Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: পশ্চিমবঙ্গে এসআইআর-এর শুনানিতে ২০১০ সালের পর ইস্যু হওয়া ওবিসি শংসাপত্র(OBC Certificate) ব্যবহার করা যাবে কিনা, সেই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে নির্বাচন কমিশনকেই(SIR HC)। এই নিয়ে কী সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, তা কারণ সহ আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে মামলাকারীদের জানিয়ে দিতে হবে কমিশনকে। বুধবার এমনই নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা রাও।
ওবিসি সার্টিফিকেট বাতিল করার নির্দেশ (SIR HC)
গতবছরের ২২ মে কলকাতা হাইকোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছিল, ২০১০ সালের পর রাজ্যে ইস্যু হওয়া সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করতে হবে। সেই সঙ্গে হাইকোর্ট নির্দেশ দিয়েছিল, সামাজিক, আর্থিক এবং পেশাগত ভাবে সব জনগোষ্ঠীর মধ্যে নতুন করে সমীক্ষা করতে হবে। তারপর নতুন করে ওবিসি তালিকা প্রস্তুত করতে হবে। সেই মতো রাজ্য একটি সমীক্ষা করে ওবিসি নিয়ে বিজ্ঞপ্তিও জারি করে। তা নিয়েও পরে মামলা হয় হাইকোর্টে। সুপ্রিম কোর্টেও গড়ায় সেই মামলা। তবে রাজ্যের নতুন করে ওবিসি বিজ্ঞপ্তির উপর কোনও স্থগিতাদেশ দেয়নি সুপ্রিম কোর্ট।
নথি যাচাই নিয়ে ধন্দ (SIR HC)
রাজ্যে এসআইআর-এর খসড়া ভোটার তালিকা তৈরি হবার পর খুব শীঘ্রই শুরু হবে নথি যাচাই এবং শুনানি। সেখানে প্রামাণ্য নথি হিসেবে কমিশন যে ১৩টি নথির কথা বলেছে, তার মধ্যে রয়েছে তপশিলি জাতি, জনজাতি এবং ওবিসি শংসাপত্র। কিন্তু গত বছর কলকাতা হাইকোর্ট 2010 সালের পরই রাজ্যে ইস্যু হওয়া সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করার নির্দেশ দেয় এবং সেই সঙ্গে আদালত জানিয়ে দিয়েছিল ভবিষ্যতে, ২০১০ সালের পর রাজ্যে ইস্যু হওয়া ওবিসি সার্টিফিকেট আর কোথাও ব্যবহার করা যাবে না।
চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে কমিশনকেই (SIR HC)
হাইকোর্টের নির্দেশ মত রাজ্যের এসআইআর-এও যেন বাতিল হওয়া ওবিসি সার্টিফিকেট ব্যবহার করা না হয়, সেই আর্জি জানিয়েই কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছিল মামলা। সেই মামলাতেই বুধবার এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে কমিশনকেই নির্দেশ দিল আদালত। এবং তার ডেডলাইনও বেঁধে দিয়েছে হাইকোর্ট। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে এই বিষয়ে কমিশনকে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে মামলাকারীদের তা কারণ সহ জানিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি কৃষ্ণা রাও।



