Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: ভারতীয় ক্রীড়াঙ্গনে এতদিন ভিউয়ারশিপের (ISL Viwership) নিরিখে একচ্ছত্র আধিপত্য ছিল ক্রিকেটের। তবে সেই ছবিতে ধীরে ধীরে বদল আসছে। ইন্ডিয়ান সুপার লিগের চলতি মরশুমে ডিজিটাল ভিউয়ারশিপের পরিসংখ্যান নতুন করে আশার আলো দেখাচ্ছে ভারতীয় ফুটবলকে। লিগের প্রথম সপ্তাহের মাত্র পাঁচটি ম্যাচেই ইউটিউবে ভিউয়ের সংখ্যা ছুঁয়েছিল ৬৫ মিলিয়ন বা সাড়ে ছয় কোটি। পাশাপাশি ম্যাচগুলির রিচ ছিল প্রায় ৫ কোটি ২০ লক্ষ। এই সাফল্যে উচ্ছ্বসিত বলিউড অভিনেতা তথা নর্থইস্ট ইউনাইটেড এফসি-র সহ-কর্ণধার জন আব্রাহাম। তাঁর মতে, ভারতীয় ফুটবলের উত্থানের জন্য দেশ প্রস্তুত।
‘ভারত ফুটবলের জন্য তৈরি‘, আত্মবিশ্বাসী জন (ISL Viwership)
সংবাদসংস্থা ANI-কে দেওয়া সাক্ষাৎকারে জন আব্রাহাম জানান, মরশুমের শুরু থেকেই তিনি প্রতিটি ম্যাচ দেখছেন। ডিজিটাল প্ল্যাটফর্মে দর্শকদের এই বিপুল সাড়া তাঁকে যথেষ্ট রোমাঞ্চিত করেছে। তাঁর কথায়, ইউটিউবে যেভাবে ভিউয়ারশিপের রেকর্ড তৈরি হচ্ছে, তাতে একটা বিষয় পরিষ্কার—ভারত এখন ফুটবলের জন্য পুরোপুরি তৈরি। ভারতীয় ফুটবলের উত্থানকে স্বাগত জানাতে প্রস্তুত সমর্থক থেকে শুরু করে সংশ্লিষ্ট প্রত্যেকেই।
স্টেডিয়ামে দর্শক কোথায়? (ISL Viwership)
ইউটিউবে বিপুল ভিউয়ারশিপ থাকলেও স্টেডিয়ামে দর্শকসংখ্যার ছবিটা এখনও ততটা আশাব্যঞ্জক নয়। বিনামূল্যে অনলাইনে ম্যাচ দেখার সুযোগ থাকায় অনেক সমর্থকই বাড়িতে বসে খেলা দেখছেন। তবে স্টেডিয়ামে দর্শক ফেরার ব্যাপারে আশাবাদী জন আব্রাহাম। তাঁর বিশ্বাস, আগামী দিনে স্টেডিয়ামের প্রতিটি গ্যালারি দর্শকে ভরে উঠবে।
ইউটিউবে ভারতীয় ফুটবলের জনপ্রিয়তা (ISL Viwership)
বিশেষজ্ঞদের মতে, টেলিভিশনের পাশাপাশি ইউটিউবের মতো জনপ্রিয় ডিজিটাল প্ল্যাটফর্মে বিনামূল্যে ম্যাচ দেখার সুযোগই ভিউয়ারশিপ বৃদ্ধির অন্যতম কারণ। স্মার্টফোনের মাধ্যমে সহজেই ম্যাচ দেখার সুবিধা থাকায় আরও বেশি মানুষের কাছে পৌঁছে যাচ্ছে ভারতীয় ফুটবল। বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে এই মাধ্যমের জনপ্রিয়তা লিগের দর্শকসংখ্যা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে।
১৩ দলের লড়াইয়ে নতুন বাণিজ্যিক মডেল (ISL Viwership)
মোহনবাগান সুপার জায়ান্ট, ইস্টবেঙ্গল এফসি, নর্থইস্ট ইউনাইটেড, বেঙ্গালুরু এফসি, মুম্বই সিটি, কেরালা ব্লাস্টার্সের পাশাপাশি ইন্টার কাশী ও স্পোর্টিং ক্লাব দিল্লির মতো মোট ১৩টি দলকে নিয়ে চলছে এবারের প্রতিযোগিতা। চলতি মরশুমের অন্যতম উল্লেখযোগ্য দিক হল ক্লাব-চালিত বাণিজ্যিক মডেল (ISL Viwership)। এই ব্যবস্থায় ক্লাবগুলি নিজেরাই লিগের প্রশাসনিক নিয়ন্ত্রণ ও বাণিজ্যিক স্বত্ব পরিচালনা করছে। বিশ্ব ফুটবলের একাধিক উন্নত লিগেও এই ধরনের মডেল দেখা যায়।
আরও পড়ুন: Rohit Sharma: ১৫ মিনিট কোথায় উধাও রোহিত? কী ঘটেছিল হ্যামিল্টনে?
সব মিলিয়ে ডিজিটাল প্ল্যাটফর্মে ISL-এর এই সাফল্য ভারতীয় ফুটবলের জন্য নিঃসন্দেহে ইতিবাচক বার্তা। এবার এই অনলাইন জনপ্রিয়তাকে স্টেডিয়ামের গ্যালারিতেও কতটা নিয়ে যাওয়া যায়, সেটাই দেখার।



