Last Updated on [modified_date_only] by Sumana Bera
কে টিভি বাংলা ডিজিটাল: অবশেষে বঙ্গে শীতের ঝোড়ো ব্যাটিং শুরু। হু হু করে পারদ নামার ফলে গোটা রাজ্যজুড়ে জাঁকিয়ে বসেছে শীত (Winter)। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার ছিল কলকাতার মরশুমের শীতলতম দিন। তাপমাত্রার পারদ নেমেছে ১৪.৫ ডিগ্রি সেলসিয়াসে, যা সাধারণের তুলনায় অনেকটাই কম। জেলায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছেছে ১০-১১ ডিগ্রি সেলসিয়াসের ঘরে।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বর্তমানে উত্তর-পশ্চিম দিক থেকে শীতল হাওয়া অবাধে বাংলায় প্রবেশ করছে। আগামী কয়েকদিন রাজ্যে এই শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। শুক্রবার বিকেলে কলকাতার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে প্রায় ১.৪ ডিগ্রি কম (Winter)। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ রয়েছে ৪০ থেকে ৮৩ শতাংশের মধ্যে। আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় শহরের সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ১৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে।
আরও পড়ুন: Gita Paath: নজিরবিহীন ধর্মীয় আয়োজন কলকাতায়, ‘পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠ’ ব্রিগেড ময়দানে
কুয়াশার দাপট ও দৃশ্যমানতা
তাপমাত্রার এই ওঠানামার ফলে ভোরের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা তৈরি হয়েছে। বিশেষ করে উপকূলের জেলাগুলিতে কুয়াশার দাপট বেশি থাকবে। কোথাও কোথাও ভোরের দৃশ্যমানতা প্রায় ২০০ মিটার পর্যন্ত নেমে যেতে পারে। তবে এখনই বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস।
উত্তরবঙ্গেও শীতের আমেজ (Winter)
কলকাতা-সহ দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও শীতের আমেজ বেশ ভালোভাবেই বজায় থাকবে। তাপমাত্রায় বড়সড় কোনো পরিবর্তন হবে না। সকালে ও রাতে শীতের অনুভূতি থাকবে বেশি। পাহাড়ের রানি দার্জিলিংয়ের তাপমাত্রা ইতিমধ্যেই ৫ ডিগ্রি সেলসিয়াসের ঘর ছুঁয়েছে। কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের মতো জেলাগুলিতেও ভোরের দিকে কুয়াশার সম্ভাবনা বেশি। সপ্তাহান্তে পার্বত্য এলাকায় কুয়াশার দাপট আরও বাড়তে পারে।
ভিনরাজ্যে শৈত্যপ্রবাহের সতর্কতা
বাংলার মতোই ভিনরাজ্যেও জাঁকিয়ে পড়েছে শীত (Winter)। দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় এবং ঝাড়খণ্ডে শৈত্যপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে। উত্তর-পূর্ব ভারতের বিস্তীর্ণ এলাকায় ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে। এছাড়া তামিলনাড়ু, পণ্ডিচেরি এবং করাইকালে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন:Kolkata Metro Rail: পরীক্ষার্থীদের সুবিধায় রবিবার মেট্রোর সময়সূচিতে পরিবর্তন
মোটকথা, রাজ্যবাসী এখন থেকে পুরোপুরি শীতের (Winter) আমেজ উপভোগ করতে পারবেন এবং আগামী সাতদিন এই মনোরম আবহাওয়া জারি থাকবে বলেই মনে করা হচ্ছে।


