Last Updated on [modified_date_only] by Suparna Ghosh
কে টিভি বাংলা ডিজিটাল: রবিবাসরীয় শীতের সকালে ছুটল গোটা শহর। সৌজন্যে ওয়ার্ল্ড 25K কলকাতা ম্যারাথন(Kolkata Marathon)। বিশ্ব অ্যাথলেটিক্সের গোল্ড লেবেল ছাড়পত্র পাওয়া বিশ্বের প্রথম 25K ম্যারাথন এবার ১০ বছরে পড়ল। দেশ-বিদেশের লং রানার থেকে পেশাদার রানার, সাধারণ মানুষ, এমনকী বিশেষভাবে সক্ষমরাও অংশ নিলেন ম্যারাথনে। আট থেকে আশি সবমিলিয়ে প্রায় ২২ হাজার মানুষ ছুটলেন শীতের সকালে। প্রতিবছরের মতো এবছরও কলকাতার রেড রোড থেকে শুরু হয় প্রতিযোগিতা। অলিম্পিক্সে পদকজয়ী তারকা স্প্রিন্টার কেনি বেডনারেক এবারের ম্যারাথনের ইন্টারন্যাশনাল অ্যাম্বাসডর। ম্যারাথনের অন্যতম মুখ প্রাক্তন ভারতীয় ফুটবলার বাইচুং ভুটিয়াও ছিলেন রেড রোডে।
উৎসবের আমেজ রেড রোডে(Kolkata Marathon)
রবিবার সকালে কলকাতা ম্যারাথনে(Kolkata Marathon) রেড রোডে হাজির ছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, সিপি মনোজ ভার্মা, মন্ত্রী সুজিত বোস, মেয়র পরিষদ দেবাশিস কুমার, প্রাক্তন অ্যাথলিট জ্যোতির্ময়ী সিকদার, অভিনেত্রী শ্রাবন্তী সহ সেনাবাহিনী ও পুলিশ আধিকারিকরা। বিজয় দিবস ট্রফিতে দৌড়ালেন সেনা ও সেনা কর্মীদের পরিবার এবং পুলিশ কাপে দৌড়ালেন এডিজি এসটিএফ বিনীত গোয়েল সহ পুলিশ কর্মীরা। পাশাপাশি, ১০ কিমি দৌড়, বিশেষ ভাবে সক্ষম এবং সিনিয়র সিটিজেনদের দৌড়ের পাশাপাশি পাঁচ কিলোমিটার আনন্দ রানেও অংশ নেন কয়েক হাজার মানুষ। সব মিলিয়ে রেড রোডে যেন শীতের সকালে উৎসবের আমেজ।

ইন্টারন্যাশনাল বিভাগে চ্যাম্পিয়ন কারা?(Kolkata Marathon)
25K এলিট রানে ১.১১.৪৯ সময় করে পুরুষ ইন্টারন্যাশনালে চ্যাম্পিয়ন হলেন উগান্ডার জসুয়া চেপতেজেই। ১.১৯.৩৬ সময় করে মহিলাদের মধ্যে চ্যাম্পিয়ন হলেন ইথিওপিয়ার রানার ডেজিতু অ্যাজিমেরাও। ২০১৭ সালেও চ্যাম্পিয়ন হয়েছিলেন তিনি।

আরও পড়ুন: TMC: প্রধানমন্ত্রীর সভার বিজ্ঞাপনে বানান ভুল, বিজেপিকে নিশানা তৃণমূলের
ভারতীয় বিভাগে ইভেন্ট রেকর্ড(Kolkata Marathon)
ভারতীয় পুরুষদের মধ্যে ১.১২.০৬ সময় করে ইভেন্ট রেকর্ড গড়ে সোনা জিতলেন গতবারের চ্যাম্পিয়ন গুলভীর সিং। গত বছর নিজের ১.১৪.১০ রেকর্ড এবার নিজেই ভাঙলেন। পুরুষদের মধ্যে পঞ্চম স্থানে শেষ করলেন তিনি। ভারতীয় মহিলাদের মধ্যে ১.২৬.০৪ সময় করে সোনা জিতলেন সীমা। তিনিও গড়লেন ইভেন্ট রেকর্ড। ২০১৭ সালে ভারতীয় মহিলা রানার সুরিয়া এল-এর 25K এলিটে গড়া ১.২৬.৫৩ সময়ের রেকর্ড এদিন ভেঙে দিলেন সীমা। ইভেন্ট রেকর্ড গড়তে পরে খুশি গুলভীর, সীমা-দু’জনেই। তবে এবারের ম্যারাথনের রুটে একাধিক বাঁক না থাকলে আরও ভালো সময় করতে পারতেন বলেই মত দু’জনেই। তবে এই ফলাফল আগামী বছর কমনওয়েলথ ও এশিয়ান গেমসে আরও ভালো পারফর্ম করতে সাহায্য করবে বলেই জানালেন দু’জনে।


