Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: এশিয়া কাপের জন্য ভারতের জুনিয়র টিমে সুযোগ পেয়েছেন ১৮ বছর বয়সি শীতল দেবী (Sheetal Devi)।
ইতিহাস লিখলেন শীতল দেবী (Sheetal Devi)
প্যারা অ্যাথলিট হয়েও সাধারণদের সঙ্গে লড়াই, অদম্য জেদ ও ইচ্ছেশক্তি থাকলে মানুষ যে ইতিহাস সৃষ্টি করতে পারে সেটাই আবার প্রমাণ করলেন শীতল দেবী। সেপ্টেম্বর মাসেই বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভারতের জার্সিতে রেকর্ড গড়েছিলেন মহিলা প্যারা অ্যাথলিট শীতল দেবী। প্যারা আর্চারি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে একই দিনে সোনা, রুপো এবং ব্রোঞ্জ জিতেছিলেন তিনি। এবার তাঁর মুকুটে যুক্ত নয়া পালক। প্রথম প্যারা-আর্চার হিসেবে ভারতের ‘এবল-বডিড’ অর্থাৎ স্বাভাবিক ক্ষমতা সম্পন্ন দলে সুযোগ পেলেন শীতল দেবী। আসন্ন এশিয়া কাপের জন্য ভারতের জুনিয়র আর্চারি দলে ডাক পেয়েছেন তিনি। এর ফলে তৈরি হয়েছে নতুন ইতিহাস। এই প্রথম আন্তর্জাতিক মানের আর্চারি টুর্নামেন্টে স্বাভাবিক ক্ষমতাসম্পন্ন দলে সুযোগ পেলেন কোনও প্যারা-অ্যাথলিট (Sheetal Devi)।
১৪ বছর বয়স থেকে তিরন্দাজি শুরু করেন জম্মু-কাশ্মীরের কিশোরী। এর মাত্র দু’বছরের মধ্যেই একাধিক দেশে ভারতের প্রতিনিধিত্ব করে ফেলেন। পা দিয়ে তির ছুড়ে গড়েন একের পর এক নজির। সোশ্যাল মিডিয়ায় শীতল লেখেন, ‘আমি যখন আর্চারি শুরু করি, তখন থেকেই ছোট্ট একটা স্বপ্ন ছিল। স্বাভাবিক ক্ষমতাসম্পন্নদের সঙ্গে খেলব। সহজে এই সাফল্য আসেনি। প্রথমে ব্যর্থ হয়েছি। কিন্তু প্রত্যেক ব্যর্থতা থেকে শিক্ষা নিয়েছি। আজ সেই স্বপ্ন আরও এক ধাপ এগিয়েছে।’

আরও পড়ুন: Mohammad Shami: ‘সামিকে বাদ দেওয়া পূর্বপরিকল্পিত’, আগরকরকে তুলোধনা কোচের
সোনিপাতে চার দিনের ট্রায়ালে নজর কাড়েন শীতল। ৬০ জন স্বাভাবিক ক্ষমতা সম্পন্ন আর্চারের সঙ্গে অংশ নিয়েছিলেন ট্রায়ালে। সেখানেও নিজের দক্ষতার পরিচয় দেন তিনি। ট্রায়ালের শেষে তিনি তৃতীয় স্থানে ফিনিশ করেন শীতল। প্রথম দুই স্থানে থাকেন তেজল সালভে (১৫.৭৫) ও বৈদেহী যাদব (১১.৭৫)। তিনে শেষ করা শীতলের সংগ্রহ ১১.৭৫ পয়েন্ট। উল্লেখ্য, এই বছরেই প্রথম মহিলা আর্মলেস প্যারা আর্চার হিসেবে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন তিনি (Sheetal Devi)।


