Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: ঘরের মাঠে সমর্থকদের সামনে ইতিহাস গড়ার সুযোগ ছিল বাংলাদেশের (Bangladesh Football)। কিন্তু শক্তিশালী দল নিয়েও পাকিস্তানের কাছে ০-১ গোলে হেরে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠা হল না হামজা চৌধুরীদের। ফলে ২১ বছরের অপেক্ষা আরও দীর্ঘ হল পদ্মাপারের দেশের। অন্যদিকে, প্রথমবারের মতো সাফের ফাইনালে জায়গা করে নিল পাকিস্তান। তবে ম্যাচের ফলের থেকেও বেশি চর্চায় ঢাকার গ্যালারিতে সমর্থকদের তাণ্ডব। প্রিয় দলের হার মেনে নিতে না পেরে গ্যালারিতে আগুন ধরিয়ে দেন ক্ষুব্ধ সমর্থকদের একাংশ। পরিস্থিতি সামাল দিতে সমর্থকদের শান্ত করার চেষ্টা করতে হয় হামজা চৌধুরীকে।
৮৬ মিনিটে স্বপ্নভঙ্গ বাংলাদেশের (Bangladesh Football)
গ্রুপ পর্বে দুরন্ত ফুটবল খেলেছিল বাংলাদেশ। একটিও গোল হজম না করে শেষ চারে পৌঁছেছিল তারা। কিন্তু সেমিফাইনালে এসে থেমে গেল সেই জয়যাত্রা। প্রতিযোগিতায় প্রথমবার গোল হজম করেই বিদায় নিতে হল বাংলাদেশকে। ম্যাচের ৮৬ মিনিটে আবদুল সামাদের করা একমাত্র গোলেই জয় নিশ্চিত করে পাকিস্তান। এই জয়ের সুবাদে প্রথমবার সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠল তারা। অন্যদিকে, ঘরের মাঠে ফাইনালে ওঠার স্বপ্ন অধরাই থেকে গেল হামজাদের।
গোলকিপার শ্রাবণকে ঘিরে বিতর্ক (Bangladesh Football)
বাংলাদেশের হারের পর সমর্থকদের একাংশের নিশানায় গোলকিপার মেহেদি হাসান শ্রাবণ। অভিযোগ, বল ধরে দ্রুত থ্রো করতে গিয়ে ভুল করে প্রতিপক্ষের এক ফুটবলারের পায়ে বল তুলে দেন তিনি। সেই সুযোগ কাজে লাগিয়েই নিচু শটে জালে বল জড়ান সামাদ। তবে বাংলাদেশের হারের জন্য শুধু শ্রাবণকে দায়ী করতে নারাজ অনেকেই। তাঁদের মতে, গোটা প্রতিযোগিতায় দলের অন্যতম ভরসা ছিলেন এই গোলকিপার। একাধিক নিশ্চিত গোল আটকে দলকে বিপদমুক্ত করেছেন তিনি। গ্রুপ পর্বে বাংলাদেশের গোল না খাওয়ার পিছনেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল শ্রাবণের।
আরও পড়ুন: SAFF championship: পাকিস্তান ফাইনালের আগে বড় প্রশ্ন, কেন নেই বিজয়-সুহেল?
হারের হতাশায় গ্যালারিতে আগুন (Bangladesh Football)
ম্যাচের পর ঢাকার গ্যালারির ছবি নিয়ে শুরু হয়েছে তীব্র আলোচনা (Bangladesh Football)। প্রিয় দলের হার মেনে নিতে না পেরে গ্যালারির একাংশে আগুন ধরিয়ে দেন কিছু সমর্থক। ফুটবলে হার-জিত থাকবেই। কিন্তু সেই হতাশা থেকে এমন ঘটনা ঘটিয়ে অন্যদের নিরাপত্তা বিপন্ন করা নিয়ে উঠছে প্রশ্ন। পরিস্থিতি সামাল দিতে গ্যালারির কাছে গিয়ে সমর্থকদের শান্ত করার চেষ্টা করেন হামজা চৌধুরী। এবার এই ঘটনার পর বাংলাদেশ ফুটবল ফেডারেশন কী পদক্ষেপ করে, সেদিকেই নজর ফুটবলমহলের। মাঠের লড়াইয়ে হারার পাশাপাশি গ্যালারির এমন ঘটনায় অস্বস্তিতে বাংলাদেশ ফুটবলও।



