Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: প্যালেস্টাইনের বিরুদ্ধে অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে বর্ণবিদ্বেষের শিকার হয়েছিলেন ভারতীয় দলের (AIFF) অধিনায়ক দাল্লালমুয়ান গাংতে। সেই ঘটনার প্রতিবাদে এবার কড়া পদক্ষেপ নিল ফেডারেশন। এশিয়ান ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা AFC-কে চিঠি দিয়ে অভিযুক্ত ফুটবলারের বিরুদ্ধে উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছে ভারতীয় ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। গাংতের পাশে দাঁড়িয়েছে তাঁর ক্লাব নর্থইস্ট ইউনাইটেডও।
বর্ণবিদ্বেষের অভিযোগ (AIFF)
অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বে প্যালেস্টাইনের বিরুদ্ধে ম্যাচে বিতর্কের সূত্রপাত হয় প্রথমার্ধের একেবারে শেষ দিকে। অভিযোগ, প্যালেস্টাইনের ১৯ নম্বর জার্সিধারী ফুটবলার ভারত অধিনায়ক গাংতের উদ্দেশে বর্ণবিদ্বেষী মন্তব্য ও অঙ্গভঙ্গি করেন। ঘটনাটি মাঠের রেফারির নজরে এলেও কোনও পদক্ষেপ করা হয়নি বলে অভিযোগ। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে ওঠে ভারতীয় দল। দ্বিতীয়ার্ধে দুরন্ত ফুটবল উপহার দিয়ে প্যালেস্টাইনকে ৪-১ গোলে হারায় মেহরাজউদ্দিন ওয়াড্ডুর দল।

AFC-কে চিঠি ফেডারেশনের, শাস্তির দাবি (AIFF)
ম্যাচের পর প্যালেস্টাইনের কোচও তাঁর দলের ফুটবলারদের আচরণের জন্য দুঃখপ্রকাশ করেন। তবে বিষয়টি সহজে ছেড়ে দিতে নারাজ ফেডারেশন। বর্ণবিদ্বেষের অভিযোগ জানিয়ে AFC-কে চিঠি দিয়েছে ভারতীয় ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। পুরো ঘটনার তদন্ত করে অভিযুক্ত ফুটবলারের বিরুদ্ধে যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।
আরও পড়ুন: INDIA-PAKISTAN: ক্রিকেটে দূরত্ব, ফুটবলে বন্ধুত্ব! ভারতকে গার্ড অফ অনার পাকিস্তানের

গাংতের পাশে নর্থইস্ট ইউনাইটেড (AIFF)
জাতীয় দলের অধিনায়কের অপমানের ঘটনায় সরব হয়েছে তাঁর ক্লাব নর্থইস্ট ইউনাইটেড এফসিও (AIFF)। ক্লাবের রিজার্ভ দলের প্রতিশ্রুতিমান ফুটবলার গাংতের পাশে দাঁড়িয়ে ঘটনার তীব্র নিন্দা করেছে তারা। পাশাপাশি অভিযুক্ত ফুটবলারের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবিও জানিয়েছে। এবার দেখার, এআইএফএফ-এর চিঠির পরিপ্রেক্ষিতে AFC কী পদক্ষেপ করে।



