Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: বিশ্বের অন্যতম বৃহৎ ই-কমার্স সংস্থা অ্যামাজ়ন (Amazon Layoffs) আবারও বড়সড় ছাঁটাই অভিযানে নামছে। মঙ্গলবার থেকেই শুরু হচ্ছে কর্মী ছাঁটাই প্রক্রিয়া। সূত্রের খবর অনুযায়ী, সংস্থাটি কমবেশি ৩০,০০০ কর্মীকে ছাঁটাই করতে চলেছে। এই সংখ্যা অ্যামাজ়নের ইতিহাসে এখনও পর্যন্ত সবচেয়ে বড় কর্মী সংকোচন হিসেবে চিহ্নিত হতে পারে।

কেন এই ছাঁটাই প্রয়োজন পড়ল? (Amazon Layoffs)
বিশেষজ্ঞদের মতে, কোভিডের সময় অনলাইন কেনাকাটার চাহিদা কয়েকগুণ বেড়ে গিয়েছিল। সেই সময় অ্যামাজ়ন বিপুল হারে কর্মী নিয়োগ করে বিশেষত ডেলিভারি, লজিস্টিকস এবং টেকনিক্যাল সেক্টরে। কিন্তু কোভিড পরবর্তী সময়ে যখন অনলাইন চাহিদা স্বাভাবিক মাত্রায় ফিরে আসে, তখন সংস্থার উপর অতিরিক্ত কর্মী নিয়োগের চাপ পড়ে। খরচ কমানো ও কর্মীসংখ্যায় ভারসাম্য আনার লক্ষ্যেই এই ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে অ্যামাজ়ন।
কতজন আক্রান্ত হবেন? (Amazon Layoffs)
বর্তমানে অ্যামাজ়নে সব স্তর মিলিয়ে প্রায় ১৫ লক্ষ কর্মী কাজ করেন। এর মধ্যে কর্পোরেট পর্যায়ের কর্মী রয়েছেন আনুমানিক ৩.৫ লক্ষ। এই কর্পোরেট স্তর থেকেই এবার প্রায় ১০ শতাংশ কর্মী ছাঁটাই হতে চলেছেন অর্থাৎ, প্রায় ৩০,০০০ জন। ২০২২ সালে সংস্থাটি ২৭,০০০ কর্মী ছাঁটাই করেছিল; এবারের সিদ্ধান্ত সেই রেকর্ডকেও ছাড়িয়ে যাবে।

কোন কোন বিভাগে পড়বে প্রভাব? (Amazon Layoffs)
অ্যামাজ়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ ডিভিশনেই এবার কর্মী সংকোচনের প্রভাব পড়তে চলেছে।
তার মধ্যে প্রধানত…
- এইচআর (Human Resources) ডিভিশন
- অ্যামাজ়ন ওয়েব সার্ভিস (AWS)
- প্রোডাক্ট ও অপারেশন ম্যানেজমেন্ট টিম
- মার্কেটিং ও কাস্টমার সার্ভিস বিভাগ
আগেই ইঙ্গিত দিয়েছিলেন সিইও অ্যান্ডি জ্যাসি (Amazon Layoffs)
অ্যামাজ়নের বর্তমান সিইও অ্যান্ডি জ্যাসি (Andy Jassy) দায়িত্ব নেওয়ার পর থেকেই কর্মীসংকোচনের বার্তা দিয়েছিলেন।
তিনি বারবার বলেছেন, সংস্থার প্রশাসনিক কাঠামোকে আরও হালকা ও কার্যকর করতে হবে। তার নির্দেশেই শুরু হয়েছে ম্যানেজার সংখ্যায় কাটছাঁট ও প্রশাসনিক স্তর সরলীকরণ। গত জুনে জ্যাসি আরও একবার বলেন, “আমাদের এআই পরিকাঠামো তৈরির জন্য বিপুল বিনিয়োগ দরকার। তাই আমাদের অন্যত্র খরচ কমাতে হবে।”
মূল কারণ প্রযুক্তিগত পরিবর্তন (Amazon Layoffs)
অ্যামাজ়ন বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা –ভিত্তিক পরিষেবা তৈরিতে বিপুল অর্থ বিনিয়োগ করছে। বিশেষ করে অ্যামাজ়ন ওয়েব সার্ভিস –এর অধীনে এআই টুল, চ্যাটবট, ক্লাউড ইন্টিগ্রেশন এবং অটোমেশন প্রযুক্তির কাজ দ্রুত এগোচ্ছে। এই ক্ষেত্রগুলোতে মেশিন লার্নিং ও অটোমেশন বৃদ্ধি পাওয়ায় মানবশক্তির উপর নির্ভরতা কমছে, ফলে অনেক কর্মক্ষেত্র অপ্রয়োজনীয় হয়ে পড়ছে।
বিশেষজ্ঞদের মত (Amazon Layoffs)
বাজার বিশ্লেষকদের মতে, “এআই প্রযুক্তির কারণে সারা বিশ্বের কর্পোরেট কাঠামোয় একটি বড় পরিবর্তন আসছে। অ্যামাজ়নের এই পদক্ষেপ সেই পরিবর্তনেরই প্রথম ধাপ।” তাঁরা আরও বলেন, ভবিষ্যতে ম্যানুয়াল অপারেশন কমে গিয়ে ডেটা-নির্ভর সিদ্ধান্ত গ্রহণই হবে কর্পোরেট সংস্কৃতির মূলভিত্তি।
আরও পড়ুন: Donald Trump: দ্বিতীয় ইনিংসেই কড়া অভিবাসন নীতি! আমেরিকা জুড়ে শুরু ধরপাকড়
ভবিষ্যতের দিশা
অ্যামাজ়ন যদিও এই ছাঁটাইকে “অর্থনৈতিক ভারসাম্য আনার পদক্ষেপ” বলে ব্যাখ্যা করছে, তবে এর মাধ্যমে তারা এআই যুগের দীর্ঘমেয়াদি প্রস্তুতি নিচ্ছে। তবে একাংশের মতে, এই সিদ্ধান্তে হাজার হাজার কর্মীর জীবিকা সরাসরি ক্ষতিগ্রস্ত হবে এবং প্রযুক্তি খাতে নতুন কর্মসংস্থানের সংকট তৈরি হতে পারে।



