Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: ক্রিকেটে ১১ নম্বরে ব্যাট করতে নামা মানেই সাধারণত ইনিংসের শেষ ভরসা একজন বোলার (Jaydev Unadkat)। তাঁর কাছ থেকে বড় রানের প্রত্যাশা করেন না কেউই। কিন্তু সেই ধারণাই বদলে দিলেন জয়দেব উনাদকাট। বৃহস্পতিবার তামিলনাড়ুর বিরুদ্ধে সৈয়দ মুস্তাক আলি ট্রফির ম্যাচে ১১ নম্বরে ব্যাট করতে নেমে ইতিহাস গড়লেন সৌরাষ্ট্রের এই অভিজ্ঞ পেসার। মাত্র ২৬ বলে ৪০ রানের ঝোড়ো ইনিংস খেলে টি-টোয়েন্টি ক্রিকেটে ১১ নম্বরে ব্যাট করতে নেমে সর্বোচ্চ রানের নতুন রেকর্ড গড়লেন তিনি। যদিও উনাদকাটের এই অবিশ্বাস্য লড়াই শেষ পর্যন্ত দলকে জেতাতে পারেনি।
৯ উইকেট পড়ে যাওয়ার পর উনাদকাটের ঝড় (Jaydev Unadkat)
বৃহস্পতিবার ইন্দোরের হোলকার স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল সৌরাষ্ট্র ও তামিলনাড়ু। টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় সৌরাষ্ট্র। প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৯২ রান তোলে তামিলনাড়ু।
জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই বিপর্যয়ের মুখে পড়ে সৌরাষ্ট্র। মাত্র ৯ ওভারের মধ্যে ৯৫ রানে ৯ উইকেট হারিয়ে বসে তারা। কার্যত তখনই ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়ে গিয়েছিল। কিন্তু শেষ উইকেটে ব্যাট করতে নেমে পাল্টা লড়াই শুরু করেন জয়দেব উনাদকাট। তাঁকে সঙ্গ দেন চেতন সাকারিয়া। দু’জনের জুটিতে মাত্র ২৯ বলে ওঠে ৬২ রান।
২৬ বলে ৪০, ভাঙলেন পুরনো রেকর্ড (Jaydev Unadkat)
উনাদকাটের ব্যাট থেকে আসে ২৬ বলে ৪০ রান। তাঁর ইনিংসে ছিল তিনটি চার ও দু’টি ছক্কা। অন্য প্রান্তে চেতন সাকারিয়াও যথেষ্ট লড়াই করেন। তবে ১৬.৪ ওভারে এই জুটি ভাঙতেই শেষ হয়ে যায় সৌরাষ্ট্রের ইনিংস। ৩৮ রানে ম্যাচ জিতে নেয় তামিলনাড়ু।
তবে ম্যাচ হারলেও ব্যক্তিগত কৃতিত্বে ইতিহাসের পাতায় জায়গা করে নিলেন উনাদকাট। টি-টোয়েন্টি ক্রিকেটে ১১ নম্বরে ব্যাট করতে নেমে এর আগে সর্বোচ্চ রানের রেকর্ড ছিল ইংল্যান্ডের পেসার ড্যানি ব্রিগসের। ২০২০ সালে বিগ ব্যাশ লিগে অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে হোবার্ট হ্যারিকেনসের বিরুদ্ধে ১৮ বলে অপরাজিত ৩৫ রান করেছিলেন তিনি। এবার সেই রেকর্ড ভেঙে দিলেন সৌরাষ্ট্রের পেসার।
তালিকায় পিছনে ডমিনিক ড্রেকসও (Jaydev Unadkat)
এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজ়ের ডমিনিক ড্রেকস। ২০১৯ সালে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের হয়ে বার্বাডোজ় ট্রাইডেন্টসের বিরুদ্ধে ১৪ বলে অপরাজিত ৩৪ রান করেছিলেন তিনি। এবার ৪০ রান করে সবাইকে ছাপিয়ে গেলেন উনাদকাট।
রেকর্ড গড়েও স্বস্তি নেই সৌরাষ্ট্রের (Jaydev Unadkat)
চলতি সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে এলিট গ্রুপ ‘বি’-তে রয়েছে সৌরাষ্ট্র (Jaydev Unadkat)। এই গ্রুপে তাদের প্রতিপক্ষ দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, জম্মু ও কাশ্মীর, তামিলনাড়ু, বিহার এবং রেলওয়েজ। গ্রুপের প্রথম স্থানাধিকারী দল সরাসরি নকআউটে উঠবে। পাশাপাশি সেরা তিনটি দ্বিতীয় স্থানে থাকা দলও পাবে পরের পর্বে খেলার সুযোগ।
আরও পড়ুন: Carlos Tevez: মেসি-রোনাল্ডো কি ফের মুখোমুখি? চমক একঝাঁক তারকার
তবে তামিলনাড়ুর কাছে হারের ফলে সৌরাষ্ট্রের লড়াই কঠিন হয়ে গেল। উনাদকাটের ব্যাটে ব্যক্তিগত রেকর্ড এল ঠিকই, কিন্তু দলের হার আটকানো গেল না। ক্রিকেটের মাঠে তাই এদিন এক অদ্ভুত ছবি—১১ নম্বর ব্যাটারের ব্যাটে বিশ্বরেকর্ড, অথচ শেষ হাসি প্রতিপক্ষের!



