Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: ভারতীয় ফুটবলের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে এবার কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর দ্বারস্থ হলেন দেশের একাধিক প্রাক্তন ফুটবলার (Baichung Bhutia)। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডবিয়াকে চিঠি দিয়ে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (এআইএফএফ) সভাপতি কল্যাণ চৌবের নেতৃত্বাধীন পরিচালন ব্যবস্থার বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছেন তাঁরা। ভারতীয় ফুটবলের এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপেরও আর্জি জানিয়েছেন প্রাক্তন ফুটবলাররা। চিঠিতে সই করেছেন বাইচুং ভুটিয়া, দীপক মণ্ডল, অরিন্দম ভট্টাচার্য, রেনেডি সিং, আনোয়ার আলি, ধনচন্দ্র সিং, আলভিটো ডি’কুনহা-সহ একাধিক প্রাক্তন ফুটবলার।
ফিফা র্যাঙ্কিংয়ের অবনতি নিয়ে উদ্বেগ (Baichung Bhutia)
চিঠিতে প্রাক্তন ফুটবলাররা জানিয়েছেন, গত তিন বছরে ভারতের ফিফা র্যাঙ্কিং ৯৫ থেকে নেমে ১৩৮-এ পৌঁছেছে। কল্যাণ চৌবে এবং তাঁর পরিচালন কমিটি দায়িত্ব নেওয়ার পর থেকেই এই অবনতি হয়েছে বলে অভিযোগ তাঁদের। ভারতের মতো ফুটবলপ্রেমী দেশের জন্য এই পরিস্থিতি অত্যন্ত হতাশাজনক বলে দাবি করেছেন তাঁরা। একইসঙ্গে আন্তর্জাতিক স্তরে দেশের ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। বিশেষ করে যখন ভারত নিজেদের ক্রীড়াশক্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে চাইছে এবং ভবিষ্যতে অলিম্পিক আয়োজনের স্বপ্ন দেখছে।
লিগ আয়োজনেও ব্যর্থতার অভিযোগ (Baichung Bhutia)
শুধু ফিফা র্যাঙ্কিংয়ের অবনতিই নয়, দেশে একটি সুষ্ঠু ফুটবল লিগ আয়োজন করতেও ফেডারেশন ব্যর্থ হয়েছে বলে অভিযোগ প্রাক্তন ফুটবলারদের। লিগ শুরুর অনিশ্চয়তার কারণে জামশেদপুর এফসির মতো ক্লাবও বন্ধ হয়ে গিয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। এর ফলে বহু ফুটবলার কর্মসংস্থান হারিয়েছেন। অনেকেই নিয়মিত আয় থেকে বঞ্চিত হচ্ছেন। ফুটবলারদের ভবিষ্যৎ ক্রমশ অনিশ্চিত হয়ে পড়ছে বলেও উদ্বেগ প্রকাশ করেছেন তাঁরা।
আরও পড়ুন: IND vs NZ: নিকোলসের শতরানে ঘুরে দাঁড়াল নিউজিল্যান্ড, চাপে ভারত
ফেডারেশনের বিরুদ্ধে হস্তক্ষেপের আর্জি (Baichung Bhutia)
ভারতীয় ফুটবলের এই ক্রমাবনতির জন্য এআইএফএফের পরিচালন ব্যবস্থার দিকে আঙুল তুলেছেন প্রাক্তন ফুটবলাররা (Baichung Bhutia)। তাঁদের মতে, বর্তমান পরিস্থিতি বদলাতে দ্রুত পদক্ষেপ করা প্রয়োজন। সেই কারণেই কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর কাছে বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করার এবং প্রয়োজনীয় হস্তক্ষেপের আর্জি জানিয়েছেন তাঁরা। এখন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের তরফে এই চিঠির পরিপ্রেক্ষিতে কী পদক্ষেপ করা হয়, সেদিকেই নজর ফুটবল মহলের।



