Last Updated on [modified_date_only] by Suparna Ghosh
কে টিভি বাংলা ডিজিটাল: শীতের আগমনের আগে পর্যটনের প্রস্তুতিতে ব্যস্ত মুকুটমণিপুর(Mukutmanipur)। রাজ্যের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র এবার রঙে রঙিন। কংসাবতী জলাধারের পাড় ধরে চলা রাস্তার দু’ধারে স্থানীয় শিল্পীদের হাতে আঁকা রঙিন আলপনা বা পথচিত্রে এখন সাজছে পুরো এলাকা। রঙ, তুলি আর কল্পনার মেলবন্ধনে যেন নতুন প্রাণ পেয়েছে বাঁকুড়ার এই ‘রানি মুকুটমণিপুর’।
কংসাবতীর পাড়ে রঙিন আলপনার ছোঁয়া(Mukutmanipur)
মুকুটমণিপুরকে আরও আকর্ষণীয় করে তুলতে বিশেষ উদ্যোগ নিয়েছে মুকুটমণিপুর(Mukutmanipur) উন্নয়ন পর্ষদ। কংসাবতী জলাধারের পাড় ঘেঁষে প্রায় ৩৩০ মিটার রাস্তা জুড়ে আঁকা হচ্ছে এই রঙিন পথচিত্র। স্থানীয় শিল্পীদের হাতের ছোঁয়ায় ফুটে উঠছে এলাকার সংস্কৃতি, প্রকৃতি এবং জীবনের স্পন্দন— নৌকা, ময়ূর, হরিণ, মাছ, সূর্যাস্ত—সবই যেন জীবন্ত হয়ে উঠছে রঙের মাধ্যমে। পর্ষদের পক্ষ থেকে জানানো হয়েছে, শীতের মরশুমে পর্যটকদের আকর্ষণ বাড়াতে প্রতি বছরই মুকুটমণিপুরে সৌন্দর্যায়নের কাজ করা হয়। এবছর সেই উদ্যোগে নতুন মাত্রা যোগ করেছে এই আলপনা প্রকল্প।
সরকারী উদ্যোগে নতুন সাজে মুকুটমণিপুর(Mukutmanipur)
রাজ্যের মন্ত্রী তথা মুকুটমণিপুর(Mukutmanipur) উন্নয়ন পর্ষদের চেয়ারপার্সন জ্যোৎস্না মান্ডি বলেন, “শীতের মরশুমে পর্যটকদের জন্য প্রতি বছরই মুকুটমণিপুরকে নতুন করে সাজানোর উদ্যোগ নেওয়া হয়। এবছরও স্থানীয় শিল্পীদের দিয়ে পথচিত্রের মাধ্যমে জলাধারের পাড়ের রাস্তার সৌন্দর্যায়ন করা হচ্ছে। মুকুটমণিপুর উন্নয়ন পর্ষদের পক্ষ থেকে আরও নানা পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।” মন্ত্রী আশাবাদী, এই রঙিন উদ্যোগ পর্যটকদের কাছে মুকুটমণিপুরকে আরও জনপ্রিয় করে তুলবে।
স্থানীয় শিল্পীদের পরিশ্রম ও গর্ব
স্থানীয় শিল্পী দয়াময় বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, “আমরা চাই মুকুটমণিপুরকে আরও সুন্দরভাবে সবার সামনে তুলে ধরতে। তাই এলাকার পরিচিত জিনিস যেমন হরিণ, নৌকা, মাছ ইত্যাদি আঁকছি, যাতে এখানকার সংস্কৃতির ছাপ ফুটে ওঠে।” মোট ১৫ জন শিল্পী মিলে এই কাজ করছেন এবং তাঁদের লক্ষ্য ১৫ দিনের মধ্যে পথচিত্রের কাজ সম্পূর্ণ করা। স্থানীয়দের মতে, এই উদ্যোগে কর্মসংস্থানও তৈরি হচ্ছে গ্রামীণ শিল্পীদের জন্য।
আরও পড়ুন: Winter Weather: ভোরের কুয়াশা, সন্ধ্যার শিরশিরানি! এটাই কি শীতের প্রথম পর্ব?
পর্যটকদের নতুন আকর্ষণ
২০১৭ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুকুটমণিপুর সফরে এসে শিল্পীদের এই উদ্যোগ দেখে প্রশংসা করেছিলেন। তবে সময়ের সঙ্গে পুরনো আলপনা মুছে গিয়েছিল। এবার আবার সেই প্রকল্পই নতুন রূপে ফিরছে। পর্যটকরা জানান, “রাস্তার ওপর এমন রঙিন আলপনা আগে কখনও দেখিনি। অসাধারণ লাগছে!” স্থানীয় বাসিন্দাদের দাবি, “এই উদ্যোগে শীতের পর্যটন মরশুমে মুকুটমণিপুর আরও জনপ্রিয় হবে।”
আরও পড়ুন: Mamata Banerjee: ‘আইসিসি-র মসনদের একমাত্র দাবিদার মহারাজ’, দাবি মমতার
রঙে ভরপুর শীতের মুকুটমণিপুর
কংসাবতীর নীলজল, পাহাড়ঘেরা প্রাকৃতিক সৌন্দর্য আর রঙিন পথচিত্র—সব মিলিয়ে এই শীতে মুকুটমণিপুর পর্যটকদের কাছে এক নতুন রূপে ধরা দিতে চলেছে। স্থানীয় শিল্পীদের সৃজনশীলতা আর প্রশাসনের উদ্যোগে গর্বে উজ্জ্বল এখন বাঁকুড়ার এই রাজকন্যা।


