Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: বিপক্ষে তারকাখচিত বোলিং আক্রমণ (Syed Mushtaq Ali Trophy)। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে টিকে থাকতে গেলে জয়ের বিকল্প ছিল না। এমন গুরুত্বপূর্ণ ম্যাচেই ব্যাট হাতে জ্বলে উঠলেন বাংলার ক্রিকেটাররা। অভিষেক পোড়েল ও করণ লালের বিধ্বংসী ব্যাটিংয়ে উত্তরপ্রদেশের বিরুদ্ধে বড় রান তুলল বাংলা। এরপর প্রদীপ্ত প্রামাণিকের ঘূর্ণিতে মাত্র ১০৮ রানেই গুটিয়ে গেল উত্তরপ্রদেশের ইনিংস। ৯৩ রানের বিশাল জয় তুলে নিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠার আশা আরও জোরালো করল লক্ষ্মীরতন শুক্লার দল। রাজস্থানের বিরুদ্ধে শেষ ম্যাচে এই জয় এবং রান রেট গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
১৫ ওভারে ২০১ রান বাংলার (Syed Mushtaq Ali Trophy)
মুম্বইয়ের বান্দ্রা কুর্লা কমপ্লেক্সের মাঠে বৃষ্টির কারণে ম্যাচের দৈর্ঘ্য কমে দাঁড়ায় ১৫ ওভারে। আর সেই সংক্ষিপ্ত ম্যাচেই বিধ্বংসী ব্যাটিং করে বাংলা। মাত্র ৩ উইকেট হারিয়ে ২০১ রান তোলে তারা। অর্থাৎ রান রেট ১৩-এরও বেশি। শুরুতে সুদীপ কুমার ঘরামির উইকেট হারায় বাংলা। অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণও ১৯ রানের বেশি করতে পারেননি। তবে এরপর ম্যাচের রং বদলে দেন অভিষেক পোড়েল ও করণ লাল।
পোড়েল-করণের ব্যাটে তাণ্ডব (Syed Mushtaq Ali Trophy)
চলতি মরশুমে দারুণ ছন্দে রয়েছেন অভিষেক। উত্তরপ্রদেশের বিরুদ্ধেও তাঁর ব্যাট থেকে এল ৩৯ বলে ৬৯ রান। ইনিংসে ছিল সাতটি চার ও তিনটি ছয়। তবে করণ লাল যেন আরও এক ধাপ এগিয়ে। মাত্র ২৯ বলে ৮২ রান করেন তিনি। তাঁর স্ট্রাইক রেট ২৮২.৭৬। পাঁচটি চার ও আটটি ছক্কায় সাজানো ছিল এই ইনিংস। শেষদিকে ঋষভ চৌধুরীও মাত্র ৭ বলে ১৮ রান করে বাংলাকে ২০০ রানের গণ্ডি পার করান।
ভুবনেশ্বর-কুলদীপদেরও রেয়াত নয় (Syed Mushtaq Ali Trophy)
উত্তরপ্রদেশের বোলিং বিভাগে ছিলেন ভুবনেশ্বর কুমার, কুলদীপ যাদব, যশ দয়াল, শিবম মাভি ও প্রশান্ত বীরের মতো পরিচিত নাম। কিন্তু তাঁদের কাউকেই রেয়াত করেননি বাংলার ব্যাটাররা। বিশেষ করে ভুবনেশ্বরের বিরুদ্ধে আক্রমণাত্মক মেজাজে ছিলেন অভিষেক ও করণ। তাঁর এক ওভার থেকেই আসে ৩০ রান। দিনের শেষে ভুবনেশ্বরের বোলিং পরিসংখ্যান দাঁড়ায় ৩ ওভারে ৫৫ রান। কুলদীপও ৩ ওভারে খরচ করেন ৪১ রান। তাঁর এক ওভার থেকে ১৯ রান তুলে নেন বাংলার ব্যাটাররা।
প্রদীপ্তর ঘূর্ণিতে ধসে উত্তরপ্রদেশ (Syed Mushtaq Ali Trophy)
২০১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে উত্তরপ্রদেশ। মহম্মদ শামি উইকেট না পেলেও মুকেশ কুমার ও সায়ন ঘোষ একটি করে উইকেট নেন। অভিষেক হওয়া অখিলেশ যাদব ২৭ রান দিয়ে দুটি উইকেট তুলে নেন। তবে বল হাতে সবচেয়ে বেশি নজর কাড়েন প্রদীপ্ত প্রামাণিক। মাত্র ১৫ রান খরচ করে তিনটি উইকেট শিকার করেন তিনি। শেষ পর্যন্ত ১০৮ রানেই থেমে যায় উত্তরপ্রদেশের ইনিংস। ৯৩ রানের বড় জয় পায় বাংলা।
কোয়ার্টার ফাইনালের দৌড়ে জমজমাট লড়াই (Syed Mushtaq Ali Trophy)
এই জয়ের ফলে গ্রুপ ‘এ’-তে ছয় ম্যাচে বাংলার পয়েন্ট দাঁড়াল ১৬ (Syed Mushtaq Ali Trophy)। ২.২০৬ রান রেট নিয়ে আপাতত দ্বিতীয় স্থানে রয়েছে তারা। গ্রুপের শীর্ষে থাকা বরোদা এবং তৃতীয় স্থানে থাকা রাজস্থানের পয়েন্টও ১৬। এদিনই মুখোমুখি হওয়ার কথা দুই দলের। ফলে সেই ম্যাচের ফলের দিকেও নজর থাকবে বাংলার।
আরও পড়ুন: Italy Football: লাল কার্ডের পর ছুরি হাতে মাঠে ফুটবলার! আতঙ্কে বন্ধ ম্যাচ
বাংলার গ্রুপ পর্বের শেষ ম্যাচ রাজস্থানের বিরুদ্ধে। কোয়ার্টার ফাইনালে উঠতে সেই ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রত্যেক গ্রুপের শীর্ষে থাকা দল সরাসরি শেষ আটে জায়গা পাবে। পাশাপাশি পাঁচটি গ্রুপের দ্বিতীয় স্থানে থাকা দলগুলির মধ্যে সেরা তিনটিও কোয়ার্টার ফাইনালে উঠবে। তাই বড় জয়ের সুবাদে রান রেট বাড়িয়ে রাখাটা বাংলার কাছে বড় স্বস্তি।



