Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: শনিবার দুপুর পৌনে ১টা নাগাদ দমদম স্টেশনে হঠাৎই মেট্রো চলাচল বন্ধ হয়ে যায় (Kolkata Metro)। ঘোষণা শোনা যায়“অনুগ্রহ করে শুনবেন, অনিবার্য কারণবশত এই মুহূর্তে দমদম আপ ও ডাউনে ট্রেন চালানো যাচ্ছে না।” মুহূর্তে থিক থিক করতে থাকে যাত্রীদের ভিড়। দমদম স্টেশনের সিগন্যালিং ত্রুটিই এর মূল কারণ বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।

কোন রুটে ব্যাহত মেট্রো চলাচল (Kolkata Metro)
সিগন্যাল সমস্যার জেরে দক্ষিণেশ্বর থেকে গিরিশ পার্ক পর্যন্ত মেট্রো চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। শহিদ ক্ষুদিরাম থেকে গিরিশ পার্ক পর্যন্ত চললেও মেট্রোগুলি অত্যন্ত ধীর গতিতে চলেছে বলে অভিযোগ যাত্রীদের। দুপুর ১২টা ৫৫ মিনিট থেকে শুরু হওয়া এই বিভ্রাটের এক ঘণ্টা পরও পরিষেবা স্বাভাবিক হয়নি।
২০ মিনিটের রাস্তা পেরোতে লাগল ৩৫ মিনিট! (Kolkata Metro)
ক্ষোভে ফুঁসছেন যাত্রীরা। এক যাত্রী বলেন, “আমি এসপ্ল্যানেড থেকে উঠেছিলাম। বলল শহিদ ক্ষুদিরাম থেকে গিরিশ পার্ক পর্যন্ত চলবে। গিরিশ পার্ক আসতেই ২০ থেকে ৩৫ মিনিট লেগে গেল। পরশু দিনও সমস্যা হয়েছিল।” আর এক যাত্রী জানান, “নেতাজি থেকে গিরিশ পার্ক আসতে প্রায় এক ঘণ্টা লেগেছে। ৪৫ মিনিট লেট মেট্রো।”

বেলগাছিয়াতেও আটকে রইল মেট্রো (Kolkata Metro)
বেলগাছিয়া স্টেশনে প্রায় ২০–২৫ মিনিট দাঁড়িয়ে থাকে দমদমমুখী মেট্রো। যাত্রীদের অভিযোগ, প্রায় প্রতিটি সিগন্যালেই কিছু সময় ধরে ট্রেন দাঁড়িয়ে থাকছে। একজন নিত্যযাত্রী বলেন, “আমার তো আধ ঘণ্টা লেট হয়ে গেল। একটা অফিস মিটিং মিস হয়ে গেল।”
বারবার একই সমস্যা, প্রশ্ন তুলছেন নিত্যযাত্রীরা (Kolkata Metro)
গত কয়েক মাস ধরেই ব্লু লাইনে এই ধরণের বিভ্রাট ঘন ঘন দেখা যাচ্ছে। পুজোর আগেও এমন পরিস্থিতি হয়েছিল। যাত্রীরা প্রশ্ন তুলছেন “কেন বার বার একই সমস্যা?” মেট্রো কর্তৃপক্ষের দাবি, “রক্ষণাবেক্ষণ চলছে। দ্রুত সমস্যার সমাধান করা হবে।”

কবি সুভাষ স্টেশনে রক্ষণাবেক্ষণজনিত বন্ধ (Kolkata Metro)
অন্যদিকে রক্ষণাবেক্ষণের জন্য সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে কবি সুভাষ মেট্রো স্টেশন। ফলে শহিদ ক্ষুদিরাম থেকেই উঠতে হচ্ছে যাত্রীদের। দক্ষিণেশ্বরের দিক থেকে আসা বহু মেট্রো আবার মহানায়ক উত্তম কুমার স্টেশনেই থেমে যাচ্ছে। ২৭২টির মধ্যে ৩২টি ট্রেন কবি সুভাষে পৌঁছবে না বলে জানা গেছে।
আরও পড়ুন: Kali Puja in Fatakeshto: কে ছিলেন সেই ফাটাকেষ্ট, যার পুজো ছাড়া অসম্পূর্ণ কলকাতার কালীপুজো?
ব্লু লাইন হয়ে পড়েছে দুয়োরানি!
যাত্রীদের ক্ষোভ নতুন তিনটি রুট চালু হওয়ার পর থেকে ব্লু লাইনের পরিষেবার মান ক্রমশ কমছে। দেরিতে ট্রেন, প্রতিটি স্টেশনে অতিরিক্ত সময় দাঁড়িয়ে থাকা নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। পুজোর সময় কিছুটা স্বস্তি মিললেও, পুজো শেষ হতেই ফের বিপর্যয়।



