Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে গঙ্গাসাগরবাসী ও লক্ষ লক্ষ তীর্থযাত্রীর (Muriganga River)। গঙ্গাসাগর মেলার আগেই মুড়িগঙ্গা নদীর উপর নির্মিত হতে চলেছে বহু প্রতীক্ষিত গঙ্গাসাগর সেতু। রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, গঙ্গাসাগর সফরের সময়ই এই গুরুত্বপূর্ণ প্রকল্পের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সূত্রে খবর, প্রশাসনিক জটিলতা কাটিয়ে অবশেষে প্রকল্পটি বাস্তবায়নের পথে এগোচ্ছে।

প্রতিশ্রুতির বাস্তবায়ন (Muriganga River)
নবান্নে এক প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই গঙ্গাসাগর সেতু নির্মাণের কথা ঘোষণা করেন। তিনি স্পষ্টভাবে জানান, রাজ্য সরকার যে প্রতিশ্রুতি দেয়, তা রক্ষা করে। মুখ্যমন্ত্রীর কথায়, “আমরা কথা দিলে কথা রাখি। গঙ্গাসাগর যাত্রীদের সুবিধার জন্য গঙ্গাসাগর সেতু তৈরি করছি। খরচ হবে প্রায় ১,৭০০ কোটি টাকা। টেন্ডারও হয়ে গিয়েছে। আমি যখন গঙ্গাসাগরে যাব, তখন এর উদ্বোধন করব।” এই ঘোষণার মধ্য দিয়ে স্পষ্ট হয়ে যায়, গঙ্গাসাগর সেতু শুধুমাত্র একটি অবকাঠামো প্রকল্প নয়, বরং রাজ্য সরকারের দীর্ঘমেয়াদি যোগাযোগ উন্নয়ন পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ অংশ।
দীর্ঘ দিনের দাবি, অবশেষে বাস্তব রূপ (Muriganga River)
মুড়িগঙ্গা নদীর উপর সেতু নির্মাণের দাবি নতুন নয়। বছরের পর বছর ধরে স্থানীয় বাসিন্দা, তীর্থযাত্রী এবং বিভিন্ন সামাজিক সংগঠন এই সেতুর দাবি জানিয়ে এসেছে। এতদিন মূল ভূখণ্ড থেকে সাগরদ্বীপে যাতায়াতের একমাত্র ভরসা ছিল লঞ্চ ও ফেরি পরিষেবা। কিন্তু আবহাওয়া খারাপ হলে প্রায়শই এই পরিষেবা বন্ধ থাকত, ফলে দুর্ভোগে পড়তেন হাজার হাজার মানুষ। দরপত্র সংক্রান্ত জটিলতা ও প্রশাসনিক সমস্যার কারণে দীর্ঘদিন প্রকল্পটি আটকে থাকলেও, সম্প্রতি পূর্ত দফতরের সক্রিয়তায় সেই জট খুলেছে। নির্মাণকারী সংস্থা হিসেবে দায়িত্ব পেয়েছে দেশের অন্যতম বৃহৎ পরিকাঠামো নির্মাণ সংস্থা লারসেন অ্যান্ড টুব্রো (L&T)।
কী সুবিধা মিলবে? (Muriganga River)
প্রায় ১,৭০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হতে চলা এই সেতু চালু হলে, মূল ভূখণ্ড থেকে সাগরদ্বীপে যাতায়াত হবে দ্রুত ও নিরাপদ, লঞ্চের উপর নির্ভরতা অনেকটাই কমবে, খারাপ আবহাওয়ার প্রভাব যাতায়াতে পড়বে না, গঙ্গাসাগর মেলার সময় ভিড় নিয়ন্ত্রণ সহজ হবে, স্থানীয় অর্থনীতি, পর্যটন ও কর্মসংস্থানে গতি আসবে, সেতু চালু হলে সাগরদ্বীপ কার্যত সারা বছরের জন্য মূল ভূখণ্ডের সঙ্গে স্থায়ীভাবে যুক্ত হয়ে যাবে।

আরও পড়ুন: Uttar Pradesh: পার্টনারের মুণ্ড কেটে বিয়ের পিঁড়িতে যুবক!
পর্যটনে নতুন দিগন্ত
গঙ্গাসাগর মেলা শুধু পশ্চিমবঙ্গ নয়, গোটা দেশের অন্যতম বৃহৎ ধর্মীয় সমাবেশ। প্রতি বছর লক্ষ লক্ষ পুণ্যার্থী এই মেলায় অংশ নিতে আসেন। সেতু নির্মিত হলে তীর্থযাত্রীদের যাতায়াত আরও সহজ হবে, পাশাপাশি জরুরি পরিষেবা, নিরাপত্তা ও প্রশাসনিক ব্যবস্থাপনাও অনেক বেশি কার্যকর হবে। এছাড়াও সাগরদ্বীপের পর্যটন সম্ভাবনা নতুন মাত্রা পাবে। সহজ যোগাযোগ ব্যবস্থার ফলে সারা বছরই পর্যটকের সংখ্যা বাড়বে বলে আশা করা হচ্ছে।



