Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: বড়দিন ঘিরে যখন উৎসবের আমেজ, ঠিক তখনই যুক্তরাষ্ট্র, কানাডা ও যুক্তরাজ্যে উদ্বেগ বাড়াচ্ছে ইনফ্লুয়েঞ্জা এ (H3N2)-র এক নতুন রূপ(Influenza)। এই ভ্যারিয়েন্টটির নাম ‘সাবক্লেড কে’, যা অনেকেই ডাকছেন ‘সুপার ফ্লু’। চলতি বছরই প্রথম এই ভ্যারিয়েন্টের আবির্ভাব, দ্রুত ছড়িয়ে পড়ায় স্বাস্থ্য বিশেষজ্ঞদের কপালে চিন্তার ভাঁজ।
ভোগাচ্ছে মরসুমি সংক্রমণ (Influenza)
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) জানাচ্ছে, এটি একটি মরসুমি শ্বাসযন্ত্রের সংক্রমণ। উপসর্গের মধ্যে রয়েছে জ্বর, কাশি, গলা ব্যথা, নাক বন্ধ বা সর্দি, শরীর ব্যথা, মাথাব্যথা, দুর্বলতা ইত্যাদি। ইউনিভার্সিটি অব রিডিং-এর অধ্যাপক ড. সাইমন ক্লার্ক জানিয়েছেন, H ও N মানে হেমাগ্লুটিনিন ও নিউরামিনিডেজ—ভাইরাসের পৃষ্ঠে থাকা দুটি প্রোটিন। সংখ্যাগুলো শুধু তাদের ধরন বোঝায়। এ বছর H3N2-ই সবচেয়ে বেশি ছড়াচ্ছে।
বিভ্রান্তিকর ‘সুপার ফ্লু’? (Influenza)
বিশেষজ্ঞরা বলছেন, এই ভাইরাসটি আগের তুলনায় দ্রুত সংক্রমণ ঘটাচ্ছে এবং টিকা বা পূর্বের সংক্রমণ থেকে পাওয়া রোগপ্রতিরোধ ক্ষমতাকে ফাঁকি দিতে পারছে। ইয়েল স্কুল অব মেডিসিনের ড. স্কট রবার্টসের আশঙ্কা, টানা দু’টি কঠিন ফ্লু মরসুম দেখা যেতে পারে। তবে কেউ কেউ ‘সুপার ফ্লু’ নামটিকে বিভ্রান্তিকর বলেও মন্তব্য করেছেন।
শিশু-বয়স্ক-গর্ভবতীদের আশঙ্কা বেশি (Influenza)
শিশু (বিশেষ করে পাঁচ বছরের কম), বয়স্ক, গর্ভবতী নারী ও যাঁদের ডায়াবেটিস, হাঁপানি বা হৃদরোগ আছে, তাঁদের ঝুঁকি বেশি। শ্বাসকষ্ট, বুকব্যথা, বিভ্রান্তি বা দীর্ঘস্থায়ী জ্বর হলে দ্রুত চিকিৎসা জরুরি। প্রতিরোধে NHS পরামর্শ দিয়েছে বিশ্রাম, পর্যাপ্ত ঘুম, পর্যাপ্ত জল পান, জ্বর কমাতে প্যারাসিটামল বা আইবুপ্রোফেন, অসুস্থ অবস্থায় বাড়িতে থাকা। হাত ধোয়া, ভিড় এড়িয়ে চলা ও টিকা নেওয়াই এখনও সবচেয়ে কার্যকর উপায়।

পরিস্থিতি নজরে রাখা জরুরি (Influenza)
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ফ্লু সংক্রমণ কয়েকগুণ বেড়েছে। যুক্তরাজ্য ও কানাডাতেও হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বাড়ছে। বিশেষজ্ঞদের মতে, পরিস্থিতি নজরে রাখা জরুরি, কারণ এখনো বলা যাচ্ছে না—এই ফ্লু ঢেউ চূড়ায় পৌঁছেছে কি না।



