেন। পরিবারের আশঙ্কা ছিল, তাঁদের সঙ্গে যোগাযোগ করলে তাঁদের উপরেও কোনও প্রভাব পড়তে পারে। পরিবারের এক সদস্যের কথায়, অভিজিৎ অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন। গ্রামের ছেলে হিসেবে সকলের কাছে পরিচিত ছিলেন। তাঁর এমন মৃত্যু মেনে নিতে পারছেন না কেউই। পরিবারের স্পষ্ট অভিযোগ, তাঁদের ছেলেকে খুন করা হয়েছে। মুখ্যমন্ত্রীর কাছে নিরপেক্ষ তদন্তের আবেদনও জানিয়েছেন তাঁরা।
সুইসাইড নোট থেকে সোশ্যাল মিডিয়া
ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। হস্টেলের আবাসিক ও কর্মীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। উদ্ধার হওয়া সুইসাইড নোটের সত্যতা, অভিজিতের সোশ্যাল মিডিয়া পোস্ট এবং পরিবারের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। মৃত্যুর আগে তিনি ঠিক কী পরিস্থিতির মধ্যে ছিলেন, কারও সঙ্গে তাঁর কোনও বিরোধ হয়েছিল কি না, সেই বিষয়গুলিও তদন্তের আওতায় আসতে পারে। আত্মহত্যা, নাকি এর পিছনে অন্য কোনও অপরাধমূলক ঘটনা রয়েছে—তা ময়নাতদন্ত ও তদন্তের রিপোর্টের উপর নির্ভর করছে। একজন তরুণ চিকিৎসকের এমন রহস্যমৃত্যুর প্রকৃত কারণ জানতে এখন পুলিশের তদন্তের দিকেই তাকিয়ে পরিবার ও এলাকাবাসী।



