Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: ‘বাপ কা বেটা, সিপাহি কা ঘোড়া, কুছ নহি তো থোড়া থোড়া’! প্রবাদটি যেন অক্ষরে অক্ষরে সত্যি করে দেখালেন বীরেন্দ্র শেহওয়াগের ছেলে আর্যবীর শেহওয়াগ (Aaryavir Sehwag)। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে ১৬০ রানের দুরন্ত ইনিংস খেলেছেন তিনি। বাবার মতোই আক্রমণাত্মক ব্যাটিংয়ে নজর কেড়েছেন তরুণ ক্রিকেটার। তবে বীরেন্দ্র শেহওয়াগের মতো ব্যাটিংয়ের সময় কিশোর কুমারের গান নয়, আর্যবীরের মনঃসংযোগ ধরে রাখার মন্ত্র ‘সীতারাম’।
বাবার মতোই ব্যাটিংয়ে বিশেষ কৌশল (Aaryavir Sehwag)
ব্যাটিংয়ের সময় গান গাওয়ার অভ্যাস ছিল বীরেন্দ্র শেহওয়াগের। পাকিস্তানের মুলতানে ঐতিহাসিক ট্রিপল সেঞ্চুরি করার সময়ও ব্যাট হাতে কিশোর কুমারের গান গাইতে দেখা গিয়েছিল তাঁকে। শোয়েব আখতারদের বিরুদ্ধে ব্যাট করার সময় গান গেয়েই নিজের মনঃসংযোগ ধরে রাখতেন বীরু। এবার বাবার সেই অভ্যাসের কথা সামনে আনলেন আর্যবীরও। তবে তাঁর পদ্ধতি কিছুটা আলাদা। ব্যাটিংয়ের সময় মনে মনে একটানা ‘সীতারাম’ জপ করেন তিনি। আর তাতেই বাইরের চিন্তাভাবনা দূরে সরিয়ে খেলায় মন দিতে পারেন।
বাবার পরামর্শেই মনঃসংযোগের মন্ত্র (Aaryavir Sehwag)
সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে ১৬০ রানের ইনিংস খেলার পর নিজের ব্যাটিংয়ের নেপথ্যের গল্প শুনিয়েছেন আর্যবীর। জানিয়েছেন, ব্যাটিং নিয়ে বাবার সঙ্গে নিয়মিত আলোচনা হয় তাঁর। সেখানেই মনঃসংযোগ ধরে রাখার কৌশল শিখেছেন।
আর্যবীরের কথায়, “বাবা আমাকে সব সময় বলেন, ব্যাটিংয়ের সময় ভবিষ্যৎ নিয়ে না ভেবে বর্তমানের দিকে মন দিতে। নিজে মনঃসংযোগ ধরে রাখতে বাবা গান গাইতেন। সেটা ওঁর কাছে রিসেট বাটনের মতো কাজ করত। তবে আমি নিজের মতো একটা উপায় খুঁজে নিয়েছি। ব্যাট করার সময় মনে মনে একটানা ‘সীতারাম’ জপ করি। এতে বাইরের কোনও চিন্তা মাথায় আসতে পারে না।”
সেঞ্চুরির পর বাবার একটি মেসেজই অনেক (Aaryavir Sehwag)
শুধু মনঃসংযোগ নয়, ব্যাটিংয়ের দর্শনেও বাবার পরামর্শ মেনে চলেন আর্যবীর (Aaryavir Sehwag)। তাঁর লক্ষ্য কখনও নির্দিষ্ট রান করা নয়। বরং প্রতিটি বলের দিকে নজর রেখে স্বাভাবিক ক্রিকেট খেলতে চান তিনি। তরুণ ক্রিকেটারের কথায়, “ব্যাট করতে নেমে কখনও ভাবি না যে আমাকে পঞ্চাশ বা একশো রান করতেই হবে। আমি শুধু বলের দিকে নজর রাখি। বল যেখানে পড়ে, সেই অনুযায়ী স্বাভাবিক শট খেলি।”
বাবার প্রশংসা পাওয়াও যে সহজ নয়, তা জানাতে ভোলেননি আর্যবীর। তাঁর কথায়, “বাবা খুব সহজে কারও প্রশংসা করেন না। আমি সেঞ্চুরি করলেও তাঁকে খুব একটা উচ্ছ্বাস প্রকাশ করতে দেখি না। তাই ভালো খেলার পর বাবা যখন মেসেজ করে ‘ওয়েল প্লেড’ লেখেন, তখন মনে হয় যেন গোটা পৃথিবী জয় করে ফেলেছি। মা খুব আবেগপ্রবণ। আশা করি, আমার খেলায় বাবা ও মা দু’জনেই খুশি হয়েছেন।”
আরও পড়ুন: East Bengal-Mohammedan: ২৮ বছর পর কোন টুর্নামেন্টে খেলবে ইস্টবেঙ্গল-মহামেডান?
বাবার আক্রমণাত্মক ব্যাটিংয়ের ছাপ যে ছেলের মধ্যেও রয়েছে, তা ১৬০ রানের ইনিংসেই বুঝিয়ে দিয়েছেন আর্যবীর। এবার তাঁর সামনে লক্ষ্য ধারাবাহিকতা বজায় রাখা এবং ভারতীয় ক্রিকেটে নিজের আলাদা পরিচিতি তৈরি করা।



