Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: ফুটবলপ্রেমীদের জন্য সুখবর! ফের একসঙ্গে ফুটবল মাঠে দেখা যাবে লিওনেল মেসি ও আর্জেন্তিনার একাধিক প্রাক্তন তারকাকে (Carlos Tevez)। উপলক্ষ কার্লোস তেভেজের বিদায়ী ম্যাচ। আগামী ২০ ডিসেম্বর বুয়েনস আইরেসের লা বোম্বোনেরা স্টেডিয়ামে আয়োজিত হবে এই বিশেষ ম্যাচ। বৃহস্পতিবার আয়োজকদের তরফে নিশ্চিত করা হয়েছে, প্রাক্তন সতীর্থ তেভেজের বিদায়ী ম্যাচে খেলবেন মেসি। শুধু মেসি নন, এই ম্যাচে অংশ নিতে চলেছেন বিশ্ব ফুটবলের আরও একাধিক পরিচিত মুখ।
২০২২ সালে পেশাদার ফুটবলকে বিদায় তেভেজের (Carlos Tevez)
‘অ্যাপাচে’ নামে পরিচিত কার্লোস তেভেজ ২০২২ সালে পেশাদার ফুটবল থেকে অবসর নেন। দীর্ঘ ফুটবল কেরিয়ারে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড, ম্যাঞ্চেস্টার সিটি ও জুভেন্তাসের মতো একাধিক বড় ক্লাবে খেলেছেন আর্জেন্তিনার এই তারকা স্ট্রাইকার। তবে তাঁর ফুটবল জীবনের শেষ অধ্যায় লেখা হয়েছিল ছোটবেলার ক্লাব বোকা জুনিয়র্সে। ৪২ বছর বয়সি তেভেজ় এবার নিজের ফুটবল কেরিয়ারকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানাতে চান সতীর্থ ও সমর্থকদের সামনে।
মেসি-রোনাল্ডোকে নিয়ে বিশেষ স্বপ্ন ছিল তেভেজের (Carlos Tevez)
বিদায়ী ম্যাচ নিয়ে গত বছর নিজের একটি ইচ্ছার কথা জানিয়েছিলেন তেভেজ। তিনি চেয়েছিলেন, লিওনেল মেসি এবং ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে তাঁর প্রাক্তন সতীর্থ ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে বিপরীত দুই দলে খেলতে দেখা যাক। যদিও সেই স্বপ্ন কতটা বাস্তবায়িত হবে, তা এখনও স্পষ্ট নয়। এই ম্যাচে রোনাল্ডোর খেলার বিষয়টি এখনও নিশ্চিত করা হয়নি। তবে মেসির উপস্থিতি নিশ্চিত হওয়ায় সমর্থকদের মধ্যে ইতিমধ্যেই উত্তেজনা তৈরি হয়েছে।
মেসির সঙ্গে থাকছেন আরও একঝাঁক তারকা (Carlos Tevez)
বৃহস্পতিবার ইনস্টাগ্রামে আয়োজকদের তরফে মেসিকে স্বাগত জানিয়ে লেখা হয়েছে, ‘বিশ্বের সেরা ফুটবলারকে অ্যাপাচের শেষ নাচে স্বাগত জানানো আমাদের কাছে সত্যিই বড় সম্মানের।’ মেসির পাশাপাশি এই ম্যাচে খেলার কথা নিশ্চিত করেছেন সের্জিয়ো আগুয়েরো, রিও ফার্দিনান্দ, লিয়ান্দ্রো পারেদেস, জিয়ানলুইজি বুফোঁ এবং মার্টিন পালার্মো। ফলে ২০ ডিসেম্বরের এই ম্যাচে একাধিক প্রজন্মের তারকা ফুটবলারদের একসঙ্গে দেখার সুযোগ পাবেন সমর্থকেরা।
আরও পড়ুন: Mohammed Siraj: বাদ পড়ে আবেগপ্রবণ সিরাজ, সানগ্লাসে ঢাকলেন চোখের জল!
২০ ডিসেম্বর লা বোম্বোনেরায় তারার মেলা (Carlos Tevez)
বোকা জুনিয়র্সের ঘরের মাঠ লা বোম্বোনেরা স্টেডিয়ামে আয়োজিত হবে তেভেজের বিদায়ী ম্যাচ (Carlos Tevez)। দীর্ঘ ফুটবল জীবনে যে সমস্ত সতীর্থ ও প্রতিপক্ষের সঙ্গে স্মরণীয় মুহূর্ত তৈরি করেছেন, তাঁদের অনেককেই আবার এক মঞ্চে পাওয়ার সুযোগ তৈরি হচ্ছে। মেসির উপস্থিতি নিশ্চিত হওয়ার পর এখন সমর্থকদের নজর রোনাল্দোর দিকে। শেষ পর্যন্ত পর্তুগিজ মহাতারকাও এই ম্যাচে যোগ দেন কি না, সেটাই দেখার।



