Last Updated on [modified_date_only] by Sumana Bera
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বিজেপিশাসিত রাজ্যে বাংলাভাষীদের ওপর অত্যাচারের প্রতিবাদে এবার জঙ্গলমহলের রাজপথে নামছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিভূমের পর এবার ঝাড়গ্রাম শহরে ভাষার মর্যাদা রক্ষায় মিছিল করবেন তিনি। আগামী ৬ আগস্ট রাজবাড়ি মোড় থেকে সার্কাস ময়দান পর্যন্ত ভাষা আন্দোলনের (Language Movement) পদযাত্রায় সামিল হবেন আদিবাসী সমাজ। পাশাপাশি ৭ আগস্ট থেকে শুরু হবে চারদিনব্যাপী বিশ্ব আদিবাসী দিবস উদ্যাপন। মুখ্যমন্ত্রীর সফর ঘিরে জেলায় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
ভাষা আন্দোলনের মিছিলে মমতা বন্দ্যোপাধ্যায় (Language Movement)
বাংলা ভাষার উপর বিজেপি শাসিত রাজ্যগুলির ‘আগ্রাসী ভাষা নীতির’ প্রতিবাদে ফের পথে নামছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শান্তিনিকেতনের পর এবার জঙ্গলমহলের প্রাণকেন্দ্র ঝাড়গ্রামে মুখ্যমন্ত্রী নেতৃত্ব দেবেন ভাষা আন্দোলনের মিছিলে। ৬ আগস্ট ঝাড়গ্রাম শহরের রাজবাড়ির মোড় থেকে সার্কাস ময়দান পর্যন্ত এই পদযাত্রা অনুষ্ঠিত হবে। মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকবেন বিশিষ্টজন, আদিবাসী সমাজের প্রতিনিধিরা, বিভিন্ন সম্প্রদায়ের মানুষ, সামাজিক সংগঠন এবং জেলার বিদ্বজ্জনেরা।
ভাষার মর্যাদা রক্ষায় আদিবাসীদের সমর্থন (Language Movement)
বিভিন্ন রাজ্যে বাংলা ভাষায় কথা বলার ‘অপরাধে’ পরিযায়ী শ্রমিকদের উপর নির্যাতনের প্রতিবাদেই এই মিছিল বলে জানানো হয়েছে। আদিবাসী সমাজের একাধিক সংগঠন এই কর্মসূচিকে সমর্থন জানিয়েছে। কুড়মি, সাঁওতালি, মুন্ডা সম্প্রদায়ের মানুষও এই পদযাত্রায় অংশ নেবেন বলে তৃণমূল সূত্রে খবর।
পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের নেতৃত্বে প্রস্তুতি বৈঠক (Language Movement)
মুখ্যমন্ত্রীর সফর ও কর্মসূচি ঘিরে চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়েছে কলকাতার বিধানসভা ভবনে। বুধবার এক উচ্চপর্যায়ের বৈঠকে নেতৃত্ব দেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলা তৃণমূল সভাপতি দুলাল মুর্মু, বিনপুরের বিধায়ক দেবনাথ হাঁসদা, গোপীবল্লভপুরের খগেন্দ্রনাথ মাহাতো প্রমুখ। মিছিল ও অনুষ্ঠান ঘিরে যাবতীয় খুঁটিনাটি তুলে ধরেন ফিরহাদ হাকিম।
৭ আগস্ট বিশ্ব আদিবাসী দিবসের সূচনা
মুখ্যমন্ত্রী ৬ আগস্ট ঝাড়গ্রামে এসে রাত্রিবাস করবেন। পরদিন ৭ আগস্ট ঘোড়াধরা স্টেডিয়ামে চারদিন ব্যাপী বিশ্ব আদিবাসী দিবসের সূচনা করবেন তিনি। স্টেডিয়ামে জেলার আদিবাসী সমাজের সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরা হবে। মুখ্যমন্ত্রী এই অনুষ্ঠানে প্রশাসনিক বিভিন্ন কর্মসূচিতেও অংশ নেবেন।
নিরাপত্তা জোরদার, সীমান্তে নজরদারি
মুখ্যমন্ত্রীর সফর ঘিরে নিরাপত্তা ব্যবস্থা আঁটসাঁট করা হয়েছে। জেলার সীমান্তবর্তী এলাকায় বাড়ানো হয়েছে নজরদারি। ঝাড়খণ্ডের সীমান্তবর্তী এলাকা হওয়ায় মাওবাদী তৎপরতা মাথায় রেখে পুলিশ-প্রশাসন সর্বোচ্চ সতর্কতায় রয়েছে। জেলা পুলিস জানিয়েছে, মুখ্যমন্ত্রীর প্রতিটি কর্মসূচির নিরাপত্তা সুনিশ্চিত করতে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে।
আরও পড়ুন: Mamata Banerjee: বাঙালি হেনস্থা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, পরোক্ষভাবে দিল্লি পুলিশকে চ্যালেঞ্জ!
জেলা তৃণমূল সভাপতি দুলাল মুর্মু জানিয়েছেন, ‘‘বাংলা ভাষার সম্মান রক্ষার জন্য জঙ্গলমহল জুড়ে প্রচার চালানো হচ্ছে। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই আদিবাসী সমাজের ভাষার (Language Movement) আবেগকে সম্মান জানাচ্ছেন।’’ ভাষা এবং পরিচয়ের এই লড়াইকে সামনে রেখেই জেলায় চলবে ধারাবাহিক কর্মসূচি।
৬ আগস্টের ভাষা মিছিল ও বিশ্ব আদিবাসী দিবসের অনুষ্ঠানকে ঘিরে ঝাড়গ্রাম এখন সরগরম। প্রশাসন ও রাজনৈতিক মহল একযোগে মুখ্যমন্ত্রীর সফরকে সফল করতে প্রস্তুত। একদিকে ভাষার মর্যাদা রক্ষার বার্তা, অন্যদিকে আদিবাসী সমাজের সাংস্কৃতিক ঐতিহ্যের সম্মান – এই দুই পথেই এবার জঙ্গলমহল জুড়ে তৃণমূলের রাজনীতি আরও একবার গতি পেতে চলেছে।


