Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: হঠাৎ করেই যে আনন্দের দিনে এমন বিপাকের খবর আসতে পারে (Shilpa Shetty), তা বোধহয় কল্পনাও করেননি বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টি। ছেলেকে সঙ্গে নিয়ে বিশ্ব ফুটবলের মহাতারকা লিওনেল মেসির সঙ্গে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলার স্বপ্ন দেখেছিলেন তিনি। ছবিও তোলা হয়েছে, হাসিমুখে ধরা দিয়েছেন মেসির পাশে। কিন্তু সেই আনন্দের রেশ কাটতে না কাটতেই বিপাকে পড়লেন শিল্পা। তবে এই বিতর্কের সঙ্গে মেসির কোনও যোগ নেই। মুম্বই সফরে এসে শিল্পা শেট্টির সঙ্গে স্বাভাবিকভাবেই ছবি তুলেছেন আর্জেন্টিনার তারকা ফুটবলার। সমস্যার সূত্রপাত সম্পূর্ণ অন্য জায়গা থেকে শিল্পার বেঙ্গালুরুর বিলাসবহুল রেস্তোরাঁকে ঘিরে।

জটিলতার মধ্যেই নতুন ঝামেলা (Shilpa Shetty)
শিল্পা শেট্টি ও তাঁর স্বামী, ব্যবসায়ী রাজ কুন্দ্রা, দীর্ঘদিন ধরেই আইনি জটিলতার মধ্যে রয়েছেন। তাঁদের মাথার উপর রয়েছে প্রায় ৬০ কোটি টাকার প্রতারণার অভিযোগ। সেই মামলায় দু’জনের বিরুদ্ধেই জারি হয়েছে লুক আউট সার্কুলার (LOC)। ফলে বিদেশযাত্রা থেকে শুরু করে আর্থিক লেনদেন সব ক্ষেত্রেই কড়া নজরদারির মধ্যে রয়েছেন এই তারকা দম্পতি। এই পরিস্থিতির মধ্যেই নতুন করে সমস্যায় পড়ল তাঁদের নাম জড়িত আরেকটি ব্যবসা।
বেঙ্গালুরুর ‘ব্যাস্টিয়ন’ রেস্তোরাঁ ঘিরে বিতর্ক (Shilpa Shetty)
বেঙ্গালুরুর জনপ্রিয় ও অভিজাত এলাকা কিউবান পার্ক সংলগ্ন এলাকায় অবস্থিত শিল্পা শেট্টির মালিকানাধীন রেস্তোরাঁ ‘ব্যাস্টিয়ন’ (Bastian)। কর্ণাটক রাজ্য সরকারের তরফে রেস্তোরাঁ ও পাব খোলা এবং বন্ধ রাখার নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। কিন্তু অভিযোগ, গত ১১ ডিসেম্বর গভীর রাত পর্যন্ত ওই রেস্তোরাঁয় পার্টি চলছিল, যা সরকারি নির্দেশের স্পষ্ট লঙ্ঘন।
স্বতঃপ্রণোদিত মামলা করল পুলিশ (Shilpa Shetty)
নিয়ম ভাঙার অভিযোগে কর্ণাটক পুলিশ স্বতঃপ্রণোদিতভাবে মামলা দায়ের করেছে। বেঙ্গালুরুর কিউবান পার্ক থানায় এফআইআর নথিভুক্ত করা হয়েছে শিল্পা শেট্টির রেস্তোরাঁর বিরুদ্ধে। শুধু তাই নয়, ঘটনার দায়ে রেস্তোরাঁর ম্যানেজারকে ইতিমধ্যেই আটক করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সরকারি নির্দেশ অমান্য করে গভীর রাত পর্যন্ত উচ্চস্বরে গান-বাজনা ও পার্টির আয়োজন চলছিল। জনশান্তি বিঘ্নিত হওয়ার আশঙ্কাতেই দ্রুত পদক্ষেপ নেওয়া হয়।

আরও পড়ুন: Pollution: শীতের ঘাটতিতে বাড়ছে দূষণ, ভোরের বাতাস ‘অস্বাস্থ্যকর’ কলকাতায়
শিল্পার নীরবতা, বাড়ছে প্রশ্ন
এই ঘটনার পর এখনও পর্যন্ত শিল্পা শেট্টির তরফে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে একের পর এক আইনি ঝামেলায় তাঁর ভাবমূর্তি নতুন করে প্রশ্নের মুখে পড়েছে বলেই মনে করছেন অনেকেই। একদিকে ব্যক্তিগত জীবনে তারকা খ্যাতি, অন্যদিকে ব্যবসায়িক উদ্যোগ সব সামলাতে গিয়ে শিল্পা শেট্টির জীবনে যেন বারবারই আইনের কাঁটাতার জড়িয়ে যাচ্ছে।



