Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অসমের বরাক উপত্যকায় আবারও শুরু হতে চলেছে জমজমাট ফুটবল মহোৎসব (East Bengal-Mohammedan)। আগামী ১৫ থেকে ২২ নভেম্বর পর্যন্ত করিমগঞ্জের (বর্তমান শ্রীভূমি) শ্রীভূমি জেলা ক্রীড়া সংস্থার (ডিএসএ) স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে ‘কৃপেশ চন্দ্র পাল মেমোরিয়াল ফুটবল প্রতিযোগিতা ২০২৬’। আট দলের এই নক-আউট টুর্নামেন্টে কলকাতার দুই প্রধান ইস্টবেঙ্গল ও মহামেডান স্পোর্টিং ক্লাবের পাশাপাশি অংশ নিচ্ছে মিজোরামের আইজল এফসি এবং প্রতিবেশী দেশ নেপালের ক্লাবও।
টুর্নামেন্টের সূচি ও অংশগ্রহণকারী দল (East Bengal-Mohammedan)
শ্রীভূমি জেলা ক্রীড়া সংস্থার পরিচালনায় আয়োজিত এই প্রতিযোগিতার প্রতিটি ম্যাচই অত্যন্ত আকর্ষণীয় হতে চলেছে। সূচি অনুযায়ী, আগামী ১৫ নভেম্বর উদ্বোধনী ম্যাচে স্থানীয় শ্রীভূমি একাদশ মুখোমুখি হবে নেপালের সেবাজেলো ক্লাবের। এর পরদিন অর্থাৎ ১৬ নভেম্বর দ্বিতীয় ম্যাচে মিজোরামের আইজল এফসি খেলবে বরাক উপত্যকারই লখিপুরের লেনরোল এফসি-র বিরুদ্ধে। ১৭ নভেম্বর তৃতীয় ম্যাচে কলকাতার মহামেডান স্পোর্টিং ক্লাবের প্রতিপক্ষ হিসেবে থাকবে মণিপুরের আসুফী ফুটবল অ্যাকাডেমি। ১৮ নভেম্বর চতুর্থ তথা শেষ কোয়ার্টার ফাইনালে কলকাতার আরেক প্রধান ইস্টবেঙ্গল খেলবে অসমের ডিমা হাসাও জেলার ইউনাইটেড ব্রাদার্স এফসি-র বিরুদ্ধে। এরপর প্রতিযোগিতার দুটি সেমিফাইনাল অনুষ্ঠিত হবে ১৯ ও ২০ নভেম্বর এবং মেগা ফাইনাল ম্যাচটি গড়াবে আগামী ২২ নভেম্বর।
ঐতিহ্যবাহী ট্রফির স্মৃতি ও নতুন উদ্যোগ (East Bengal-Mohammedan)
করিমগঞ্জ তথা বর্তমান শ্রীভূমির ফুটবল ইতিহাসে একসময় ‘রাধাকিষেণ জৈন ট্রফি’ ছিল অত্যন্ত জনপ্রিয় একটি আসর। কলকাতা ও দেশের বিভিন্ন প্রান্তের নামী ক্লাবগুলোর পাশাপাশি বাংলাদেশের দলগুলোও নিয়মিত এই টুর্নামেন্টে অংশ নিত। কিন্তু ১৯৯৮ সালের পর ঐতিহ্যবাহী আর কে জৈন ট্রফি বন্ধ হয়ে যায়। ২০২৪ এবং ২০২৫ সালে একাধিকবার প্রতিশ্রুতি দেওয়া হলেও জেলা ক্রীড়া সংস্থা সেই টুর্নামেন্ট আর চালু করতে পারেনি।
আরও পড়ুন: Delhi Capitals: সৌরভের দিল্লিতে অধিনায়ক বদলের হাওয়া! নেতৃত্ব ছাড়তে চান অক্ষর?
ফুটবলপ্রেমীদের মধ্যে নতুন উদ্দীপনা (East Bengal-Mohammedan)
পুরনো সেই টুর্নামেন্ট শুরু না হলেও, এবার ফুটবলপ্রেমীদের আক্ষেপ মেটাতে এগিয়ে এসেছেন অসম সরকারের মন্ত্রী, স্থানীয় বিধায়ক তথা জেলা ক্রীড়া সংস্থার সভাপতি কৃষ্ণেন্দু পাল (East Bengal-Mohammedan)। তাঁরই বিশেষ উদ্যোগে পিতার নামাঙ্কিত ‘কৃপেশ চন্দ্র পাল মেমোরিয়াল ফুটবল প্রতিযোগিতা’ আয়োজিত হচ্ছে। দীর্ঘ প্রায় ২৮ বছর পর বরাক উপত্যকার মাটিতে কলকাতার বড় দল এবং বিদেশী ক্লাবের খেলা দেখার সুযোগ তৈরি হওয়ায় স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা দিয়েছে।



