Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: ওয়েলিংটন টেস্ট ড্র হওয়ায় বড়সড় ধাক্কা খেয়েছে ভারতের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার স্বপ্ন (India vs New Zealand)। আগামী শুক্রবার থেকে শুরু সিরিজের দ্বিতীয় টেস্ট। কার্যত সিরিজ নির্ধারক এই ম্যাচে ঘুরে দাঁড়াতে মরিয়া শুভমান গিলের ভারত। তবে ক্রাইস্টচার্চের হ্যাগলে ওভাল টেস্টের আগে প্রথম একাদশ নিয়ে তৈরি হয়েছে একাধিক প্রশ্ন। বোলিং বিভাগে পরিবর্তন করতে পারে টিম ইন্ডিয়া। বিশেষ করে পেসার অংশুল কাম্বোজের জায়গায় কে সুযোগ পাবেন, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা।
হ্যাগলে ওভালেও কি ভোগাবে পাটা পিচ? (India vs New Zealand)
ওয়েলিংটনের বেসিন রিজার্ভে প্রখর রোদ এবং পাটা পিচের কারণে যথেষ্ট সমস্যায় পড়তে হয়েছিল ভারতীয় বোলারদের। হ্যাগলে ওভালেও পরিস্থিতি খুব একটা আলাদা হবে না বলেই আশঙ্কা। আগামী কয়েক দিনে ক্রাইস্টচার্চের তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকার সম্ভাবনা। ফলে ম্যাচ যত এগোবে, পিচ তত ব্যাটিং সহায়ক হয়ে উঠতে পারে। এই পরিস্থিতিতে চার পেসার নিয়ে মাঠে নামার পরিকল্পনা কতটা কার্যকর হবে, তা নিয়ে ভাবতে হচ্ছে ভারতীয় টিম ম্যানেজমেন্টকে।
প্রত্যাশা পূরণে ব্যর্থ কাম্বোজ, বাড়ছে সংশয় (India vs New Zealand)
ওয়েলিংটন টেস্টে প্রত্যাশা পূরণ করতে পারেননি হরিয়ানার পেসার অংশুল কাম্বোজ। দুই ইনিংস মিলিয়ে তিনটি উইকেট পেলেও নিউজিল্যান্ডের ব্যাটারদের নিয়মিত চাপে রাখতে পারেননি তিনি। পিচ থেকে সুইং কিংবা সিম মুভমেন্ট, কোনওটাই সেভাবে আদায় করতে পারেননি। তাঁর শর্ট বলের কৌশলও খুব একটা কাজে আসেনি। বলের গতিতে পর্যাপ্ত বৈচিত্র্য না থাকায় কিউয়ি ব্যাটারদের সমস্যায় ফেলতে পারেননি কাম্বোজ। ফলে দ্বিতীয় টেস্টে তাঁকে খেলানো হবে কি না, তা নিয়ে তৈরি হয়েছে সংশয়।
সিরাজ, সুন্দর নাকি জাদেজা, কার ভাগ্যে শিকে ছিঁড়বে? (India vs New Zealand)
কাম্বোজকে বসানো হলে তাঁর পরিবর্তে কাকে খেলানো হবে, সেটাই এখন বড় প্রশ্ন। ওয়েলিংটন টেস্টে মহম্মদ সিরাজকে না খেলানো নিয়ে কম বিতর্ক হয়নি। কিন্তু দ্বিতীয় টেস্টে তাঁর খেলার সম্ভাবনা খুব একটা বেশি নয় বলেই খবর। অন্যদিকে, ওয়াশিংটন সুন্দর কিংবা রবীন্দ্র জাদেজাকে ফেরানোর সম্ভাবনাও রয়েছে। পিচ ও পরিবেশের কথা মাথায় রেখে স্পিন বিভাগে পরিবর্তন আনতে পারে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।
আরও পড়ুন: East Bengal: ডার্বির আগে চিন্তা বাড়ালেন দানি! ভাগ্যের সহায়তা মেনেই হাবাসের সতর্কবার্তা
গুরনুর ব্রারকে নিয়ে বাড়ছে আলোচনা (India vs New Zealand)
কাম্বোজের পরিবর্ত হিসেবে উঠে আসছে গুরনুর ব্রারের নামও (India vs New Zealand)। দীর্ঘদেহী এই পেসারের সবচেয়ে বড় শক্তি তাঁর বলের গতি। কাম্বোজের তুলনায় বেশি গতিতে বল করতে পারেন তিনি। ফলে হ্যাগলে ওভালের পরিস্থিতি বিবেচনা করে গুরনুরকে সুযোগ দেওয়া হতে পারে। তবে শেষপর্যন্ত ভারত চার পেসার নিয়ে মাঠে নামবে, নাকি বোলিং বিভাগে ভারসাম্য আনতে স্পিনার বাড়াবে, তা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়াতে হলে সঠিক একাদশ বেছে নেওয়াই এখন শুভমান গিলের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।



