Last Updated on [modified_date_only] by Sumana Bera
কে টিভি বাংলা ডিজিটাল: বাংলা ভাষার বিস্তার এবং আন্তর্জাতিক অঙ্গনে এর ব্যবহারকে আরও ব্যাপক করে তুলতে এক ঐতিহাসিক পদক্ষেপ নিল কলকাতার ঐতিহ্যবাহী স্কটিশ চার্চ কলেজ (Scottish Church College)। ভক্তিবেদান্ত রিসার্চ সেন্টারের (Bhakti Vedanta Research Centre) সহযোগিতায় আনুষ্ঠানিকভাবে চালু হল বিদেশিদের জন্য অনলাইন বাংলা শিক্ষণ কোর্স ‘এসো বাংলা শিখি’ বা ‘Introduction to Bangla‘। এই কোর্সের মূল লক্ষ্য হল—ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীদের জন্য বাংলা ভাষা পড়া, লেখা ও বলা সহজ করে তোলা।
জমজমাট উদ্বোধনী অনুষ্ঠান (Scottish Church College)
বুধবার কলেজ প্রাঙ্গণে আয়োজিত এক জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে এই কোর্সটির সূচনা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কটিশ চার্চ কলেজের অধ্যক্ষা ড. মধুমঞ্জরী মণ্ডল, আই কিউ এ সি কো-অর্ডিনেটর সম্রাট ভট্টাচার্য, ভক্তিবেদান্ত রিসার্চ সেন্টারের ডিন ড. সুমন্ত রুদ্র, এবং কোর্স কো-অর্ডিনেটর ডক্টর বিদিশা সিনহা।
আরও পড়ুন:Half Marathan: কলকাতা পুলিশের হাফ ম্যারাথন:আনুষ্ঠানিক ঘোষণা, লোগো উন্মোচন
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে বিদেশে বাংলা ভাষা ও সাহিত্যের প্রতি কৌতূহল এবং আগ্রহ ক্রমশ বাড়ছে। বিশেষত, ইসকনের বহু সংখ্যক বিদেশি ভক্ত বাংলায় শ্রীচৈতন্য চরিতামৃত, ভগবদ গীতা, ভাগবত পুরাণ ও অন্যান্য বৈষ্ণব গ্রন্থ মূল ভাষায় পাঠ করতে চান। ইসকনের প্রতিষ্ঠাতা অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী শ্রীল প্রভুপাদ স্বয়ং স্কটিশ চার্চ কলেজের ছাত্র ছিলেন। এই ঐতিহাসিক যোগসূত্রই কলেজকে এমন একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ নিতে অনুপ্রাণিত করেছে।

কলেজের (Scottish Church College) অধ্যক্ষ ড. মধুমঞ্জরী মণ্ডল জানান, “বাংলা শেখার আগ্রহ এখন কেবল বাঙালিদের মধ্যে সীমাবদ্ধ নেই। বিশ্বজুড়েই বাংলা সংস্কৃতি সম্পর্কে কৌতূহল বাড়ছে। ভক্তিবেদান্ত রিসার্চ সেন্টারের প্রস্তাব পাওয়ার পরই আমরা এই উদ্যোগকে স্বাগত জানাই।”
বিদেশে বসেও বাংলা শেখার সুযোগ
বিদেশি শিক্ষার্থীদের ভাষা-শিক্ষণ প্রক্রিয়াকে সহজ করতে এই কোর্সটিকে তিনটি ধাপে ভাগ করা হয়েছে— প্রাইমারি, ইন্টারমিডিয়েট ও অ্যাডভান্সড। প্রাথমিক স্তরে ২৪টি এক ঘণ্টার ক্লাস থাকবে, যার প্রতিটির শেষে এমসিকিউ-ভিত্তিক মূল্যায়নের ব্যবস্থা রাখা হয়েছে। কোর্স সফলভাবে সম্পন্ন হলে শিক্ষার্থীরা সার্টিফিকেট পাবেন। ইতিমধ্যেই ভিডিও, অডিও এবং অন্যান্য আধুনিক অডিও-ভিজ্যুয়াল কনটেন্ট তৈরি করা হয়েছে। বুধবার থেকেই স্কটিশ চার্চ কলেজের ওয়েবসাইটে কোর্সটি লাইভ চালু হয়েছে।
আরও পড়ুন: CV Ananda Bose: এবার গঙ্গার গ্রামীণ জীবন পরিদর্শনে রাজ্যপাল, রাজভবনের নতুন কর্মসূচি ‘জল তরঙ্গ’
ভক্তিবেদান্ত রিসার্চ সেন্টারের ডিন ড. সুমন্ত রুদ্র বলেন, “শুধুমাত্র ইসকনের ভক্ত নন, বাংলা ভাষা ও সংস্কৃতিতে আগ্রহী যে কোনো ব্যক্তি এই কোর্সে যোগ দিতে পারবেন (Scottish Church College)। আমাদের লক্ষ্য হল বাংলা যেন সত্যিই একটি বৈশ্বিক ভাষা হয়ে ওঠে।” ভাষাবিদ ও সাধারণ বাঙালিরা মনে করছেন, বাংলা ভাষার ঐতিহ্য, সাহিত্য ও সংস্কৃতিকে বিশ্ব দরবারে পৌঁছে দেওয়ার পথে এই অনলাইন কোর্স এক গুরুত্বপূর্ণ মাইলফলক।


