Last Updated on [modified_date_only] by Sumana Bera
কে টিভি বাংলা ডিজিটাল: অসুস্থ বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya)। জ্বর-সহ আরও বেশকিছু শারীরিক সমস্যা নিয়ে ভর্তি বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে। চিকিৎসকরা বেশ কিছু শারীরিক পরীক্ষা করছেন তাঁর। সেইসঙ্গে চলবে রুটিন চেকআপও। রিপোর্ট দেখে চিকিৎসার পরবর্তী ধাপ ঠিক করা হবে।
ওষুধ খাওয়ার পরও কমছে না জ্বর
বছর বাষট্টির শমীক ভট্টাচার্য বেশ কয়েকদিন ধরেই জ্বর ও দুর্বলতায় ভুগছিলেন। চিকিৎসকের পরামর্শে ওষুধ খাওয়ার পরও শারীরিক অবস্থা ভালো হয়নি। দলীয় কর্মসূচি চালিয়ে যাওয়ার পাশাপাশি অসুস্থ শরীর নিয়েও তিনি দায়িত্ব পালন করছিলেন। কিন্তু সোমবার সকালে শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya) নিজেকে অনেক বেশি দুর্বল অনুভব করেন। বাড়িতে চিকিৎসার ঝুঁকি না নিয়ে দ্রুত তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।
আরও পড়ুন: Mamata Banerjee: মেয়েদের ক্ষেত্রে রাতে বাইরে যাওয়া নিয়ন্ত্রণ করা উচিত: মুখ্যমন্ত্রী
চিকিৎসকরা শমীক ভট্টাচার্যের শারীরিক অবস্থার ব্যাপারে আপাতত বিস্তারিত তথ্য জানাতে চাননি। তবে তাঁরা নিশ্চিত করেছেন যে সমস্ত প্রয়োজনীয় পরীক্ষা হবে এবং যত্নের সঙ্গে তাঁর চিকিৎসা চলবে। আপাতত তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।
অতিরিক্ত কাজের চাপেই কী অসুস্থ শমীক (Samik Bhattacharya)?
শমীক ভট্টাচার্য রাজ্য বিজেপির নেতৃত্বে আসার পর থেকে কাজের চাপ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। আগামী বছরের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তিনি দলের সমস্ত স্তর নতুনভাবে সংগঠিত করার কাজ করছেন। রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘুরে নতুন কমিটি গঠন এবং দলের কাঠামো শক্তিশালী করতে সচেষ্ট রয়েছেন।
সম্প্রতি উত্তরবঙ্গের ভয়াবহ বন্যায় শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya) ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে দ্রুত ছুটে গিয়েছিলেন। বন্যার পরে সার্বক্ষণিক নানা সহায়তা কার্যক্রমে অংশগ্রহণের ফলে তাঁর শারীরিক অবস্থা কিছুটা খারাপ হতে শুরু করে। তবুও তিনি জ্বর ও দুর্বলতা সত্ত্বেও দলের কাজ চালিয়ে গেছেন। তবে সোমবার শারীরিক দুর্বলতা বেড়ে যাওয়ায় চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়।
এখন শমীক ভট্টাচার্যের (Samik Bhattacharya) সুস্থতার জন্য রাজনৈতিক মহল থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত সবাই শুভকামনা জানাচ্ছেন। দলের নেতারা বলছেন, শীঘ্রই তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে আবার দায়িত্ব পালনে ফিরবেন। আগামী কয়েকদিন তাঁকে হাসপাতালের নজরদারিতে রেখে পর্যাপ্ত চিকিৎসা দেওয়া হবে।


