Last Updated on [modified_date_only] by Suparna Ghosh
কে টিভি বাংলা ডিজিটাল: দিব্যি বেঁচে আছেন, কিন্তু নির্বাচন কমিশনের নথিতে তিনি মৃত! এমনই বিস্ময়কর ঘটনার সাক্ষী থাকল হুগলির ডানকুনি(Dankuni)। পশ্চিমবঙ্গের ভোটারদের খসড়া তালিকা প্রকাশের আগেই বুথভিত্তিক মৃত ও স্থানান্তরিত ভোটারদের তালিকায় নিজের নাম দেখে হতবাক ডানকুনি পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর(TMC Councillor)সূর্য দে। প্রতিবাদ জানাতে মঙ্গলবার সকালে সদলবলে তিনি হাজির হন কালীপুর শ্মশানে।
কমিশনের তালিকায় ‘মৃত’ জীবিত কাউন্সিলর(Dankuni)
মঙ্গলবার পশ্চিমবঙ্গের ভোটারদের খসড়া তালিকা প্রকাশ হওয়ার কথা। তার আগেই নির্বাচন কমিশনের তরফে বুথভিত্তিক মৃত ও স্থানান্তরিত ভোটারদের তালিকা প্রকাশ করা হয়। সেই তালিকা খুঁজতে গিয়েই সূর্য দে দেখতে পান, তাঁর নাম রয়েছে ‘মৃত’ ভোটারদের তালিকায়। বিষয়টি জানতে পেরে ক্ষোভে ফেটে পড়েন তিনি। সিদ্ধান্ত নেন অভিনব প্রতিবাদের—নিজের সৎকারের দাবিতে শ্মশানে যাওয়ার।
কীভাবে মৃত দেখানো হল? প্রশ্ন তৃণমূল নেতার(Dankuni)
মঙ্গলবার সকালে নিজেই হেঁটে কালীপুর শ্মশানে পৌঁছন সূর্য দে। তাঁর সঙ্গে ছিলেন দলের কর্মী-সমর্থকেরা। কেন শ্মশানে এসেছেন, সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সূর্য বলেন, “নির্বাচন কমিশন যখন আমাকে মৃত বলে দিয়েছে, তখন আমার সৎকারও করে দিক! তাই শ্মশানে এসেছি।” তাঁর এই অভিনব প্রতিবাদ ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

সূর্য দে দাবি করেন, কয়েক দিন আগেই প্রকাশিত বুথভিত্তিক মৃত ও স্থানান্তরিতদের তালিকা তিনি আগে দেখেননি। মঙ্গলবার খসড়া ভোটার তালিকায় নিজের নাম খুঁজতে গিয়েই তিনি বিষয়টি জানতে পারেন। তাঁর অভিযোগ, তিনি নিয়ম মেনে এনুমারেশন ফর্ম পূরণ করে তা বুথ স্তরের আধিকারিকের (বিএলও) কাছেও জমা দিয়েছেন। তা সত্ত্বেও তাঁকে কীভাবে মৃত দেখানো হল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।
আরও পড়ুন: Weather Forecast: পশ্চিমবঙ্গে শীতের ঢেউ হালকা, দিনের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি!
চক্রান্তের দাবি তৃণমূল কাউন্সিলরের(Dankuni)
একই সঙ্গে বিষয়টির পিছনে ‘চক্রান্ত’ রয়েছে বলেও দাবি করেছেন তৃণমূল কাউন্সিলর। তাঁর বক্তব্য, “আমি একজন নির্বাচিত জনপ্রতিনিধি। আমাকে যদি এভাবে মৃত দেখানো হয়, তাহলে লক্ষ লক্ষ সাধারণ মানুষকে খুব সহজেই ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হতে পারে।” এই ঘটনার জন্য মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে দায়ী করেছেন সূর্য দে। তাঁর আবেদন, নির্বাচন কমিশনের আধিকারিকেরা যেন শ্মশানে এসে তাঁকে যেন চুল্লিতে ঢুকিয়েই দেন!
আরও পড়ুন: যুবভারতী-কাণ্ডে রাজ্য পুলিশের ডিজিকে শোকজ, অনীশ সরকারের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ
প্রশ্নের মুখে কমিশনের খসড়া তালিকা!
উল্লেখ্য, এখনও পর্যন্ত নির্বাচন কমিশনের ওয়েবসাইটে পশ্চিমবঙ্গের ভোটারদের খসড়া তালিকা প্রকাশ হয়নি। তবে বিডিও অফিসগুলিতে খসড়া তালিকা পৌঁছে গিয়েছে এবং সেখান থেকেই বুথ স্তরের আধিকারিক ও রাজনৈতিক দলের বুথ লেভেল এজেন্টদের হাতে সেই তালিকা দেওয়া হচ্ছে। এই ঘটনার পর ভোটার তালিকার স্বচ্ছতা ও সঠিকতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।


