Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: ভারতের আধুনিকতম ট্রেনগুলির তালিকায় বন্দে ভারত এক্সপ্রেস শীর্ষস্থানেই রয়েছে (Vande Bharat Express)। এর গতি, আরাম, প্রযুক্তি সব মিলিয়ে এটি যেন ভারতীয় রেলযাত্রার গর্ব। তাই এই ট্রেনের টিকিট হাতে পাওয়া মানেই যাত্রীদের কাছে যেন হাতে চাঁদ পাওয়া। কিন্তু সম্প্রতি এক যাত্রীর অভিজ্ঞতা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে এই বিলাসবহুল ট্রেনেই তিনি ভোগ করেছেন এক ভয়াবহ সময়।
ভোরের ট্রেনে চেপে শুরু দুঃস্বপ্ন (Vande Bharat Express)
রেডডিট ব্যবহারকারী @PersonalConfusion699 নামে এক ব্যক্তি জানান, তিনি বন্দে ভারত এক্সপ্রেস (ট্রেন নম্বর ২০৮৩৩)-এ বিশাখাপত্তনম থেকে সেকেন্দ্রাবাদের উদ্দেশ্যে যাত্রা করছিলেন। ভোর পাঁচটায় ট্রেন ছাড়ে। তিন রাত না ঘুমোনো অবস্থায় ওই যাত্রী ভাবেন, ট্রেনে উঠে একটু ঘুমিয়ে নেবেন। কিন্তু বাস্তবে ঘটল তার ঠিক উল্টোটা।
কোচজুড়ে বাচ্চাদের তাণ্ডব (Vande Bharat Express)
যাত্রীর দাবি, কিছুক্ষণের মধ্যেই কোচজুড়ে একদল ছোট শিশু দৌড়াদৌড়ি, আর্তনাদ ও চিৎকার শুরু করে দেয়। তিনি লেখেন, “পুরো কোচ যেন থরথর করে কাঁপছিল। বাচ্চারা শুধু দৌড়াচ্ছিল না, চিৎকারে কান পাতা দায়। এই আচরণে সবাই বিরক্ত, অথচ বাবা-মায়েরা চুপ।” যাত্রীর ক্ষোভ প্রকাশ করে আরও বলেন, “কেন বাবা-মায়েরা বাচ্চাদের প্রতিটি কাজকেই ‘কিউট’ মনে করেন বুঝি না। যদি এতই কিউট মনে হয়, তাহলে বাড়িতেই করুন না এসব! অন্যদের বিরক্ত করবেন না।”
শুধু বিরক্তিকর নয়, বিপজ্জনকও (Vande Bharat Express)
পোস্টে ওই যাত্রী সতর্ক করে দেন, “চলন্ত ট্রেনে বাচ্চাদের এমন দৌড়ঝাঁপ বিপজ্জনক। যে কোনও মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। মাথায় বা শরীরে আঘাত লাগলে দোষ দেবেন কাকে?” তিনি আরও লেখেন, “আমি এখনও ট্রেনে আছি, আর ওরা এখনও একইভাবে চেঁচামেচি করছে। বাবা-মায়েদের অনুরোধ করছি, দয়া করে আপনার সন্তানদের দিকে একটু নজর দিন।”
সোশ্যাল মিডিয়ায় ঝড় (Vande Bharat Express)
রেডডিট পেজ r/IndianRailways-এ এই পোস্টটি ভাইরাল হয়েছে। ইতিমধ্যেই ৮৫০টির বেশি আপভোট এবং শতাধিক মন্তব্য জমেছে। অনেক ব্যবহারকারী ওই যাত্রীর সঙ্গে একমত হয়ে বলেন, “বাচ্চারা অপ্রতিরোধ্য হয়ে ওঠে কারণ বাবা-মায়েরা তাদের নিয়ন্ত্রণ করতে শেখান না।” অন্যদিকে, কেউ কেউ অভিভাবকত্বের ব্যর্থতা নিয়ে সরাসরি প্রশ্ন তুলেছেন। কেউ লিখেছেন, “পাবলিক প্লেসে বাচ্চারা কীভাবে আচরণ করবে, সেটা শেখানোই আসল লালন-পালনের শিক্ষা।”
আরও পড়ুন: Pandemic Potential From Arctic Ice: জেগেছে নতুন ভাইরাস? প্রাচীন জীবাণু কি আনবে নতুন অতিমারি?
নিয়ন্ত্রণ মানেই তিরস্কার নয়
বিশেষজ্ঞদের মতে, শিশুদের নিয়ন্ত্রণ মানে তাদের চেপে রাখা নয়, বরং সঠিক সামাজিক মূল্যবোধ শেখানো। বাবা-মায়েদের উচিত শিশুদের শেখানো কোথায়, কখন, কেমন আচরণ করতে হয়। কারণ এক শিশুর স্বাধীনতা কখনও অন্য যাত্রীর অসুবিধার কারণ হওয়া উচিত নয়।



