Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: কালীপুজোর রাতে কলকাতার টালা এলাকায় ব্রিটিশ আমলের পুরনো পানীয় জলের পাইপ ফেটে বিপত্তি (Tala Water Crisis)। ঘটনার পর ২৪ ঘণ্টারও বেশি সময় পেরিয়ে গেলেও পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি। মঙ্গলবার সকালেও টালার বিস্তীর্ণ অংশ জলমগ্ন। একাধিক এলাকায় পানীয় জল সরবরাহ ব্যাহত হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। কলকাতা পুরসভার তরফে জানানো হয়েছে, পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক হতে আরও অন্তত ৪৮ ঘণ্টা সময় লাগতে পারে।
মেরামতির কাজ শুরু করতেই বড় বাধা (Tala Water Crisis)
টালা ট্যাঙ্ক থেকে পরিশোধিত পানীয় জল কলকাতার বিস্তীর্ণ এলাকায় পৌঁছে দেওয়ার জন্য ব্যবহৃত হয় দীর্ঘদিনের পুরনো পাইপলাইন। সেই পাইপ ফেটেই এই বিপত্তি। বিভিন্ন এলাকায় জমে থাকা জল পাম্পিং স্টেশনের সাহায্যে সরানোর ব্যবস্থা করা হয়েছে। তবে মূল পাইপলাইন মেরামতির কাজ এখনও শুরু করা সম্ভব হয়নি। কারণ, পাইপের মধ্যে জল সরবরাহ বন্ধ না করা পর্যন্ত মেরামতির কাজ এগোনো যাচ্ছে না। ফলে পরিস্থিতি সামাল দিতে সময় লাগছে।
রেল পরিষেবাতেও প্রভাব, বাড়ছে সাধারণ মানুষের দুর্ভোগ (Tala Water Crisis)
পাইপ ফেটে বেরিয়ে আসা জলে রেললাইনের একাধিক অংশ জলমগ্ন হয়ে পড়েছে। রেল ট্র্যাকের উপর জল জমে থাকার কারণে চক্ররেল পরিষেবা বন্ধ রয়েছে। পাশাপাশি শিয়ালদহ ও কলকাতা স্টেশন থেকে চলাচলকারী ট্রেন পরিষেবাতেও বিঘ্ন ঘটছে। ফলে নিত্যযাত্রীদের দুর্ভোগ আরও বেড়েছে। রেললাইনের উপর বালির বস্তা দিয়ে জল আটকানোর চেষ্টা চলছে। পাম্পের সাহায্যে ম্যানহোলের মাধ্যমে জমা জল অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।
আটটি এলাকায় পানীয় জল সরবরাহে বিঘ্ন, ট্যাঙ্কারের ব্যবস্থা (Tala Water Crisis)
কলকাতা পুরসভার নির্দেশিকা অনুযায়ী, চিত্তরঞ্জন অ্যাভিনিউ, রাজাবাজার, পার্ক সার্কাস, এজেসি বোস রোড, কলেজ স্ট্রিট চত্বর, বিধান সরণি, বালিগঞ্জ এবং কসবা এলাকায় পানীয় জল পরিষেবা ব্যাহত হতে পারে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে জল সরবরাহের বিকল্প ব্যবস্থা হিসেবে ট্যাঙ্কার পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। জলের সমস্যায় পড়লে কলকাতা পুরসভার হেল্পলাইন নম্বর ০৩৩ ২২৮৬ ১২১২, ১২১৩, ১৩১৪, ১৪১৪ এবং মোবাইল নম্বর ৯৮৩০৩ ২৮৩৩০-এ যোগাযোগ করতে বলা হয়েছে।
আরও পড়ুন: Swapnil Chakrabarty: কবিতার আড়ালে প্রতারণার জাল! স্বপ্ননীল চক্রবর্তীকে নিয়ে সমাজমাধ্যমে তোলপাড়
সমস্যার সমাধানে বিশেষ নম্বর দিলেন চন্দ্রিমা ভট্টাচার্য
পরিস্থিতি নিয়ে মুখ খুলেছেন রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি জানিয়েছেন, টালা থেকে জল সরবরাহ হওয়া কোনও এলাকায় বাসিন্দারা জলের সমস্যায় পড়লে বা ট্যাঙ্কার না পৌঁছলে ৯৮৩১১ ২৭৫২২ নম্বরে ফোন অথবা হোয়াটসঅ্যাপ করে অভিযোগ জানাতে পারবেন। নম্বরটি কলকাতা পুরসভার ইঞ্জিনিয়ার কল্লোলবাবুর বলে জানিয়েছেন তিনি। মন্ত্রী আরও জানান, ভবিষ্যতে যাতে এই ধরনের সমস্যা না হয়, সেই লক্ষ্যেই নতুন পাইপের ব্যাস আগের তুলনায় প্রায় দ্বিগুণ করা হচ্ছে। পুরসভার আধিকারিক ও ইঞ্জিনিয়াররা পরিস্থিতির উপর নজর রাখছেন।



