Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: কোন বিচারপতি বিজেপির, আর কোন বিচারপতি তৃণমূলের? বিচারপতিদের রাজনৈতিক পরিচয় নিয়ে করা মন্তব্য ঘিরে এবার সরগরম কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। বিচারব্যবস্থার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলার অভিযোগে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে বিচারপতিদের রাজনৈতিক পরিচয়ের তালিকা চাইল কলকাতা হাইকোর্ট। বুধবার বিচারপতি কৃষ্ণা রাওয়ের এজলাসে এই মামলার শুনানিকে কেন্দ্র করে তৈরি হয় যথেষ্ট উত্তেজনা।
সোশ্যাল মিডিয়ার পোস্ট ঘিরেই বিতর্কের সূত্রপাত (Calcutta High Court)
সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর বাড়ির সামনে পুলিশি তৎপরতা নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন। সেই পোস্টে বিচারব্যবস্থার নিরপেক্ষতা নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার। অভিষেকের বিরুদ্ধে ফৌজদারি আদালত অবমাননার মামলা হওয়া উচিত বলেও দাবি জানায় রাজ্য।
আদালতে ভিডিও দেখিয়ে সওয়াল রাজ্যের (Calcutta High Court)
বুধবার বিচারপতি কৃষ্ণা রাওয়ের এজলাসে মামলার শুনানিতে রাজ্যের আইনজীবী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ভিডিও আদালতে তুলে ধরেন। রাজ্যের তরফে যুক্তি দেওয়া হয়, রাজনৈতিক লড়াই বা মতপার্থক্য থাকতেই পারে। কিন্তু সেই রাজনৈতিক সংঘাতের মধ্যে বিচারব্যবস্থাকে টেনে আনা উচিত নয়। বিচারব্যবস্থার নিরপেক্ষতা নিয়ে এভাবে প্রকাশ্যে প্রশ্ন তোলা আদালতের মর্যাদার পক্ষে ক্ষতিকর বলেও দাবি করা হয়।
পাল্টা প্রশ্ন অভিষেকের আইনজীবীর (Calcutta High Court)
অন্যদিকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী পাল্টা সওয়াল করতে গিয়ে বিচারপ্রক্রিয়ার দীর্ঘসূত্রিতা নিয়ে প্রশ্ন তোলেন। তাঁর বক্তব্য, তাঁর মক্কেলের একাধিক মামলা দীর্ঘ তিন মাস ধরে আদালতে বিচারাধীন থাকলেও কোনও অগ্রগতি হচ্ছে না। অথচ অন্য কিছু মামলা দায়ের হওয়ার পর একদিনের মধ্যেই শুনানি হয়ে যাচ্ছে।
আইনজীবীর অভিযোগ, কিছু বিচারপতি সংবিধান রক্ষার চেষ্টা করলেও বিচারপতিদের একাংশ বিজেপির কাছে বিক্রি হয়ে গিয়েছেন। তাঁর বক্তব্য, দীর্ঘদিন ধরে মামলা বিচারাধীন থাকার সুযোগে বিজেপি তাণ্ডব চালাচ্ছে, অথচ কোনও কার্যকর পদক্ষেপ করা হচ্ছে না। এই পরিস্থিতিতে বিচারব্যবস্থার ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
বিচারপতির পাল্টা প্রশ্ন, তালিকা কোথায়?
আইনজীবীর এই মন্তব্যের পরেই বিচারপতি কৃষ্ণা রাও জানতে চান, কোন কোন বিচারপতি বিজেপির এবং কোন কোন বিচারপতি তৃণমূলের, তার তালিকা কোথায়? অর্থাৎ, বিচারপতিদের রাজনৈতিক পরিচয় নিয়ে যে অভিযোগ তোলা হচ্ছে, তার সপক্ষে নির্দিষ্ট তথ্যপ্রমাণ পেশ করার প্রয়োজনীয়তার দিকেই আদালত ইঙ্গিত করে।
আরও পড়ুন: Milk Price: বাড়ল আমুলের দুধের দাম, লিটারে কত টাকা বেশি গুনতে হবে?
বিচারপতি আরও বলেন, তিনি আইনজীবীর সমস্যার কথা মেনে নিচ্ছেন। কিন্তু এই আদালতে সুরাহা না পেলে অন্য আদালত রয়েছে, এমনকী সুপ্রিম কোর্টেও যাওয়ার সুযোগ রয়েছে। অবকাশকালীন বেঞ্চ থাকাকালীন সেখানে আবেদন করা হয়নি কেন, সেই প্রশ্নও তোলেন তিনি। বিচারপতির কথায়, সাধারণ কোনও মানুষ হলে বিষয়টি আলাদা হতে পারত। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষ নন।



