Last Updated on [modified_date_only] by Ananya Dey
কে টিভি বাংলা ডিজিটাল : ভোটার তালিকা নিবিড় সংশোধনের (SIR) কাজকে ঘিরে ফের সরগরম রাজ্য রাজনীতি। কোথাও অভিযোগ, তৃণমূল নেতাদের হাতে সরকারি ফর্ম, কোথাও আবার পঞ্চায়েত প্রধানের বাড়িতে বসে ফর্ম বিলি। একদিকে দুর্গাপুরের কাঁকসায়, অন্যদিকে মালদার চাঁচলে দুই জায়গাতেই প্রশাসনের ভূমিকা নিয়ে সরব বিজেপি।
দুর্গাপুরে ফেসবুকে পোস্ট ঘিরে বিতর্ক (SIR)
দুর্গাপুরের কাঁকসায় অভিযোগ, তৃণমূল নেতাদের হাতে চলে যাচ্ছে এনুমারেশন ফর্ম (SIR)। সেই অভিযোগের ছবি ফেসবুকে পোস্ট করে বিতর্কের ঝড় তোলেন বিজেপির জেলা নেতা রমন শর্মা। অভিযোগ জানানোর পরও প্রশাসন ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভে বিডিও অফিসের মূল দরজা বন্ধ করে তুমুল বিক্ষোভে সামিল হন বিজেপি কর্মী-সমর্থকেরা। প্রায় ৪৫ মিনিট বিক্ষোভ চলার পর পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বিজেপির দাবি, প্রশাসন শাসক দলের হয়ে কাজ করছ।
অন্যদিকে তৃণমূলের পাল্টা মন্তব্য— “ভয় পেয়ে আন্দোলন করছে বিজেপি, লোকবল নেই ওদের, বাজার গরম করতেই এই আন্দোলন।”
আরও পড়ুন : BJP : ছাব্বিশের আগে বাঙালি অস্মিতায় শান ? ‘বন্দেমাতরম’-এর সার্ধ শতবর্ষ পালন বিজেপির
মালদায় তৃণমূল পঞ্চায়েত প্রধানের বাড়িতে বসে এনুমারেশন ফর্ম বিলি (SIR)
অন্যদিকে, মালদার চাঁচল গ্রাম পঞ্চায়েতের শ্রীরামপুর গ্রামে ভোটারদের বাড়ি না গিয়ে তৃণমূল পঞ্চায়েত প্রধানের বাড়িতে বসে এনুমারেশন ফর্ম বিলি (SIR) করছেন বিএলও— এমনই অভিযোগ তুলেছে বিজেপি। ভাইরাল ভিডিও প্রকাশ্যে এনে তারা অভিযোগ করেছে, প্রশাসন শাসক দলের স্বার্থে কাজ করছে।
যদিও সংশ্লিষ্ট বিএলও আলোক চক্রবর্তী দাবি করেছেন, “ফর্ম শুধু গোছানো হচ্ছিল, বিলি করা হয়নি।”
আরও পড়ুন : Baruipur: BLO-কে মারধর, দায় কার! তৃণমূল না বিজেপির অন্তর্কলহ?
এই দুটি ঘটনা প্রকাশ্যে আসার পরই রাজ্যজুড়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এখন প্রশাসনের তরফে কি পদক্ষেপ নেওয়া হয় সেটাই দেখার।


