Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: জম্মু-কাশ্মীরে ফের উদ্বেগজনক পরিস্থিতি। পরপর দুই ঘটনায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে উপত্যকাজুড়ে (Kashmir)। একদিকে দক্ষিণ কাশ্মীরের কুলগামে সিআরপিএফের তল্লাশি চৌকি লক্ষ্য করে জঙ্গি হামলার অভিযোগ, অন্যদিকে কিশতওয়ারে নিখোঁজ দুই স্পেশাল পুলিশ অফিসারের (SPO) গুলিবিদ্ধ দেহ উদ্ধার। সেনাবাহিনীর সঙ্গে টহলদারিতে বেরিয়ে নিখোঁজ হওয়ার পর জঙ্গলের ভিতর থেকে তাঁদের দেহ উদ্ধার হওয়ায় একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। বিশেষ করে ঘটনাস্থলে কোনও অস্ত্র না মেলায় মৃত্যুর কারণ নিয়ে তৈরি হয়েছে রহস্য। নিরাপত্তা পরিস্থিতির কথা মাথায় রেখে উপত্যকার বিভিন্ন এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে।

কুলগামে সিআরপিএফের তল্লাশি (Kashmir)
দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলার মির বাজারের কাছে আখরানে সিআরপিএফের একটি তল্লাশি চৌকি লক্ষ্য করে হামলার অভিযোগ উঠেছে জঙ্গিদের বিরুদ্ধে। এই ঘটনায় তিন নিরাপত্তাকর্মী গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গিয়েছে। হামলার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় অতিরিক্ত নিরাপত্তাবাহিনী। গোটা এলাকা ঘিরে ফেলে শুরু হয় তল্লাশি অভিযান। হামলাকারীরা কোন পথে পালিয়েছে, তাদের পরিচয় কী এবং এই হামলার পিছনে কোনও জঙ্গি সংগঠনের হাত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পরিস্থিতির গুরুত্ব বুঝে আশপাশের এলাকাতেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে (Kashmir)।
সেনার সঙ্গে টহলে গিয়ে আচমকাই নিখোঁজ দুই SPO
অন্যদিকে, কিশতওয়ার জেলার দুর্গম দাচ্ছন-মারওয়া এলাকায় দুই বিশেষ পুলিশ আধিকারিকের নিখোঁজ হওয়ার ঘটনায় উদ্বেগ ছড়ায়। নিখোঁজ দুই পুলিশকর্মীর নাম রশপাল কুমার এবং ববি চাঁদ। বুধবার সেনাবাহিনীর সঙ্গে যৌথভাবে টহলদারিতে বেরিয়েছিলেন তাঁরা। ধরনা এলাকার সেনা ছাউনির দিকে যাওয়ার সময় আচমকাই তাঁদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। দীর্ঘক্ষণ তাঁদের কোনও খোঁজ না মেলায় উদ্বিগ্ন হয়ে পড়েন নিরাপত্তারক্ষীরা। এরপর পুলিশ ও সেনাবাহিনীর যৌথ উদ্যোগে শুরু হয় তল্লাশি অভিযান।

জঙ্গলের ভিতর মিলল গুলিবিদ্ধ দেহ, তৈরি হল রহস্য
দীর্ঘ তল্লাশির পর বৃহস্পতিবার স্থানীয় জঙ্গলের ভিতর থেকে উদ্ধার হয় দুই নিখোঁজ SPO-র গুলিবিদ্ধ দেহ। কিন্তু এই ঘটনায় তদন্তকারীদের সবচেয়ে বেশি ভাবাচ্ছে ঘটনাস্থলের পরিস্থিতি। কারণ, দুই পুলিশকর্মীর দেহ উদ্ধার হলেও সেখানে কোনও অস্ত্র পাওয়া যায়নি বলে জানিয়েছেন আধিকারিকরা। স্থানীয় সূত্রে দাবি, তাঁরা নিখোঁজ হওয়ার দিন ওই এলাকায় গুলির শব্দও শোনা গিয়েছিল। ফলে কীভাবে তাঁদের মৃত্যু হল, কারা তাঁদের উপর হামলা চালাল এবং ঘটনার পিছনে কোনও পরিকল্পিত ষড়যন্ত্র রয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠছে।
আরও পড়ুন: Abhishek Banerjee: শেষমেশ অভিষেকের বাড়ির সামনে বুলডোজার অ্যাকশন!
জঙ্গি যোগের আশঙ্কা, তদন্তে পুলিশ ও নিরাপত্তাবাহিনী
দুই SPO-র মৃত্যুর পিছনে জঙ্গি হামলার কোনও যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। তাঁদের উপর অতর্কিতে হামলা চালানো হয়েছিল, নাকি অন্য কোনও কারণে এই ঘটনা ঘটেছে, তা এখনও স্পষ্ট নয়। পাশাপাশি কুলগামে সিআরপিএফের তল্লাশি চৌকিতে হামলার ঘটনায় জড়িতদের খোঁজেও তল্লাশি চলছে।



