Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: শচীন দাস, ইসলামপুর: ইসলামপুরে (Islampur Bus Accident) ভয়াবহ পথ দুর্ঘটনার কবলে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার যাত্রী বোঝাই বাস। ঘটনায় ১ জনের মৃত্যু সহ ৮ জন ব্যাক্তি আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। বুধবার ভোরে ঘটনাটি ঘটেছে শ্রীকৃষ্ণপুর এলাকায় জাতীয় সড়কের ফ্লাইওভারের উপর। জানা গিয়েছে, একটি সরকারি বাস শিলিগুড়ির দিক থেকে রায়গঞ্জের দিকে যাচ্ছিল।
বাসের পেছনে লরির ধাক্কা (Islampur Bus Accident)
হঠাৎ করে বাসটির সামনের চাকা ফেটে গিয়ে বাসটি (Islampur Bus Accident) বিকল হয়ে পড়ে। সেই চাকা সারাই করতে বাসটি ফ্লাইওভারের পাশে দাঁড়ালে সেইসময় পেছন দিক থেকে আসা একটি লরি বাসটির পেছনে সজোরে ধাক্কা মারে। ঘটনায় গুরুতর জখম হন লরির চালক, খালাসি এবং বাসের এক যাত্রী। পাশাপাশি সরকারি বাসের চালক সহ ৫ থেকে ৬ জন বাসযাত্রীও আহত হন। টায়ার ফাটা এবং দুর্ঘটনার ব্যাপক আওয়াজ শুনে শ্রীকৃষ্ণপুর হাই স্কুলে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ান সহ স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে আহত ব্যক্তিদের উদ্ধার কাজ শুরু করেন।
আরও পড়ুন: Monsoon Alert: জুনে বর্ষার সম্ভাবনা, অথচ প্রস্তুতিহীন কলকাতা পুরসভা?
মৃত ১
এরপর ইসলামপুর থানার পুলিশ, এম্বুলেন্স এবং দমকল বাহিনীকে খবর দেওয়া হলে তারাও ঘটনাস্থলে পৌঁছায়। আহতদের উদ্ধার করে তড়িঘড়ি ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক লরির চালককে মৃত বলে ঘোষণা করেন। যদিও মৃত ওই চালকের নাম পরিচয় জানা যায়নি। অন্যদিকে গুরুতর আহত লরির খালাসি এবং বাসের এক যাত্রীকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়েছে বলে জানা গিয়েছে। এছাড়া বাকি আহত ব্যাক্তিরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই দুর্ঘটনার জেরে শ্রীকৃষ্ণপুর ফ্লাইওভারে বেশ কয়েক ঘন্টা যান চলাচল ব্যহত হয়ে পড়ে। যান চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ অন্যান্য যানবাহন গুলিকে জাতীয় সড়কের সার্ভিস রোড দিয়ে যাওয়ার ব্যবস্থা করে। এছাড়া ক্রেন এনে দুটি গাড়িকেই ঘটনাস্থল থেকে সরানোর ব্যবস্থা করে পুলিশ। তবে কি কারণে লরিটি আচমকা সরকারি বাসের পেছনে ধাক্কা মারলো তা এখনো জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।


