Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: হুগলির চন্দননগর জগদ্ধাত্রী পুজোর জন্য বিখ্যাত শহর (Jagaddhatri Puja)। প্রতি বছর হাজার হাজার দর্শনার্থী এখানে ভিড় জমান। এই বছর কানাইলাল পল্লীর বারোয়ারি পুজো কমিটি ঘোষণা করেছিল বিশ্বের সবচেয়ে বড় জগদ্ধাত্রী মূর্তি তৈরি করবে তারা। প্রায় ৭০ ফুট উচ্চতার মণ্ডপ এবং সামনে স্থাপিত ফাইবারের বিশাল প্রতিমা ছিল এই পুজোর মূল আকর্ষণ।

সপ্তমীর সন্ধ্যায় বিপত্তি (Jagaddhatri Puja)
সপ্তমীর সন্ধ্যায় আচমকা বিপর্যয় নেমে আসে। হালকা বাতাসেই দুলতে শুরু করে বিশাল ফাইবারের মূর্তিটি। কিছুক্ষণের মধ্যেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে মূর্তি ও মণ্ডপের সামনের অংশ। তখন মণ্ডপে উপস্থিত ছিলেন অসংখ্য দর্শনার্থী ও বিচারক মণ্ডলীর সদস্যরা।
উদ্ধার ও প্রশাসনের তৎপরতা (Jagaddhatri Puja)
মূর্তির তলায় চাপা পড়ে আহত হন অন্তত সাত জন দর্শনার্থী, যাঁদের মধ্যে রয়েছেন জগদ্ধাত্রী পুজোর বিচারক জয়দীপ মুখার্জি এবং এলাকার এক মহিলা লক্ষ্মী রানী ঘোষ। চন্দননগরের বিধায়ক ও রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিজে উদ্ধারকাজে হাত লাগান। তাঁর নির্দেশে পুলিশ ও উদ্ধারকারী দল মণ্ডপ কেটে আটকে পড়া লোকজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
আহতদের এখন কেমন আছে? (Jagaddhatri Puja)
আহত সাত জনের মধ্যে তিন জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। একজনকে উন্নত চিকিৎসার জন্য কলকাতায় স্থানান্তর করা হয়েছে। বাকিদের ভর্তি করা হয়েছে চন্দননগর হাসপাতালে। কারও মাথায় গুরুতর আঘাত, কারও হাত বা পা ভেঙে গেছে।
প্রত্যক্ষদর্শীদের বর্ণনা (Jagaddhatri Puja)
সূত্রের খবর, বিচারক জয়দীপ মুখার্জি বলেন, “আমরা প্রতিমা দর্শন করে বাইরে বেরোতেই দেখি মণ্ডপ দুলছে। হঠাৎই সেটি হেলে পড়তে শুরু করে। মুহূর্তের মধ্যেই আতঙ্ক ছড়িয়ে পড়ে।” স্থানীয় বাসিন্দা লক্ষ্মী রানী ঘোষ জানান, “আজ বিকেলে ভিড় কম থাকায় ঠাকুর দেখতে এসেছিলাম। ঠাকুর দেখে বেরোতেই দেখি বিশাল মূর্তিটা আমার উপর পড়ছে। কিছু বুঝে ওঠার আগেই আমি মাটিতে পড়ে যাই।”
আরও পড়ুন: Ind vs Aus: ভারত-অস্ট্রেলিয়া প্রথম টি-টোয়েন্টি ম্যাচ কখন ও কীভাবে দেখবেন?
প্রশাসনের বক্তব্য কী ছিল?
সূত্রের খবর, চন্দননগরের মেয়র রাম চক্রবর্তী জানান, “ঘটনাটি সপ্তমীর দিনে ঘটেছে। মণ্ডপের উচ্চতা একটু বেশি ছিল। আপাতত আহতদের চিকিৎসা চলছে। বড় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।” তিনি আরও বলেন, প্রশাসন, পুলিশ ও বারোয়ারির সদস্যরা একযোগে দ্রুত উদ্ধারকাজ সম্পন্ন করেছে।



